17/08/2026
৬ মাসে বিএনপি সরকারের শীর্ষ ৬ ব্যর্থতা ও আমাদের প্রস্তাবনা
বিসমিল্লাহির রহমানির রহিম।
সম্মানিত সাংবাদিকবৃন্দ, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম।
আজ বিএনপি নেতৃত্বাধীন সরকারের ছয় মাস বয়স পূর্ণ হয়েছে। এই ছয় মাসে সরকারের কর্মকাণ্ডের একটি রাজনৈতিক ও জনস্বার্থভিত্তিক মূল্যায়ন জাতির সামনে তুলে ধরার জন্য জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি—জেডিপি—আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। জেডিপির আহবায়ক হিসাবে আমি নাঈম আহমাদ আপনাদের সামনে আমাদের পর্যালোচনা তুলে ধরছি।
আমরা মনে করি, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধিতা মানেই সরকারের প্রতিটি পদক্ষেপের বিরোধিতা নয়। জনগণের স্বার্থে সরকার ভালো কিছু করলে তার প্রশংসা করা এবং ভুল করলে তার সমালোচনা করা—দুটিই দায়িত্বশীল রাজনীতির অংশ।
তাই সমালোচনায় যাওয়ার আগে আমরা সরকারের কয়েকটি ইতিবাচক উদ্যোগের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই।
নিষিদ্ধ নয়—এমন রাজনৈতিক দল ও ব্যক্তির মতপ্রকাশের সুযোগ অব্যাহত রাখা, আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের পথ প্রশস্ত না করা, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক বন্দী প্রত্যর্পণ চিঠি প্রদান, সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লটের সুবিধা বাতিলের উদ্যোগ, ব্যক্তিগত সফরে সরকারি সুবিধা গ্রহণ করলে তার ব্যয় নিজেকে বহন করার নির্দেশনা, সরকারি কর্মচারীদের সকাল ৯টার মধ্যে কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করার উদ্যোগ—এ ধরনের কিছু পদক্ষেপ আমরা ইতিবাচক হিসেবে বিবেচনা করি।
কিন্তু এসবের পাশাপাশি জনগণ দেখতে চায়—রাষ্ট্র সংস্কার কতটা এগিয়েছে, অর্থনীতি কতটা স্থিতিশীল হয়েছে, তরুণদের কর্মসংস্থান কতটা বেড়েছে, আইনশৃঙ্খলা কতটা উন্নত হয়েছে এবং জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা কতটা বাস্তবায়িত হয়েছে।
এই জায়গাগুলোতেই আমরা বড় ধরনের ঘাটতি দেখতে পাচ্ছি। আমাদের দৃষ্টিতে বিএনপি সরকারের ছয় মাসের শীর্ষ ছয় ব্যর্থতা হলো—
১। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যর্থতা
জুলাইয়ের অনেক আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়িত হয়নি। বিশেষত, সংসদ অধিবেশন বসার ১৮০ দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হয়নি। একই সঙ্গে উচ্চকক্ষ গঠন নিয়েও অস্পষ্টতা তৈরি হয়েছে।
প্রস্তাব: অবশিষ্ট প্রায় এক মাসের মধ্যে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে এবং উচ্চকক্ষ গঠনের উদ্যোগ নিতে হবে।
২। ক্যাম্পাসে সন্ত্রাসের রাজনীতি ফিরিয়ে আনা
ক্যাম্পাসে আবারও সন্ত্রাসের রাজনীতি ফিরে এসেছে। ২০২৪ সালের ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাস থেকে ছাত্রলীগ বিতাড়িত হয়। এরপর ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ছাত্রদল কুয়েটে হামলা চালিয়ে ক্যাম্পাসে সন্ত্রাসের রাজনীতির পুনঃপ্রবর্তন করে। সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ অন্তত চারটি ক্যাম্পাসে শিবির ও ছাত্রদলের যৌথ উদ্যোগে ক্যাম্পাসে পূর্ণাঙ্গরূপে সন্ত্রাসের রাজনীতি ফিরে এসেছে।
প্রস্তাব: ছাত্রদল ও ছাত্রশিবিরের যেসব নেতাকর্মী সংঘাতে জড়িত ছিল, তাদের বিচারের আওতায় আনতে হবে। ছাত্ররাজনীতিকে ছাত্র সংসদকেন্দ্রিক করতে হবে এবং উপাচার্য নিয়োগে গণতান্ত্রিক ও স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
৩। মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে সংসদে আলোচনা না করা
মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে সংসদে যথাযথ আলোচনা করা হয়নি। কথিত আছে, পতিত হাসিনা সরকার অন্তত ৮৭টি গোপন চুক্তি করেছিল, যার মধ্যে অনেকগুলো ছিল ভারতের সঙ্গে। অন্তর্বর্তীকালীন সরকার বেশ কিছু চুক্তি বাতিলের ঘোষণাও দিয়েছিল। জনগণ এর ধারাবাহিকতা দেখতে চায়। অর্থাৎ মার্কিন বাণিজ্য চুক্তির ক্ষেত্রে হাসিনা আমলের মতো লোকচক্ষুর আড়ালে কোনো সিদ্ধান্ত নেওয়া কাম্য নয়। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে পাশ হওয়া এই চুক্তির বিষয়ে বর্তমান নির্বাচিত সংসদে আলোচনা হওয়া অতীব জরুরী।
প্রস্তাব: সংবিধানের ১৪৫ক অনুচ্ছেদ অনুসারে সকল আন্তর্জাতিক চুক্তি সংসদে উপস্থাপন ও আলোচনা করতে হবে।
৪। অর্থনীতির ভঙ্গুর দশা থেকে উত্তরণে ব্যর্থতা
অর্থনীতির ভঙ্গুর দশা থেকে দেশকে উদ্ধার করতে সরকার যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। উল্টো দলীয় নেতা ও অনভিজ্ঞ ব্যক্তিকে, এমনকি একজন ব্যবসায়ীকে বাংলাদেশ ব্যাংকের মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল প্রতিষ্ঠানের দায়িত্বে বসানো হয়েছে।
দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংককে সরকারি দল ও বিরোধী দলের রাজনৈতিক ভাগ-বাঁটোয়ারার বিষয় বানানো হয়েছে।
দেশের ব্যাংক খাতের প্রায় ৩৫ শতাংশ অর্থ হাওয়া হয়ে গেছে। খেলাপি ঋণের পরিমাণও অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে প্রায় ৩৫ শতাংশ বলে উল্লেখ করা হয়েছিল। কিন্তু সেই অবস্থা থেকে উত্তরণেরও কোনো দৃশ্যমান লক্ষণ নেই।
দেশ-বিদেশে পাচারকৃত সম্পদ ফিরিয়ে আনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার একটি বিশেষ টাস্কফোর্স গঠন করেছিল। সফলভাবে কাজ সম্পাদনের জন্য বিদেশি বিশেষজ্ঞও নিয়োগ করা হয়েছিল। কিন্তু নতুন সরকারের আমলে এই টাস্কফোর্সের কাজের অগ্রগতি সম্পর্কে আর কোনো স্পষ্ট তথ্য পাওয়া যাচ্ছে না।
প্রস্তাব: সকল আর্থিক প্রতিষ্ঠানকে দলীয়করণের বাইরে রেখে যথাযথ পেশাদারদের মাধ্যমে পরিচালনা করতে হবে। ব্যাংকিং খাতের অস্থিরতা বন্ধে কার্যকর উদ্যোগ নিতে হবে। বিদেশে পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে সহজ শর্তে দরিদ্র ও ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ দিতে হবে। প্রয়োজনে এ জন্য পৃথক আইন প্রণয়ন করতে হবে।
৫। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতা
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থ হয়েছে। দেশে গ্যাস, তেল ও বিদ্যুতের তীব্র সংকট দেখা দিয়েছে।
প্রস্তাব: নবায়নযোগ্য জ্বালানি ও সোলার প্যানেলের ব্যবহার বাড়াতে জনগণকে উৎসাহিত করতে হবে। এ জন্য সরকারি প্রণোদনার ব্যবস্থা করতে হবে।
আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে ন্যূনতম ৯০ দিনের তেল সংরক্ষণের সক্ষমতা নিশ্চিত করতে হবে।
দেশীয় গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে ব্যাপক বিনিয়োগ করতে হবে। কয়লা উত্তোলনের জন্যও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।
জ্বালানি খাত কোনো সিন্ডিকেট কিংবা কর্পোরেট গোষ্ঠীর হাতে তুলে দেওয়া যাবে না।
৬। বেকারত্ব দূরীকরণে ব্যর্থতা
বেকারত্ব দূরীকরণে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। নির্বাচনী ইশতেহারে বিএনপি বেকার ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছিল। সরকার এখনো তা বাস্তবায়ন করতে পারেনি।
এছাড়া সরকার গঠন করলে এক বছরের মধ্যে দেড় কোটি বেকার তরুণ-তরুণীর কর্মসংস্থানের ব্যবস্থা করার ঘোষণা দিয়েছিলেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সে হিসাবে ছয় মাসে প্রায় ৭৫ লাখ বেকারের কর্মসংস্থান হওয়ার কথা। সরকার সেই প্রতিশ্রুতিও বাস্তবায়ন করতে পারেনি।
শিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থানমুখী করার ক্ষেত্রেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যক্রম আধুনিকায়নের উদ্যোগ নেই। বাজেটেও বেকারত্ব দূরীকরণের কোনো সুস্পষ্ট রূপরেখা নেই।
প্রস্তাব: উন্নত বিশ্বের আদলে ‘কো-অপারেটিভ এডুকেশন’ চালু করতে হবে। দক্ষ জনশক্তি বিদেশে পাঠানোর লক্ষ্যে বিদেশি দূতাবাসগুলোর তত্ত্বাবধানে কারিগরি প্রশিক্ষণ ও ভাষাশিক্ষার উদ্যোগ নিতে হবে। নতুন নতুন শিল্প গড়ে তুলতে হবে। শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হবে। শিক্ষিত বেকারদের কৃষিকাজে যুক্ত করার উদ্যোগ নিতে হবে এবং কৃষিতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।
এছাড়াও জুলাই গণহত্যার বিচার তরান্বিত না করা, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে একের পর এক খুন ও জখমের ঘটনা, আইনশৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নতি না হওয়া, মাজারে হামলা, নারী শিশুদের ওপর নিপীড়ন বন্ধ করতে না পারা, অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা প্রণয়নে ফ্যাসিবাদী মনোভাব এবং ৩২ বছরের পুরোনো নিয়মে ফিরে যাওয়াসহ সরকারের বিভিন্ন ব্যর্থতার দিক রয়েছে।
আমরা আশা করছি, সরকার এসব ব্যর্থতা দূরীকরণে দ্রুত উদ্যোগ গ্রহণ করবে এবং বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন রাষ্ট্রে পরিণত করার যথাযথ উদ্যোগ গ্রহণ করবে।
উপস্থিত সাংবাদিক ভাইদের ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।