29/05/2026
সন্দ্বীপ উপজেলার সন্তোষপুর ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ৮৩ পরিবারের মাঝে কোরবানির গোশত বিতরণ
সন্তোষপুর ইউনিয়নে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দুই দফায় মোট ৮৩টি পরিবারের মাঝে কোরবানির গোশত বিতরণ করা হয়েছে।
আয়োজক সূত্রে জানা যায়, কর্মসূচির প্রথম ধাপে ঈদের দিন বিকালে ইউনিয়নের ১ ও ৬ নম্বর ওয়ার্ডের ৩০টি পরিবারের মাঝে কোরবানির গোশত বিতরণ করা হয়। পরদিন দ্বিতীয় ধাপে ২, ৩, ৪, ৫, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের আরও ৫৩টি পরিবারের মাঝে গোশত বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময় ও গোশত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী, চট্টগ্রাম উত্তর জেলার আমীর আলাউদ্দিন সিকদার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ঈদুল আজহার মূল শিক্ষা হলো ত্যাগ, সহমর্মিতা ও মানবসেবা। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও ইসলামী দায়িত্ব। সকলের সহযোগিতায় একটি মানবিক, সুন্দর ও কল্যাণমুখী সন্তোষপুর গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন, এলাকার সার্বিক উন্নয়ন ও মানবিক কার্যক্রমে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পরে তিনি উপস্থিত সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
26/05/2026
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা আমীরের শুভেচ্ছা বাণী
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দিন সিকদার এক শুভেচ্ছা বার্তায় বলেন, পবিত্র ঈদুল আযহার শুভক্ষণে চট্টগ্রাম উত্তর জেলার সর্বস্তরের জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদুল আযহা আমাদের ত্যাগ, তাকওয়া, ভ্রাতৃত্ব ও মহান আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণের শিক্ষা দেয়। হযরত ইবরাহিম (আ.) ও হযরত ইসমাঈল (আ.)-এর অনন্য ত্যাগের স্মৃতি আমাদের ঈমানকে দৃঢ় করে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে অনুপ্রাণিত করে।
এই পবিত্র দিনে আমরা যেন হিংসা, বিদ্বেষ ও বিভেদ ভুলে পারস্পরিক সৌহার্দ্য, সহমর্মিতা ও মানবকল্যাণে আত্মনিয়োগ করতে পারি—এটাই হোক আমাদের অঙ্গীকার। সমাজের অসহায়, দরিদ্র ও বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত আনন্দ পূর্ণতা পায়।
মহান আল্লাহ তাআলা আমাদের কোরবানি কবুল করুন, দেশ ও জাতিকে শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণে ভরপুর করুন।
মহান আল্লাহ তায়ালা আমাদের কুরবানি কবুল করুন। দেশ ও জাতিকে সকল প্রকার প্রতিকূলতা থেকে হেফাজত করুন। আমীন।
সবাইকে আবারও পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা।
ঈদ মোবারক
আলা উদ্দীন সিকদার
আমীর
বাংলাদেশ জামায়াত ইসলামী
চট্টগ্রাম উত্তর জেলা
26/05/2026
গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে ১১ দলীয় ঐক্যের 'চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ'
🗓️ তারিখ: ১৩ জুন, ২০২৬ ইং, শনিবার।
⏰ সময়: বিকাল ৩টা
🧿 স্থান: ঐতিহাসিক লালদিঘী ময়দান
25/05/2026
ইসলামী ব্যাংকের উপর সরকারের অযাচিত হস্তক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ : মিয়া গোলাম পরওয়ার
গতকাল ২৪ মে দেশের বৃহত্তম ব্যাংক ‘ইসলামী ব্যাংক, বাংলাদেশ পিএলসির’ উপর সরকারের অযাচিত হস্তক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ২৫ মে এক বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, “আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি, সরকার একের পর এক হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করে দেশের ব্যাংক ব্যবস্থা তথা আর্থিক খাতকে ঝুঁকির মধ্যে ঠেলে দিচ্ছে।”
তিনি বলেন, “গতকাল ইসলামী ব্যাংকের এমডিকে পদত্যাগে বাধ্য করা হয়েছে। জনগণের আস্থায় যাতে ফাটল ধরে সে লক্ষ্যে চেয়ারম্যানকেও পদচ্যুত করা হয়েছে। এহেন পরিস্থিতিতে ব্যাংকের কোটি কোটি গ্রাহক এবং সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।”
মিয়া গোলাম পরওয়ার বলেন, “আমরা আরও উদ্বেগের সাথে লক্ষ্য করছি, ইসলামী ব্যাংকে যাকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, তিনি পালিয়ে যাওয়া আওয়ামী ফ্যাসিস্টদের চিহ্নিত দোসর। তার মতো একজন ব্যক্তিকে নিয়োগ দেওয়া খাল কেটে কুমির আনারই শামিল।
তিনি আরও বলেন, “ব্যাংকিং খাতের আড়াই লক্ষ কোটি টাকা লুটপাটকারীদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা না নিয়ে বরং তাদেরকে ধরা-ছোঁয়ার বাইরে রেখে লুণ্ঠনের পথ প্রশস্ত করার জন্যই ২৪-এর গণ-অভ্যুত্থানের পরে পদচ্যুত বাংলাদেশ ব্যাংকের একজন সাবেক ডেপুটি গভর্নরকে ইসলামী ব্যাংকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সরকার ও বাংলাদেশ ব্যাংকের এহেন পদক্ষেপের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং তার অপসারণ দাবি করছি।”
তিনি বলেন, “দেশের আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের অযোগ্য ও দলদাস গভর্নরকে অপসারণ, লুণ্ঠনকৃত অর্থ ফেরত আনা এবং কোনো একজন যোগ্য ও সৎ লোককে চেয়ারম্যান করে যোগ্য, মেধাবী, সৎ এবং ইসলামী ব্যাংকিংয়ে অভিজ্ঞতা সম্পন্ন লোকদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের বোর্ডকে পুনর্গঠন করতে হবে। অন্যথায় উদ্ভূত পরিস্থিতির দায় সরকারকেই বহন করতে হবে।”
24/05/2026
"আল্লাহ তাঁর দ্বীন কায়েম করার জন্য পুরুষ মহিলা আলাদা করে দেননি। সমাজ গঠনে পুরুষদের পাশাপাশি নারীদেরকেও সমানভাবে এগিয়ে আসতে হবে।"
মীরসরাই উপজেলা, বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে মাননীয় সংসদ সদস্য শামছুন্নাহার বেগম।
আজ ২৪ মে ২০২৬, মীরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে দেশ গঠনে ঐক্যের ডাক দেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামছুন্নাহার বেগম।
থানা সেক্রেটারি তানজিনা আক্তার লিপির সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সোমাইয়া আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই থানা অফিসার ইনচার্জ জনাব ফরিদা ইয়াছমিন।
প্রধান অতিথি জুলাই শহীদদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন তাদের রক্তের বিনিময়ে আজকে ইসলামপন্থি মানুষেরা বাংলাদেশে মুক্ত ভাবে চলাফেরা করছে, কথা বলছে- যে অধিকার বিগত ফ্যাসিস্ট সরকার কেড়ে নিয়েছিলো। তিনি আরও বলেন, ফ্যাসিবাদ পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আগ পর্যন্ত আমরা কৃষক শ্রমিক ছাত্র জনতা মিলেমিশে দেশকে আগলে রেখেছিলাম। আমরা স্বপ্ন দেখেছিলাম এ ধারাবাহিকতা বজায় থাকবে। কিন্তু দুঃখজনক হলেও আজকে কেউ কেউ জুলাই সনদ নিয়ে টালবাহানা করছে, জুলাই এর শহীদদের সাথে গাদ্দারি করছে যা মোটেও কাম্য নয়। আমাদেরকে দেশের জন্য এক হতে হবে। সন্তানদের চরিত্র গঠনে মা-দেরকে সজাগ থাকার অনুরোধ করেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মীরসরাই উপজেলা আমীর জনাব নুরুল কবির, সাবেক ছাত্রী সংস্থা নেত্রী বিলকিছ আরা আরজু এবং চট্টগ্রাম-১ আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট সাইফুর রহমান প্রমুখ।
23/05/2026
দেশের উন্নয়নে নারী শ্রমিকদের অবদান অনস্বীকার্য: শামসুন্নাহার বেগম এমপি
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী মহিলা বিভাগের উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা মহিলা বিভাগের সেক্রেটারী ও ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত এমপি শামসুন্নাহার বেগমকে এক সংবর্ধনা দেয়া হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী মহিলা বিভাগের সভানেত্রী রোকেয়া বেগম চৌধুরী।
নবনির্বাচিত এমপি শামসুন্নাহার বেগম বলেন, জাতীয় সংসদে নারী শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং কর্মজীবী নারীদের মর্যাদা প্রতিষ্ঠার বিষয়গুলো জোরালোভাবে তুলে ধরা হবে। তিনি বলেন, “দেশের উন্নয়নে নারী শ্রমিকদের অবদান অনস্বীকার্য। তাদের অধিকার নিশ্চিত করতে সংসদে কার্যকর ভূমিকা রাখবো ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, ইসলামী শ্রমনীতির বাস্তবায়নের মাধ্যমে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা সম্ভব।
সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারী ফরিদা খানম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর মহিলা বিভাগের সহ-সভানেত্রী আয়েশা পারভীন, মজলিসে শুরা সদস্য রাবিয়া বেগম,শ্রমিক নেত্রি রুবিনা আকতার শিমুল প্রমূখ।
@
20/05/2026
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আপডেট তথ্য পেতে যুক্ত থাকুন-
https://www.facebook.com/TheJamaatMediaWing
19/05/2026
ফটিকছড়ির সাবেক ছাত্র নেতা জনাব দিদারুল আলমকে দেখতে হাসপাতালে গেলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি জনাব আব্দুল জব্বার
জেলা সেক্রেটারি আজ মঙ্গলবার সন্ধ্যায় মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন জনাব দিদারুল আলমের শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন ও শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর আশু রোগমুক্তি কামনা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন IBWF চট্টগ্রাম উত্তর জেলা সহসভাপতি জনাব আব্দুর রহিম।
19/05/2026
অসুস্থ বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাসকে দেখতে মালয়েশিয়ার হাসপাতালে সেক্রেটারি জেনারেল
বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস (এমপি) মালয়েশিয়ার প্রিন্সকোর্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এবং সাক্ষাৎ করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার উক্ত হাসপাতালে যান।
সেক্রেটারি জেনারেল জনাব মির্জা আব্বাসের চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং মহান রবের দরবারে তাঁর দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করে দোয়া করেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন (এমপি)।
18/05/2026
মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে সিঙ্গাপুরের মান্যবর হাইকমিশনার মি. ডেরেক লোহ এর সৌজন্য সাক্ষাৎ
আজ ১৮ মে ২০২৬ (সোমবার) সকাল ৯:৩০টায়, বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের মান্যবর হাইকমিশনার (নন রেসিডেন্ট) মি. ডেরেক লোহ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান-এর সঙ্গে রাজধানীর বসুন্ধরাস্থ কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় হাইকমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মি. মাইকেল লি সাউথ এবং সাউথ এশিয়ার কান্ট্রি ডাইরেক্টর মি. তাই দায়ে আর্ন।
সাক্ষাৎকালে বৈঠকটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
আলোচনায় বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, শিল্প-বাণিজ্যের উন্নয়ন, জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী গণতন্ত্রের অগ্রগতি, গণভোট, এবং জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করা হয়।
মান্যবর হাইকমিশনার মি. ডেরেক লোহ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং গণতান্ত্রিক অগ্রযাত্রায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইতিবাচক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। একইসঙ্গে তিনি ভবিষ্যতে বাংলাদেশ ও সিঙ্গাপুরের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার, সহযোগিতা সম্প্রসারণ এবং উভয় দেশের উন্নয়ন উদ্যোগে নতুন সম্ভাবনা তৈরির আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাৎ শেষে উভয় পক্ষ বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রগতি, অর্থনৈতিক সমৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে একমত পোষণ করেন। এসময় মান্যবর হাইকমিশনার মাননীয় বিরোধীদলীয় নেতাকে সিঙ্গাপুর সফরের আমন্ত্রণ জানান।
আমীরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন মাননীয় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান, এমপি।