25/03/2026
"বাংলাদেশিদের জন্য সৌদি আরবের জরুরি সতর্কবার্তা"
আন্তর্জাতিক ডেস্ক, নিউজ চট্টগ্রাম।
প্রকাশ: ০০:১২, ২৬ মার্চ ২০২৬ ইং
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের জেরে গত ২৫ ফেব্রুয়ারি ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও যেসব বাংলাদেশি সৌদি আরব ত্যাগ করতে পারেননি, তাদেরকে আগামী ১৮ এপ্রিলের আগেই দেশটি ছাড়তে নির্দেশ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
বুধবার (২৫ মার্চ) রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সৌদি আরবে ভিজিট, ওমরাহ এবং ফাইনাল এক্সিট ভিসায় অবস্থানরত বাংলাদেশি ভাই ও বোনদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ২৫ ফেব্রুয়ারি যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও সৌদি আরব ত্যাগ করতে পারেননি, তাদেরকে ১৮ এপ্রিলের পূর্বে সৌদি আরব ত্যাগ করার জন্য সৌদি কর্তৃপক্ষ সুযোগ দিয়েছে।’
এতে আরও জানানো হয়, ১৮ এপ্রিলের পূর্বে যেকোনো দিন টিকিট নিয়ে সরাসরি এয়ারপোর্টে গেলেই সৌদি আরব ত্যাগ করা সম্ভব হবে। এই সময়ের মধ্যে কোনোরূপ ভিসার মেয়াদ বৃদ্ধি করা কিংবা জরিমানা ছাড়াই প্রবাসীরা সৌদি আরব ত্যাগ করতে পারবেন।
এমতাবস্থায় মেয়াদোত্তীর্ণ ভিজিট ভিসা, ওমরাহ ভিসা এবং ফাইনাল এক্সিট ভিসাধারীদের ১৮ এপ্রিলের পূর্বেই সৌদি আরব ত্যাগ করার জন্য অনুরোধ করা হল। নির্দিষ্ট সময়ের মধ্যে সৌদি আরব ত্যাগ না করলে পরবর্তীতে আইনি জটিলতা সৃষ্টি হতে পারে বলেও সতর্ক করেছে দূতাবাস।
07/03/2026
চট্টগ্রাম থেকে আরও ১২ ফ্লাইট বাতিল
ইরানে যুদ্ধ শুরুর পর এ নিয়ে ৮দিনে ৮০টি ফ্লাইট বাতিল হয়েছে।
নিউজ ডেস্ক, নিউজ চট্টগ্রাম।
প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ৭:২০পিএম
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়া ও আসার আরও ১২টি ফ্লাইটের যাত্রা বাতিল হয়েছে।
শনিবারের এগুলোসহ যুদ্ধ শুরুর পর থেকে গত আট দিনে ৮০টি ফ্লাইট বাতিল হয়েছে।
শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তিনটি, এয়ার আরাবিয়ার তিনটি, ইউএস বাংলা এয়ারলাইন্সের তিনটি এবং সালাম এয়ারের তিনটি ফ্লাইট বাতিল করা হয়।
চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহা এর বিমানবন্দরগুলো বন্ধ রয়েছে। তবে মাস্কাট ও জেদ্দাগামী ফ্লাইট চলাচল করছে।
শনিবার মাস্কাট থেকে চট্টগ্রামে এসে পৌঁছেছে সালাম এয়ারের একটি উড়োজাহাজ এবং চট্টগ্রাম থেকে একই এয়ারলাইন্সের আরেকটি মাস্কাটের উদ্দেশে ছেড়ে গেছে।
এছাড়া বিমান বাংলাদেশের একটি ফ্লাইট মাস্কাট থেকে এবং অপর একটি মদিনা থেকে শনিবার চট্টগ্রামে এসে পৌঁছেছে।
07/03/2026
হরমুজ প্রণালি পেরিয়ে চট্টগ্রাম বন্দরে ১৫ জাহাজ
প্রকাশ: শনিবার, ০৭ মার্চ, ২০২৬, ১৭:৪১পিএম
অনলাইন ডেস্ক, নিউজ চট্টগ্রাম।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর হামলার আগে হরমুজ প্রণালি পেরিয়ে আসা ১৫টি জাহাজ ইতোমধ্যে চট্টগ্রাম বন্দর-এ পৌঁছাতে শুরু করেছে। যুদ্ধ পরিস্থিতির কারণে প্রণালি বন্ধ ঘোষণার আগেই এসব জাহাজ বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছিল।
জাহাজগুলোর মধ্যে চারটিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), দুটিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং নয়টিতে সিমেন্টশিল্পের কাঁচামাল ক্লিংকার রয়েছে। সব মিলিয়ে প্রায় সাড়ে ৭ লাখ টন পণ্য পরিবহন করা হচ্ছে। ইতোমধ্যে ১২টি জাহাজ বন্দরে পৌঁছেছে, বাকি তিনটি এই সপ্তাহে পৌঁছানোর কথা রয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, ফলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে ঝুঁকি তৈরি হয়। হরমুজ প্রণালি দিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে জ্বালানি ও পণ্য আনা হয়, যা দেশের আমদানি-নির্ভর অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ।
চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী, কাতার থেকে আসা দুটি এলএনজি জাহাজ ইতোমধ্যে বন্দরে পৌঁছেছে। আর এলপিজি ও কাঁচামালবাহী আরও কয়েকটি জাহাজ পথে রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, পরিস্থিতি স্বাভাবিক থাকলে পণ্য সরবরাহে বড় কোনো সংকট হবে না।
02/03/2026
শাহ আমানত বিমানবন্দর থেকে আজ ৫ ফ্লাইট বাতিল ঘোষণা
নিউজ ডেস্ক, নিউজ চট্টগ্রাম
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ১০:৩৫ এএম
মধ্যপ্রাচ্যে দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড বন্ধ থাকায় সোমবার সকালে চট্টগ্রামের হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী দুটি ডিপার্চার ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে।
এছাড়া মধ্যপ্রাচ্যগামী ইউএস-বাংলা এয়ারলাইনসের ১টি ডিপার্চার ফ্লাইট ও ১টি অ্যারাইভাল ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্যগামী ১টি ডিপার্চার ফ্লাইটও বাতিলের তালিকায় রয়েছে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে ৫টি ফ্লাইট বাতিল ঘোষণার এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যেহেতু মধ্যপ্রাচ্যে দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড অদ্যাবধি বন্ধ রয়েছে সেহেতু আজ সকালে চট্টগ্রামের হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী দুটি ডিপার্চার ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে।
মধ্যপ্রাচ্যগামী ইউএস-বাংলা এয়ারলাইনসের ১টি ডিপার্চার ফ্লাইট ও ১টি অ্যারাইভাল ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্যগামী ১টি ডিপার্চার ফ্লাইট বাতিল করা হয়েছে।
অন্যদিকে, মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ফ্লাইট ওভি–৪০১ (OV-401) হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ সকাল ৮টা ১৫ মিনিটে অবতরণ করে পুনরায় যাত্রী দিয়ে ওভি–৪০২ (OV-402) ফ্লাইট যোগে মাস্কাটের উদ্দেশে ৯টা ৩০ মিনিটে বিমানবন্দর ছেড়ে যায়।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থার মধ্যে আজ সকাল পর্যন্ত হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সর্বমোট ২৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
01/03/2026
সংযুক্ত আরব আমিরাতে ইরানের হামলায় ১ বাংলাদেশি নিহত
অনলাইন ডেস্ক, নিউজ চট্টগ্রাম।
১মার্চ২০২৬, ১১:২০পিএম।
সংযুক্ত আরব আমিরাতে ইরানের হামলায় এক বাংলাদেশিসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫৮ জন। আহত ব্যক্তিদের মধ্যে বাংলাদেশিও রয়েছেন। আজ রোববার এক বিবৃতিতে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
নিহত বাংলাদেশির নাম সালেহ আহমেদ বলে জানিয়েছেন তাঁর ঘনিষ্ঠ আরেক প্রবাসী বাংলাদেশি। তিনি বলেন, সালেহ আহমেদ আজমান এলাকায় নিহত হন। তিনি পানি সরবরাহের কাজ করতেন।
সালেহ আহমেদের পুরোনো বাড়ি সিলেটের বিয়ানীবাজারে। পরে তিনি মৌলভীবাজারের বড়লেখার গাজীটেকায় বাড়ি করেন। সালেহ আহমদ স্ত্রী এবং তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গতকাল শনিবার সকালে ইরানে হামলা শুরু করে। এ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ দেশটির বেশ কয়েকজন শীর্ষস্থানীয় সামরিক ও বেসামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। হামলার জবাবে ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে ইরান।
আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এখন পর্যন্ত ইরানের ছোড়া ১৬৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ২টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ৫৪১টি ড্রোন প্রতিহত করেছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরানি হামলার দ্বিতীয় দিনে আমিরাতের বিমানবাহিনী ও আকাশ প্রতিরক্ষা বাহিনী ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে, যার মধ্যে ৮টি সাগরে পড়েছে। এ ছাড়া তারা ২টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ৩১১টি ড্রোন ধ্বংস করেছে। তবে ২১টি ড্রোন বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।
বিবৃতিতে বলা হয়, শনিবার ইরানের হামলা শুরু হওয়ার পর থেকে আমিরাতের দিকে ধেয়ে আসা ১৬৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়। এর মধ্যে ১৫২টি ধ্বংস করা হয়েছে আর ১৩টি সাগরে পড়েছে। এ ছাড়া দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র শনাক্তের পর ধ্বংস করা হয়েছে। পাশাপাশি ৫৪১টি ইরানি ড্রোন শনাক্ত করা হয়েছে, যার মধ্যে ৫০৬টি ভূপাতিত করা হয়েছে। তবে ৩৫টি ড্রোন আমিরাতের ভূখণ্ডের ভেতরে বিধ্বস্ত হয়ে জানমালের ক্ষয়ক্ষতি করেছে।
আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এসব হামলায় পাকিস্তান, নেপাল ও বাংলাদেশের তিন নাগরিকের মৃত্যু হয়েছে। এ ছাড়া আমিরাত, মিসর, ইথিওপিয়া, ফিলিপাইন, পাকিস্তান, ইরান, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আজারবাইজান, ইয়েমেন, উগান্ডা, ইরিত্রিয়া, লেবানন ও আফগানিস্তানের ৫৮ জন নাগরিক সামান্য আহত হয়েছেন।
মন্ত্রণালয় আরও বলেছে, আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার সময় দেশের বিভিন্ন স্থানে ধ্বংসাবশেষ পড়ে বেশ কিছু বেসামরিক স্থাপনার হালকা থেকে মাঝারি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, তারা যেকোনো হুমকি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত এবং নাগরিক, বাসিন্দা ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
01/03/2026
কুয়েতে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
অনলাইন ডেস্ক, নিউজ চট্টগ্রাম।
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ১১:০১ পিএম
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উত্তেজনার মধ্যে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।
শনিবার বিমানবন্দরে ইরানের ড্রোন হামলায় এই চার প্রবাসী কর্মী আহত হন। তাঁরা প্রত্যেকেই ওই বিমানবন্দরে কর্মরত ছিলেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, হামলার সময় বিস্ফোরণে একজনের হাঁটুতে গুরুতর আঘাত লাগে। অন্য তিনজন কাঁচ ভেঙে জখম হন।
আহতরা হলেন—ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের দৌলতপুর গ্রামের আমিনুল ইসলাম, পাবনা জেলার সাঁথিয়ার ভুলবাড়িয়া গ্রামের রকিবুল ইসলাম, নোয়াখালীর বেগমগঞ্জের লতিফপুর গ্রামের মাসুদুর রহমান এবং কুমিল্লা জেলার হোমনার পাথালিয়াকান্দি গ্রামের দুলাল মিয়া।
আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তাঁরা চিকিৎসকের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন।
01/03/2026
অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির মর্যাদা পাচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস
নিউজ চট্টগ্রাম।
প্রকাশ: ১মার্চ ২০২৬, ১০:৫০পিএম।
বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে তার দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করেছে সরকার। এর ফলে দায়িত্ব পরবর্তী সময়েও তিনি বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন।
গত ১০ ফেব্রুয়ারি সরকারি গেজেট বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১-এর ধারা ২(ক) অনুযায়ী তাকে এই মর্যাদা প্রদান করা হয়েছে।
দায়িত্ব ছাড়ার পর প্রধান উপদেষ্টাকে ভিভিআইপি মর্যাদা দেওয়ার বিষয়টি বাংলাদেশে নতুন নয়। এর আগেও ২০০৬ সালের ২৯ অক্টোবর একটি গেজেটের মাধ্যমে তৎকালীন প্রধান উপদেষ্টাকে একই ধরনের মর্যাদা প্রদান করা হয়েছিল।
২০০৬ সালের সেই প্রজ্ঞাপনে ‘স্পেশাল সিকিউরিটি ফোর্স অর্ডিন্যান্স, ১৯৮৬’ এর আওতায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টাকে দায়িত্ব ছাড়ার পর বাংলাদেশে অবস্থানকালীন সর্বোচ্চ তিন মাসের জন্য ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করার বিধান রাখা হয়েছিল। সে সময় মো. মোস্তাফিজুর রহমানের স্বাক্ষরিত ঐ প্রজ্ঞাপনে ২০০২ সালের একটি আগের প্রজ্ঞাপন বাতিল করার কথাও উল্লেখ ছিল।
২০০৬ সালের প্রজ্ঞাপনে এই নিরাপত্তা ও মর্যাদা তিন মাসের জন্য কার্যকর থাকলেও, ২০২৬ সালের নতুন প্রজ্ঞাপনে ড. মুহাম্মদ ইউনূসের ক্ষেত্রে এই সময়সীমা এক বছর নির্ধারণ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে সচিব মো. সাইফুল্লাহ পান্না স্বাক্ষরিত এই নতুন আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
28/02/2026
মধ্যপ্রাচ্য প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি যোগাযোগ নম্বর
নিউজ চট্টগ্রাম
আরব আমিরাত
জরুরী প্রয়োজনে আবুধাবী ও দুবাইয়ে বাংলাদেশ দূতাবাসের ও কনস্যুলেটের হটলাইন নম্বর ও ইমেইলে যোগাযোগ করতে বলা হয়েছে।
আবুধাবীতে যোগাযোগের হটলাইন নম্বর ও হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে: +৯৭১ ৫৬৬১১ ৭২১৫, +৯৭১০২৪৪৬ ৫১০০, +৯৭১ ৫৪ ৭৪৩ ৯৩৯২ এবং +৯৭১ ৫০ ২৬৪ ৩৩৯৬। ইমেইল: [email protected]
দুবাই কনস্যুলেটের হটলাইন নম্বর- +৯৭১ ৫০৮১৬৮২৫৩ ও +৯৭১৫০৮১৬৮৩৬৩ এবং ইমেইল: [email protected]
ইরাক
ইরাকে জরুরি প্রয়োজনে বাংলাদেশ হটলাইন (+9647827883680 Whatsapp) এবং ইমেইলে ([email protected]) যোগাযোগ করতে বলা হয়েছে।
কুয়েত
জরুরী প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বরসমূহ: +965 69920013, +965 66516404 এবং +965 50895161
আর ইমেইল হচ্ছে: [email protected]
বাহরাইন
জরুরী প্রয়োজনে দূতাবাসের হেল্পলাইন নম্বর: +৯৭৩ ৩৩৩৭৫১৫৫ এবং ইমেইল: [email protected] -এ যোগাযোগ করতে বলেছে মানামায় বাংলাদেশ দূতাবাস।
28/02/2026
কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা: আহত ১ বাংলাদেশি
অনলাইন ডেস্ক, নিউজ চট্টগ্রাম।
প্রকাশ:২৮ ফেব্রুয়ারি ২০২৬,১১:৫৮ পিএম।
ইরান যুদ্ধের মধ্যে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় একজন বাংলাদেশি আহত হয়েছেন।
শনিবার আহত ওই প্রবাসীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম জানা যায়নি। দূতাবাসের তরফেও সেখানে কাজ করা ওই ব্যক্তির পরিচয় পাওয়া যানি।
মধ্যপ্রাচ্যের দেশটিতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী একজন বাংলাদেশি কর্মী এই হামলায় আহত হয়েছেন। দূতাবাসের পক্ষ থেকে তার শারীরিক অবস্থার নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে।
কুয়েত টাইমস ও স্থানীয় সংবাদমাধ্যমগুলো বিমানবন্দরের বরাতে বলছে, ড্রোন হামলার পর জরুরি সেবা সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।
এসব খবরে বলা হয়, এ হামলায় বিমানবন্দরের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পাশাপাশি বেশ কয়েকজন আহত হন। হামলার পরপরই কুয়েতের নিরাপত্তা বাহিনীর সদস্যরা পুরো বিমানবন্দর এলাকা ঘিরে ফেলেন। সাময়িকভাবে উড়োজাহাজ চলাচল স্থগিত করা হয়।
কুয়েত সরকার এ হামলাকে একটি ‘কাপুরুষোচিত নাশকতামূলক কর্মকাণ্ড’ হিসেবে অভিহিত করে এর তীব্র নিন্দা জানিয়েছে।
ইতমধ্যে ঘটনাস্থল থেকে ড্রোনের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে এবং ঘটনার নেপথ্যে থাকা চক্রকে শনাক্ত করতে ব্যাপক গোয়েন্দা তৎপরতা ও তদন্ত শুরু হয়েছে। এ ঘটনার পর থেকে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা কয়েক গুণ বাড়ানো হয়েছে। যাত্রীদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
তবে সাধারণ যাত্রী ও বিমানবন্দর কর্মীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এদিকে উপসাগরীয় এলাকায় যুদ্ধ শুরু হওয়ায় উদ্ভূত পরিস্থিতিতে কুয়েতে অবস্থিত সকল প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনে দূতাবাসের তরফে অনুরোধ করা হয়েছে।
নিরাপত্তার স্বার্থে সবাইকে সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকার এবং সবাইকে বাসায় অথবা নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়েছে। অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
28/02/2026
আইআরজিসির দাবি
ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা নিহত
অনলাইন ডেস্ক, নিউজ চট্টগ্রাম।
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৩: ৪৬পিএম
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সরাসরি যুদ্ধে এবার শুরু হয়েছে ভয়াবহ তথ্যযুদ্ধ। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে যে, তাদের পাল্টা হামলায় অন্তত ২০০ মার্কিন সেনা নিহত হয়েছে। তবে মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) এই দাবিকে সম্পূর্ণ ‘ভিত্তিহীন ও মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছে।
তাস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে তাদের নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২০০ জন আমেরিকান সৈন্য হতাহত হয়েছে। এর পাশাপাশি তারা সেন্টকমের একটি রণতরী বা জাহাজ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করার দাবিও উত্থাপন করে। তেহরান এই সাফল্যকে তাদের ‘অপারেশন ট্রুথফুল প্রমিজ ৪’-এর বড় বিজয় হিসেবে প্রচার করছে।
আল জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে মার্কিন সেন্টকমের একজন মুখপাত্র ইরানি এই দাবিগুলোকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, ‘আইআরজিসি-র পক্ষ থেকে ২০০ মার্কিন সেনাকে হত্যা বা আহত করার যে দাবি করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা। এমনকি আমাদের কোনো জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার দাবিও সত্য নয়।’
সেন্টকম জানিয়েছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ ইরানি হামলা প্রতিহত করেছে এবং মার্কিন বাহিনীর কোনো বড় ক্ষয়ক্ষতির খবর এখন পর্যন্ত নেই।
28/02/2026
ইসরায়েলের পর মধ্যপ্রাচ্যের আরও ৫ দেশে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
অনলাইন ডেস্ক, নিউজ চট্টগ্রাম।
প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ , ০৪:৩৯ পিএম
হঠাৎ যুদ্ধের দামামা বেজে উঠেছে মধ্যপ্রাচ্যে।
পরমাণবিক কর্মসূচি বিষয়ক আলোচনা ভেস্তে যাওয়ার পর ইরানের ওপর একযোগে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করেছে ইরানও। শুধু ইসরায়েলেই নয়; যুক্তরাষ্ট্রকে কঠোর জবাব দিতে মধ্যপ্রাচ্যে অবস্থিত তাদের সামরিক ঘাঁটিগুলোতেও হামলা শুরু করেছে দেশটি। এরই অংশ হিসেবে কাতার, সৌদি আরব, বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে একযোগে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) আলজাজিরার পৃথক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।
কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইরানের মিসাইল ভূপাতিত করা হয়েছে। কাতারে রয়েছে যুক্তরাষ্ট্রের আল-উদেইদ বিমানঘাঁটি; যা মধ্যপ্রাচ্যে অবস্থিত তাদের ঘাঁটিগুলোর মধ্যে সবচেয়ে বড়।
প্রতিবেদন অনুযায়ী, বাহরাইনেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ধারণা করা হচ্ছে দেশটিতে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিস্ফোরণের তথ্য জানালেও; সেটি কিসের শব্দ সেটি স্পষ্ট করেনি।
সেইসঙ্গে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতেও একটি বিকট বিস্ফোরণের খবর দিয়েছে রয়টার্স। এমনকি সৌদি আরবের রাজধানী রিয়াদেও ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
এর আগে, একইদিন সকালে তেহরানসহ ইরানের পাঁচটি প্রধান শহরে যৌথভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপরই ইরানি জনগণকে তাদের সরকার উৎখাতের আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ফ্লোরিডা থেকে এক ভিডিও ভাষণে ইরানি জনগণের উদ্দেশে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানে ‘বড় ধরনের যুদ্ধাভিযান’ চালিয়েছে। আমাদের কাজ শেষ হলে, তোমাদের সরকার উৎখাত করো। এটা তোমাদেরই দখল করতে হবে। প্রজন্মের পর প্রজন্ম ধরে এটাই সম্ভবত তোমাদের একমাত্র সুযোগ হবে।
এর আগে, তিনি বলেন, আমরা বারবার একটি চুক্তি চেয়েছি। আমরা চেষ্টা করেছি। তিনি বলেন, আমরা তাদের ক্ষেপণাস্ত্র ধ্বংস ও ক্ষেপণাস্ত্র কারখানা জ্বালিয়ে দিতে যাচ্ছি। এটা পুরোপুরি ধ্বংস করা হবে।
এদিকে, হামলার পর শক্ত জবাব দিতে শুরু করে ইরানও। ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) নিশ্চিত করেছে, ইরান থেকে ছোড়া অসংখ্য ক্ষেপণাস্ত্র তাদের আকাশসীমায় শনাক্ত করা হয়েছে। এই ভয়াবহ পাল্টা হামলার পর পুরো ইসরায়েলজুড়ে বিপদ সংকেত বা সাইরেন বেজে উঠেছে এবং নাগরিকদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আইডিএফের পক্ষ থেকে জারি করা জরুরি সতর্কবার্তায় বলা হয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্রের বড় ধরনের ঢেউ আমাদের সীমান্তের দিকে ধেয়ে আসছে। আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিমান বাহিনী এই হুমকিগুলো প্রতিহত করার জন্য সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করছে।
আইডিএফ আরও সতর্ক করে দিয়ে বলেছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা শতভাগ নিখুঁত নয়, তাই বড় ধরনের প্রাণহানি এড়াতে জনগণকে অবিলম্বে আইডিএফের সুরক্ষা নির্দেশনা মেনে চলতে হবে। তেল আবিবসহ ইসরায়েলের প্রধান শহরগুলোতে এখন মুহুর্মুহু সাইরেন আর বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, যা দেশটিকে এক নজিরবিহীন সংকটের মুখে ঠেলে দিয়েছে।