Bangladesh Students' Union, Chattogram District

Bangladesh Students' Union, Chattogram District

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bangladesh Students' Union, Chattogram District, Political organisation, Chittagong.

৫২'র ভাষা আন্দোলনের অগ্নিগর্ভ থেকে জন্ম নেয়া স্বাধীন ও বিপ্লবী ধারার ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (Bangladesh Students' Union - BSU), যা ছাত্রদের অধিকার আদায় ও বৈষম্যহীন- বিজ্ঞানভিত্তিক- গণমুখী ও একই ধারার শিক্ষানীতি বাস্তবায়নে আপোসহীন সংগ্রামরত।

20/12/2025

২০ ডিসেম্বর, ২০২৫

প্রেস বিজ্ঞপ্তি

* ইনকিলাব মঞ্চের সভাপতি শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের বিচার কর।
* ধর্ম অবমাননার দায়ে দীপু চন্দ্র দাশকে পুড়িয়ে মারা সন্ত্রাসীদের বিচার কর।
* দৈনিক পত্রিকা ও সাংস্কৃতিক সংগঠনের অফিসে হামলারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নাও।
* অবিলম্বে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে পদত্যাগ করতে হবে।

বাংলাদেশের উদীয়মান সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব শরীফ ওসমান হাদীর মৃত্যুতে শোক ও তার হত্যাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে বিরাজমান অস্থিতিশীলতায় উদ্বেগ প্রকাশ করেছে গণতান্ত্রিক ছাত্র জোট, চট্টগ্রাম। আজ ২০ ডিসেম্বর, শনিবার এক যৌথ বিবৃতিতে জোটের নেতৃবৃন্দ বলেন,

"গত ১৮ ডিসেম্বর শরীফ ওসমান হাদীর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে সারাদেশে বিক্ষুব্ধ জনতা দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের অফিস এবং ছায়ানট ও উদীচীর অফিস ভাঙচুরে লিপ্ত হয়। দেশজুড়ে জামাত শিবিরপন্থী বিভিন্ন ধর্মব্যবসায়ী রাজনৈতিক গোষ্ঠী বামপন্থীদের উপর আক্রমণ নামিয়ে আনাকে উষ্কে দেয় ও এরই ধারাবাহিকতায় ময়মনসিংহের ভালুকায় "ধর্ম অবমাননা" নামক অস্ত্র ব্যবহার করে দীপু চন্দ্র দাশ নামক একজন হিন্দু যুবককে মেরে পুড়িয়ে ফেলা হয়। আমরা মনে করি, এইসব আক্রমণ বাংলাদেশে পুরোনো ফ্যাসিবাদকে নতুন মোড়কে ফিরিয়ে আনারই আয়োজন।

যখনই ভারতে নির্বাচনের মৌসুম আসে, বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা বৃদ্ধি পায়। আজকেও মোদি পশ্চিমবঙ্গের এক জনসভায় ভাষণ দেবে। আমরা মনে করি, হাদীর মৃত্যুকে রাজনৈতিক পুঁজি হিসেবে ব্যবহার করে নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতে নানা ধরনের গুজব ও অপপ্রচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করে মোদির বিজয়কে সুগম করছে একটি সুযোগসন্ধানী গোষ্ঠী।

আমরা দেখেছি, ওসমান হাদীর চিহ্নিত খুনি অস্ত্র মামলার আসামীর জামিনে ও পতিত স্বৈরাচারের বিভিন্ন সহযোগীদের জামিনে রাষ্ট্রপক্ষের প্রভাবশালী কর্মকর্তারা জড়িত রয়েছে। তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকলেও রাষ্ট্রপক্ষ দুর্বল মামলা দিয়ে তাদের জামিন পাওয়ার পথকে সুগম করেছে। এ অবস্থায়, এসব রাষ্ট্রীয় ষড়যন্ত্রকারীদেরই আড়াল করার মূল্য চুকাতে হয়েছে শ্রমিক দীপু চন্দ্র দাশ, উপরোক্ত দৈনিক পত্রিকা ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে।

অতীতে আমাদের দেশের ওপর ভারত-মার্কিন-চীন-রাশিয়াসহ সাম্রাজ্যবাদী দেশগুলোর আগ্রাসনের বিরুদ্ধে আমরা সোচ্চার ছিলাম। সামনের দিনেও দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় আমরা আপোষহীন লড়াই গড়ে তুলতে অঙ্গীকারাবদ্ধ। দেশের বর্তমান পরিস্থিতিতে সরকারের প্রতি আহ্বান, নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিন! দেশবাসীর প্রতি আহ্বান জানাই, হাদির হত্যাকারীদের বিচার করতে সরকারকে বাধ্য করুন এবং অপশক্তির প্ররোচনা পরিহার করে সংগঠিত হোন! আমরা সর্বশক্তি দিয়ে গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাবো।”

বিবৃতিতে স্বাক্ষর করেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল চট্টগ্রাম জেলা সভাপতি ধ্রুব বড়ুয়া, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম মহানগর সভাপতি রিপা মজুমদার, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন চট্টগ্রাম নগর সভাপতি অরূপ মহাজন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা সংসদ সাংগঠনিক সম্পাদক তালহা চৌধুরী ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি সোহেল চাকমা।

বার্তাপ্রেরক,

নেভী দে
সাধারণ সম্পাদক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট
চট্টগ্রাম মহানগর
মোবা: +8801874-330878

Photos from Bangladesh Students' Union, Chattogram District's post 16/12/2025

১৬ ডিসেম্বর-মহান বিজয় দিবসের এই গৌরবময় দিনে বাংলার মুক্তিযোদ্ধা, স্বাধীনতার সূর্যসন্তান বীর শহীদদের অবিস্মরণীয় আত্মত্যাগ স্মরণে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম জেলা সংসদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ।

Photos from Bangladesh Students' Union, Chattogram District's post 14/12/2025

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম জেলা সংসদের উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাবের সম্মুখ প্রাঙ্গনে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

12/12/2025

তারিখ: ১২ ডিসেম্বর, ২০২৫
সংবাদ বিবৃতি

আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী শরীফ ওসমান হাদীর উপর হওয়া হত্যাচেষ্টা আইনশৃঙ্খলা পরিস্থিতির বীভৎস দশার বহিঃপ্রকাশ

জনগণের নিরাপত্তা প্রদানে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার অধীনে সুষ্ঠু ও নিরাপদ নির্বাচন আয়োজন নিয়ে শঙ্কা

আজ দুপুরে রাজধানীর বিজয়নগরে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করা হয়।

নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিনই একজন প্রার্থীর উপর এহেন আক্রমণের নিন্দা ও বিচার দাবি করে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি তামজিদ হায়দার চঞ্চল ও সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার এক যৌথ বিবৃতিতে বলেন, একজন প্রার্থীর উপর এমন সন্ত্রাসী হামলা বার্তা দিচ্ছে একটি গ্রহণযোগ্য নির্বাচন করার মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করার কাজটি অত্যন্ত কঠিন হতে যাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি প্রমাণ করে অন্তবর্তীকালীন সরকার একটি সুষ্ঠু-ভয়ভীতিমুক্ত ও জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে প্রস্তুত নয়। গণ-অভ্যুত্থান পরবর্তী সময় থেকে আজকে পর্যন্ত সরকার জনগণের জানমালের নিরাপত্তা প্রদানে ব্যর্থতার পরিচয় দিয়েছে। মব আক্রমণকে প্রেশার গ্রুপ অভিহিত করে বিভিন্ন উগ্র ডানপন্থী গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা করেছে এই সরকার। দেশে আইনের শাসন নিশ্চিতে বারবার ব্যর্থ হওয়ার পরও, জনগণের বিভিন্ন অংশ নির্লজ্জ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করলেও তাকে পদে বসিয়ে রেখে দেশের মানুষের জীবন নিয়ে তামাশা মঞ্চস্থ করেছে অন্তবর্তীকালীন সরকার।
নেতৃবৃন্দ আরও বলেন, একজন প্রার্থীর উপর এ ধরনের আক্রমন নির্বাচনের প্রতি জনগণকে ভীত ও নিরুৎসাহিত করে তুলতে পারে। যার সুযোগ নিবে দেশকে গণতান্ত্রিক উত্তরণে বিরোধী একটি গোষ্ঠী। সংবাদ সম্মেলনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের করা প্রশ্ন এড়িয়ে 'পেঁয়াজের দাম নিয়ে' আলাপ করা প্রমাণ করে, স্বরাষ্ট্র উপদেষ্টা তার নিজের দায়িত্ব সম্পর্কে পুরোপুরি অজ্ঞ। অতএব এই স্বরাষ্ট্র উপদেষ্টার অধীনে সুষ্ঠু নির্বাচন আয়োজন এক প্রকার অসম্ভব।

নেতৃবৃন্দ, শরিফ ওসমান হাদির উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। একইসাথেন শরীফ ওসমান হাদীর সুস্থতা কামনা করেন।

বার্তা প্রেরক
অর্ঘ্য রায়
দপ্তর সম্পাদক
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা সংসদ

30/11/2025

'শিক্ষার জন্য বয়স কোন প্রতিবন্ধকতা হতে পারে না' এই শিরোনামে আজ ৩০শে নভেম্বর, ২০২৫ সকাল ৯:৩০টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে চট্টগ্রামের ভুক্তভোগী অভিবাবকবৃন্দের একটি মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) Ministry of Education, Bangladesh -এর নিকট আজকের মানববন্ধন থেকে আকুল নিবেদন ছিল শুধুমাত্র স্কুল ভর্তির বয়স সীমা প্রথম শ্রেণী থেকে শুরু করা হোক।

২০২৬ সেশনে সরকারি/বেসরকারি স্কুলগুলোতে লটারির মাধ্যমে ভর্তি বিজ্ঞপ্তিতে ১ম থেকে ৯ম শ্রেণীর বয়স সীমা বাতিল চেয়েছেন অভিভাবকরা। তাদের দাবি সর্বনিম্ন বয়স সীমা থাকুক, তবে সর্বোচ্চ বয়স সীমা থাকবেনা।

সরকারি–বেসরকারি স্কুলে লটারি ভর্তির অযৌক্তিক বয়সসীমার কারণে চট্টগ্রামের শত শত শিক্ষার্থী ফর্ম পূরণ করতে পারছে না।

একটি শিশু স্কুলে ভর্তি হতে না পারার কারণ যদি বয়স হয় তাহলে সেটা কোনো নীতিমালা নয়, এটা নীতির নামে নিষ্ঠুরতা।

সুতরাং পরিবর্তিত শিক্ষাব্যবস্থার সাথে সামঞ্জস্য রেখে ভর্তির নূন্যতম ও সর্বোচ্চ বয়সসীমাও যৌক্তিকভাবে হালনাগাদ করা প্রয়োজন মনে করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম জেলা সংসদ।

তাই এমন সচেতন ও সাহসী অভিভাবকদের যৌক্তিক দাবির সাথে আমরা বাংলাদেশ ছাত্র ইউনিয়ন - চট্টগ্রাম জেলা সংহতি জানাই।

26/11/2025

চট্টগ্রাম বন্দরের লাভজনক এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার পাঁয়তারার প্রতিবাদে এবং লালদিয়ার চর ও পানগাঁও ইজারা চুক্তি বাতিলের দাবিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম জেলা সংসদের বিক্ষোভ সমাবেশ।

বক্তব্য রেখেছেন জেলা কমিটির নেতৃবৃন্দরা।

২৬ নভেম্বর, ২০২৫
প্রেসক্লাব ভবন, চট্টগ্রাম

Photos from Bangladesh Students' Union, Chattogram District's post 26/11/2025

চট্টগ্রাম বন্দরের লাভজনক এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার পাঁয়তারার প্রতিবাদে এবং লালদিয়ার চর ও পানগাঁও ইজারা চুক্তি বাতিলের দাবিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম জেলা সংসদের বিক্ষোভ সমাবেশ।

২৬ নভেম্বর, ২০২৫
চট্টগ্রাম

17/11/2025

মজলুম জননেতা মাওলানা ভাসানী

মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা! 💐

"পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ, রাষ্ট্র এবং শ্রেণির প্রশ্ন উহ্য রাখিয়া যাহারা দেশ ও দুনিয়ার জুলুম ও অবিচারের কথা বলিয়া চোখের পানি ফেলেন আর কাতর হন, তাহাদের আপাতদৃষ্টিতে দরদী মনে হইলেও তাহারা আসলে জুলুম আর অবিচারের পক্ষেই অবস্থান নেন।'
—মজলুম জননেতা মাওলানা ভাসানী

মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা।।

11/11/2025

মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ১১ নভেম্বর কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বেতিয়ারা গ্রামে ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়ন এর গেরিলা বাহিনীর শহীদ সদস্য -

সিরাজুম মনিম, নিজাম উদ্দিন আজাদ, বশির মাস্টার, জহিরুল হক দুদু, আওলাদ হোসেন, মোঃ শহীদুল্লাহ সাউদ, আব্দুল কাইয়ুম, সফিউল্লাহ ও আব্দুল কাদের মিয়ার স্মরনে মোমবাতি প্রজ্জলন।✊

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা সংসদ

05/11/2025

সিলেটে রিকশা শ্রমিক দের আন্দোলনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও গণতান্ত্রিক ছাত্র জোটের নেতা মাশরুখ জলিল সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী দের হয়রানি মূলক ও বেআইনি গণগ্রেপ্তারের প্রতিবাদে গণতান্ত্রিক ছাত্র জোটের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক তালহা মাহমুদ চৌধুরী

31/08/2025

তারিখ: ৩১ আগস্ট, ২০২৪
প্রেস বিজ্ঞপ্তি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নৃশংস সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ

হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থতার দায় নিয়ে ভিসি ও প্রক্টরিয়াল বডির পদত্যাগ করতে হবে

গতকাল শনিবার বারোটা নাগাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী নিজ বাসায় প্রবেশের সময় সেই বাসার দারোয়ান কতৃক অমানবিক মোরাল পুলিশিংয়ের শিকার হন। শিক্ষার্থী প্রতিবাদ জানালে বাকবিতণ্ডার এক পর্যায়ে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। এ ঘটনার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হলে স্থানীয় সন্ত্রাসীরা তাদের উপর বর্বরোচিত হামলা চালায় এ থেকে ঘটনার সূত্রপাত। ধারালো অস্ত্র দিয়ে নিরীহ শিক্ষার্থীদের উপর এ নৃশংস হামলা শিক্ষাঙ্গনে এক ভয়ার্ত পরিস্থিতি সৃষ্টি করে।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি তৌকির আহমেদ ও সাধারণ সম্পাদক তূর্য খান এই সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদানের দাবি জানিয়ে এক বিবৃতিতে বলেন, এ হামলা প্রমাণ করেছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

দেশের সর্ববৃহৎ আবাসিক বিশ্ববিদ্যালয়ে বারবার শিক্ষার্থীদের উপর হামলা হলেও প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়সারা ভূমিকা পালন করছে। একটি শিক্ষাঙ্গন যেখানে নিরাপদ হওয়ার কথা, তা আজ রণঙ্গনে পরিনত হয়েছে এর দায় প্রশাসন কোনোভাবে এড়াতে পারে না।

আমরা দৃঢ়ভাবে জানাতে চাই—শিক্ষার্থীদের উপর যে কোনো সন্ত্রাসী হামলা গোটা শিক্ষা ব্যবস্থা ও সমাজের উপর হামলার সমান। প্রশাসনের নিষ্ক্রিয়তা, সেনাবাহিনী ও পুলিশের দায়িত্বহীনতা এবং অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা এই বর্বরোচিত হামলাকে উৎসাহিত করেছে।

অতএব, আমরা অবিলম্বে দাবি জানাই

১. হামলায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

২. শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কার্যকর পদক্ষেপ নিতে হবে ও আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা নিতে হবে।

৩. শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থতার দায় নিয়ে অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরিয়াল বডিকে পদত্যাগ করতে হবে।

বার্তা প্রেরক
অর্ঘ্য রায়
দপ্তর সম্পাদক
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা সংসদ

Want your business to be the top-listed Government Service in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Chittagong