18/08/2026
মাওলানা মুহিউদ্দিন খান রহ. এর রাজনীতিতে নেজামে ইসলাম পার্টি : ইতিহাসের এক অবিচ্ছেদ্য অধ্যায়.....হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর
মাওলানা মুহিউদ্দিন খান রহ. ছিলেন বাংলাদেশের ইসলামী সাহিত্য, সাংবাদিকতা, অনুবাদ, প্রকাশনা, চিন্তাবিপ্লব ও রাজনৈতিক অঙ্গনের এক সমুজ্জ্বল ব্যক্তিত্ব। দীর্ঘ কর্মময় জীবনে তিনি অসংখ্য মূল্যবান গ্রন্থ রচনা ও অনুবাদ করেছেন। বিশেষতঃ আল্লামা মুফতি শফি রহ. রচিত মা'আরিফুল কুরআনের অনুবাদ ও মাসিক মদীনা সম্পাদনার মাধ্যমে বাংলা ভাষাভাষী মুসলিম সমাজে তিনি ব্যাপক পরিচিতি অর্জন করেন। তাঁর সম্পাদিত ও প্রকাশিত সাহিত্যকর্ম কয়েক প্রজন্মের পাঠককে ইসলামী জ্ঞান ও চেতনার সঙ্গে যুক্ত করেছে। তাঁর সুদীর্ঘ রাজনৈতিক জীবন, সাহিত্যচর্চা ও সাংবাদিকতার পেছনে যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও আন্দোলনমুখী অধ্যায় রয়েছে তা অনেক সময় আলোচনার আড়ালে থেকে যায়। আর সেই অধ্যায়টিই হলো নেজামে ইসলাম পার্টি এবং তার মুখপত্র সাপ্তাহিক নেজামে-ইসলাম।
অথচ ঐতিহ্যবাহী ইসলামী রাজনৈতিক দল নেজামে ইসলাম পার্টির সাথে মাওলানা মুহিউদ্দিন খানের সেতুবন্ধন রচিত ছাত্রজীবনেই। তিনি "জীবনের খেলাঘরে" নামক গ্রন্থে তাঁর আত্মজীবনীমূলক স্মৃতিচারণে দেখা যায়, ১৯৫১ সালে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত ইসলামী হুকুমত প্রতিষ্ঠার দাবিতে আয়োজিত তিন দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনে তিনি একজন সাধারণ কর্মী হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি নিজেই স্মৃতিচারণ করে বলেন, পরীক্ষার হলে পরিচয়ের সূত্রে হযরত মাওলানা সৈয়দ মুসলেহ উদ্দীন রহ. সে বছরেরই শেষভাগে অনুষ্ঠিত মহাসম্মেলনের একজন সাধারণ কর্মীর দায়িত্ব পালনের উদ্দেশে আমাকে ডেকে পাঠান। হুকুম হয় যে, অন্ততঃ পনেরো দিন খাটতে হবে সম্মেলনের জন্য। আমি সম্মত হয়ে যাই। নির্ধারিত দিন থেকে প্রত্যহ সকালে খেয়ে দেয়ে সাইকেল নিয়ে রওয়ানা হতাম এবং রাত ৮টা ৯টায় বাড়ি ফিরে আসতাম। শেষের দিকের পাঁচ-ছয় দিন কিশোরগঞ্জেই আস্তানা গাড়তে হয়েছিল।
তখনকার অবস্থাটা ছিল ভোজনং যত্র-তত্র, শয়নং হট্টমন্দিরে, ধরনের। আত্মীয়-স্বজনের বাড়ীতে, অগত্যা বিখ্যাত সাহাবুদ্দীন রেষ্টুরেন্টে খাওয়া হতো।নরাতের শয়ন শহিদী মসজিদের প্রশস্ত চত্বরে। কিশোরগঞ্জের নামকরা মশার কামড় বা নভেম্বরের ঠান্ডা বাতাস ঘুমের ব্যাঘাত সৃষ্টি করতে পারতো না।"
এ মহাসম্মেলনের সুবাদে মাওলানা আতহার আলী রহ., মাওলানা সৈয়দ মুসলেহ উদ্দীন রহ., মাওলানা আশরাফ আলী ধরমণ্ডলী রহ. ও মাওলানা আবদুল মজীদ খান রহ. এর মতো তেজস্বী আলেমদের প্রত্যক্ষ সান্নিধ্য তাঁর রাজনৈতিক ও ইসলামী চেতনার ভিত নির্মাণে গভীর প্রভাব ফেলে।
বিশেষ করে মাওলানা সৈয়দ মুসলেহ উদ্দীন রহ. এর সঙ্গে তাঁর পরিচয়টি ছিল এক অর্থে আকস্মিক, কিন্তু পরবর্তীকালে তা হয়ে ওঠে অত্যন্ত গভীর ও দীর্ঘস্থায়ী। তিনি স্মৃতিচারণে লিখেছেন “জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত হযরত মাওলানা সৈয়দ মুসলেহ উদ্দীন রহ. আমার প্রতি যে স্নেহ-মমতা পোষণ করতেন, তা বর্ণনা করে শেষ করার মত সাধ্য আমার নাই।” তিনি আরও বলেছেন, তাঁর জীবনের পরবর্তী চার দশকের রাজনৈতিক চেতনা ও বহুমুখী কর্মকাণ্ডের সঙ্গে মাওলানা সৈয়দ মুসলেহ উদ্দীন রহ. গভীরভাবে জড়িত ছিলেন।
এই সম্পর্কই ছিলো নেজামে ইসলাম পার্টির আন্দোলন-সংগ্রামের সাথে তাঁর নিবিড় সম্পৃক্তার যোগসূত্র ও সেতুবন্ধন। শোলাকিয়ার মহাসম্মেলনের পর তাঁকে সম্মেলনের একজন সাধারণ কর্মী হিসেবে দায়িত্ব পালনের জন্য ডেকে পাঠানো হয়। দীর্ঘ পনেরো দিন তিনি সম্মেলনের কাজে নিয়োজিত ছিলেন। দেশ-বিদেশের শীর্ষস্থানীয় উলামা-মাশায়েখের সান্নিধ্য, তাঁদের খেদমত এবং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে পরিচালিত আন্দোলনের প্রত্যক্ষ অভিজ্ঞতা তাঁর তরুণ মনে যে গভীর রেখাপাত করেছিল, তা পরবর্তী জীবনের রাজনৈতিক অবস্থান ও কর্মতৎপরতায় স্পষ্ট হয়ে ওঠে।
পরবর্তীতে ঢাকার বড় কাটারা ও আশরাফুল উলূম মাদরাসাকে কেন্দ্র করে নেজামে ইসলাম পার্টির সাংগঠনিক কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা আরও দৃঢ় হয়। এসময় মাওলানা নূর মুহম্মদ আজমী রহ. এর সান্নিধ্য তাঁকে লেখালেখি ও ইসলামী আন্দোলনে বিশেষভাবে উদ্বুদ্ধ করে। প্রথমে তিনি কর্মী হিসেবে ছোটখাটো দায়িত্ব পালন করলেও অল্প সময়ের মধ্যেই তাঁর লেখনী ও সাংগঠনিক দক্ষতা নেজামে ইসলাম পার্টির শীর্ষ নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে। তিনি সভার কার্যবিবরণী লিপিবদ্ধ করা, সংবাদপত্রে প্রকাশের জন্য সংবাদ তৈরি, নেতৃবৃন্দের বক্তৃতা ও বিবৃতি লিখে দেওয়া _এসব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেন সেই তরুণ বয়সেই।
এ সম্পর্কে স্মৃতিচারণ করে তিনি বলেন, "দেশের সেরা উলামা-মাশায়েখগণের আর একটি মিলনকেন্দ্র ছিল জমিয়তে উলামা এবং নেজামে ইসলাম পার্টির দফতর। পঞ্চাশের দশকের গোড়ার দিকে আশরাফুল উলূম মাদরাসা এবং মাদরাসার গলিতে অবস্থিত একটি দ্বিতল বাড়ীর উপর তলায় ছিল এই পার্টির দফতর ও মিলনকেন্দ্র। মাঝে মাঝেই সে জলছায় মাওলানা নূর মুহম্মদ আজমীরও দাওয়াত হতো। মাওলানা আজমী পার্টির কর্মকর্তা ছিলেন না। কিন্তু তাঁকে সব সময় একজন উপদেষ্টারূপে ডাকা হতো। নানা বিষয়ে তাঁর পরামর্শ নেয়া হতো। সেই সুবাদে মাওলানা ছাহেবের একজন খাদেমরূপে আমারও যাওয়ার সুযোগ হতো। টুকটাক ফাই-ফরমাশ খাটার সুযোগ গ্রহণ করতাম। এভাবেই কিছুদিনের মধ্যে একজন কর্মীরূপে পরিচিত হওয়ার সুযোগ পাই। সাধারণতঃ সভার কার্যবিবরণী লিপিবদ্ধ করা, সংবাদপত্রে দেয়ার জন্য খবর তৈরি করা, পার্টি নেতৃবৃন্দের বক্তৃতা-বিবৃতি লিখে দেয়া প্রভৃতি গুরুত্বপূর্ণ কাজেরও কিছুটা আনজাম দেয়ার দায়িত্ব পেয়ে যাই।"
স্মৃতিচারণের আরেক পর্যায়ে তিনি বলেন, এ কথা স্বীকার করতে হয় যে, ১৯৫৬ সালে পাকিস্তানের যে শাসনতন্ত্রটি রচিত হয়েছিল, তাতে নেজামে ইসলাম পার্টির ভূমিকা ছিল খুবই উজ্জ্বল। ১৯৫৮ সনের মার্শাল ল' জারির মাধ্যমে '৫৬ সনের শাসনতন্ত্র স্থগিত করা না হতো, তবে নিঃসন্দেহে দেশের ইতিহাস হয়ত অন্যরকম হতো।
মাওলানা মুহিউদ্দিন খান রহ. এর লেখার প্রতি মাওলানা আতহার আলী রহ., মাওলানা সৈয়দ মুসলেহ উদ্দীন রহ. ও মুফতি দীন মুহম্মদ খান রহ. সহ অনেকেই আস্থা রাখতেন। আর মাওলানা নূর মুহম্মদ আজমী রহ. তাঁকে এ কাজে বিশেষভাবে উৎসাহিত করতেন। ফলে একসময়ে দলের মুখপত্র "সাপ্তাহিক নেজামে ইসলাম" সম্পাদনার দায়িত্বভারও অর্পিত হয়েছিলো তাঁর ওপর।
এ বিষয়ে তিনি বলেন, "সাপ্তাহিক নেজামে ইসলাম পত্রিকার সম্পাদনার দায়িত্ব পেয়ে আমার আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল। ভারপ্রাপ্ত সম্পাদকরূপে এসেম্বলী হলের সাংবাদিক গ্যালারীতে স্থান পাওয়া এবং নানা গুরুত্বপূর্ণ স্থানে, প্রশাসনিক অঙ্গনে প্রবেশ করার সুযোগ হতো।"
এভাবে তিনি নেজামে ইসলাম পার্টির সাথে নিজের সম্পৃক্ততার কথা "জীবনের খেলাঘরে" নামক গ্রন্থের পরতে পরতে তুলে ধরেছেন। যা থেকে প্রমাণিত হয় তিনি ছিলেন, নেজামে ইসলাম পার্টির প্রাণপুরুষ আল্লামা আতহার আলী রহ. ও আল্লামা সৈয়দ মুসলেহ উদ্দিন রহ. এর মত প্রখ্যাত নেতৃবৃন্দের ঘনিষ্ঠ সান্নিধ্যধন্য একজন নিবেদিতপ্রাণ কর্মী, দায়িত্বশীল । সর্বোপরি দলীয় মুখপত্রের সম্পাদনার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।
অতএব সংগ্রামী এ মনীষী আলেমের জীবনীতে তাঁর রাজনৈতিক জীবনের এই অবিচ্ছেদ্য এ অধ্যায়টি আড়ালে রাখা বা থাকা শুধু একটি তথ্যগত ঘাটতি নয়; বরং তাঁর রাজনৈতিক চেতনা বিকাশের একটি ঐতিহাসিক সূত্রকে আড়াল করার শামিল।
পক্ষান্তরে যিনি নিজেই তাঁর স্মৃতিচারণে নেজামে ইসলাম পার্টির শীর্ষ নেতৃবৃন্দ, কর্মীজীবন, সাংগঠনিক দায়িত্ব এবং তৎকালীন ইসলামী আন্দোলনের নানা ঘটনা প্রবাহ এত বিস্তারিতভাবে তুলে ধরেছেন, তাঁর জীবনীতে সেই অধ্যায়কে যথাযথ গুরুত্ব দেওয়াই ইতিহাসের প্রতি সুবিচার।
তাই সামগ্রিক মূল্যায়নে মাওলানা মুহিউদ্দিন খান রহ. এর রাজনীতিতে নেজামে ইসলাম পার্টির সম্পর্ক একটি অপরিহার্য অধ্যায় হিসেবে স্থান পাওয়ার দাবি রাখে।
লেখক:
ছাত্রবিষয়ক সচিব
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি