30/12/2025
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির এক বলিষ্ঠ কণ্ঠস্বর ও আপসহীন নেত্রী।
দেশ ও জাতির জন্য তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। এই শোকাবহ মুহূর্তে আমরা তাঁর পরিবারের সদস্য, সহকর্মী ও অসংখ্য অনুসারীর প্রতি গভীর সমবেদনা জানাই। মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত সবাইকে ধৈর্য ধারণের শক্তি দান করেন। আমিন।
18/11/2025
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিকল্প ধারার আহ্বানে তৃণমূল পার্টি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে। বিকল্প ধারার উদ্যোগে বাংলাদেশ তৃণমূল পার্টির মহাসচিব ইঞ্জিঃ মোহাম্মদ মোস্তালিম ও সিনিয়র যুগ্ম মহাসচিব শেখ কামরুল ইসলাম এক সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন। উভয় দলের নেতৃবৃন্দ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, গণতান্ত্রিক অধিকার নিশ্চিতকরণ এবং জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে মতবিনিময় করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ তৃণমূল পার্টির বক্তারা বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের অধিকার রক্ষা এবং সুশাসন প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোর যৌথ উদ্যোগ ও সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। তারা বিশ্বাস করেন, জোট গঠন বর্তমান প্রেক্ষাপটে একটি সময়োপযোগী সিদ্ধান্ত, যা নির্বাচনে শক্তিশালী অবস্থান তৈরিতে সহায়ক হবে।
নেতৃবৃন্দ দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, উন্নয়ন কাঠামো এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সুদূরপ্রসারী কয়েকটি প্রস্তাবনা উপস্থাপন করেন। এর মধ্যে ছিল—
* জনগণের মৌলিক অধিকার সুরক্ষা,
* সুশাসন প্রতিষ্ঠায় প্রযুক্তিনির্ভর প্রশাসনিক সংস্কার,
* অসহায় জনগোষ্ঠীর সহায়তায় সামাজিক সুরক্ষা বাড়ানো,
* যুব সমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের উদ্যোগ,
* স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে সমন্বিত পর্যবেক্ষণ ব্যবস্থা।
এছাড়া নির্বাচনকে সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য দলীয় পর্যায়ে সংগঠন শক্তিশালী করা, মাঠপর্যায়ের নেতাকর্মীদের সম্পৃক্ততা বাড়ানো এবং জনসংযোগ কার্যক্রমকে আরও গতিশীল করার পরিকল্পনার কথাও তুলে ধরা হয়।
দুই দলের নেতারা আশা প্রকাশ করেন, যুগোপযোগী রাজনৈতিক সহযোগিতা এবং গঠনমূলক কর্মপরিকল্পনা জনগণের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং একটি কার্যকর নির্বাচনী পরিবেশ তৈরি করবে।
06/11/2025
প্রিয় চাঁদপুর-২ আসনের সম্মানিত এলাকাবাসী, ভাই-বোন, বন্ধুগণ আসসালামু আলাইকুম।
আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই একজন সেবক। আপনাদের সামনে দাঁড়াতে চাচ্ছি আপনাদেরই ভালোবাসার টানে, আপনাদেরই সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার নিয়ে।
চাঁদপুর-২ আসন আমাদের প্রাণের আশ্রয়, আমাদের গর্ব। এই মাটির সাথে আমার আত্মিক সম্পর্ক। আমি জানি আপনাদের স্বপ্নগুলো, আপনাদের চাওয়া-পাওয়াগুলো, আপনাদের কষ্টগুলো। আমি আসতে চাচ্ছি কোনো মিথ্যা প্রতিশ্রুতি দিতে নয়, আসতে চাচ্ছি আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে উন্নয়নে কাজ করতে।
আমাদের চাঁদপুর-২ আসনে এখনো অনেক কাজ বাকি। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ব্যবস্থা—সব ক্ষেত্রেই আমাদের আরও অনেক দূর এগিয়ে যেতে হবে। আমি আপনাদেরকে কিছু সুনির্দিষ্ট প্রতিশ্রুতির কথা বলতে চাই, যা বাস্তবায়নের জন্য আমি বদ্ধপরিকর:
শিক্ষার মান উন্নয়ন: প্রতিটি বিদ্যালয়ে আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করব। শিক্ষার্থীদের জন্য কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করব, যাতে তারা ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করতে পারে।
স্বাস্থ্যসেবার উন্নতি: সকল মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করব। কমিউনিটি ক্লিনিকগুলোকে আরও কার্যকর করব এবং হাসপাতালের আধুনিকায়ন করব।
কৃষি ও মৎস্য খাতের উন্নয়ন: আমাদের কৃষকদের মুখে হাসি ফোটাতে আধুনিক কৃষি প্রযুক্তি ও উন্নত বীজের ব্যবস্থা করব। মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে সরকারি প্রণোদনা ও প্রশিক্ষণ নিশ্চিত করব। চাঁদপুরের ইলিশের ঐতিহ্য রক্ষায় সর্বাত্মক ব্যবস্থা নেব।
যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন: রাস্তাঘাট সংস্কার ও নতুন রাস্তা নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করব। এতে কৃষিপণ্য পরিবহন সহজ হবে এবং অর্থনীতিতে গতি আসবে।
যুব সমাজের কর্মসংস্থান: যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে নতুন শিল্পকারখানা স্থাপন ও উদ্যোক্তা তৈরিতে সহযোগিতা করব। বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি করব।
নারী ক্ষমতায়ন: নারীদের আত্মনির্ভরশীল করতে বিভিন্ন প্রশিক্ষণ ও আর্থিক সহায়তার ব্যবস্থা করব।
আমি আপনাদের কাছে কোনো অলীক স্বপ্ন দেখাচ্ছি না। আমি শুধু আপনাদের সাথে মিলে কাজ করতে চাই। আমি বিশ্বাস করি, আপনাদের সহযোগিতা ও সমর্থন পেলে আমরা এই স্বপ্নগুলো বাস্তবে রূপ দিতে পারব। আমার রাজনীতির মূলমন্ত্র হলো সততা, নিষ্ঠা এবং জনগণের প্রতি অকৃত্রিম ভালোবাসা।
আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের বন্ধু হিসেবে আপনাদের পাশে থাকতে চাই। আমাকে একটি সুযোগ দিন, আমি আপনাদের আস্থার প্রতিদান দেব ইনশাআল্লাহ।
সবসময়ই সবার মঙ্গল, সুস্বাস্থ্য, উন্নত জীবন কামনা করছি। ইনশাআল্লাহ অতি শীঘ্রই দেখা হচ্ছে সবার সঙ্গে। আল্লাহ হাফেজ।
জয় বাংলাদেশ, জয় বাংলাদেশ তৃণমূল পার্টি।
ফারুক হোসাইন অপু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে
বাংলাদেশ তৃণমূল পার্টি কর্তৃক
এমপি মনোনিত প্রার্থী ও
সাংগঠনিক সম্পাদক
কেন্দ্রীয় কমিটি
বাংলাদেশ তৃণমূল পার্টি
05/11/2025
প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করাই আমাদের প্রতিশ্রুতি—সবাই পাবে পর্যাপ্ত খাদ্য, পরার মতো বস্ত্র, নিরাপদ বাসস্থান, মানসম্মত শিক্ষা, ও সহজলভ্য স্বাস্থ্যসেবা। একটি সুশিক্ষিত, সুস্থ ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।