05/06/2026
আমল… দেখে শেখা লাগে -
ভার্সিটিতে আসার পর শবগুজারীতে কিংবা তাবলীগের কোনো বয়ানে অথবা প্রবীণ উলামায়ে কেরাম এর আলোচনায় হঠাৎ শুনতাম - আমল দেখে শেখা লাগে। কথাটা শুনে উপলব্ধি করতে পারতাম না - দেখে দেখে শেখার ফায়দা কী ? এসব নিয়ে ভাবতাম। যদি চোখের সামনে না দেখি - তাহলে কি আমল শিখতে পারবো না ? ভাইরা বলতেন - চোখের সামনে বারবার দেখলে অন্তরে যেভাবে বসবে অন্যভাবে সেটা হবে না - সময় নিতে পারে। মনোযোগ দিয়ে শুনে নিতাম, আলহামদুলিল্লাহ।
একবার এক বড় ভাইয়ের সাথে দেখা করতে গেলাম - সাক্ষাতেই তিনি একটা মিসওয়াক হাদিয়া দিলেন। বললেন মুমিন ভাইদের মাঝে হাদিয়া বিনিময় করলে আন্তরিকতা বেড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর প্রিয় মানুষদের সাথে হাদিয়া বিনিময় করতেন। আমি খুশি হলাম। ভাইয়ের সাথেই কিছুদিন পর আবার দেখা - আবারও একটা হাদিয়া দিলেন, এইবার ছোট একটা বই। সুবহানাল্লাহ। যতবার দেখা করেছি, পরিমাণে অল্প হোক যেমনই হোক ভাই হাদিয়া দিয়েছেন কিছু না কিছু, আমি অবাক হয়ে প্রতিবার দেখি আর শিখে নেই। জানিনা কতটুকু শিখলাম, শুধু মনে পড়ে আমার স্টুডেন্টরা যখন আমাকে বলে - স্যার, আপনি এমনি এমনি গিফট কেন দেন আমাদেরকে ? আমি মুচকি হাসি, মনে পড়ে যায় - রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তো তাঁর প্রিয় মানুষদের হাদিয়া দিতেন - আমিও আমার প্রিয় মানুষদের জন্য অল্প চেষ্টা করি। নিজেই ভাবি - যদি চোখে দেখে না শিখতাম অভ্যাস হতো না। সত্যই, আমল… দেখে শেখা লাগে।
ফার্স্ট ইয়ারে কাছের বন্ধুর সাথে বাইরে ঘুরতে যেতাম মাঝেমধ্যে। একসাথে ইশা পড়তাম বেশিরভাগ সময়। ইশা ও বিতর শেষে বাইরে এসে দাঁড়িয়ে আছি। বেশ কিছুক্ষণ অপেক্ষা করে দেখি ও মাত্র সুন্নত শেষ করে বিতরের জন্য দাঁড়ালো। এটাই নিত্যদিনের ঘটনা। একদিন ভাবলাম, ও এতো সময় নিয়ে ধীর স্থির ভাবে নামাজ পড়ে - আর আমার তো আগেই শেষ হয়ে যায়। দুজনই ইশা পড়লাম, কিন্তু ওর আদায় করা সালাত আর আমার সালাতের মাঝে কত ফারাক। উপলব্ধি আসলো, সময় বাড়িয়ে দেওয়ার চেষ্টা করলাম। বুঝলাম - ওকে এভাবে প্রায়শই না দেখলে এই ব্যাপারটা আমার মনে রেখাপাত করতো না। আবারও উপলব্ধি হলো - আমল…দেখে শেখা লাগে।
মাদরাসাতুল মাদীনায় যেবার গেলাম, আসর পড়ে বের হয়ে দেখি ত্বলিবুল ইলম বাচ্চারা সবাই একদম নিচু হয়ে বসে জুতা রেখে তারপর জুতা পরে চলে যাচ্ছে। জুতা মাটিতে ফেলার একদম কোনো শব্দ নেই। একেবারে অবাক হয়ে গেলাম - আদীব হুজুরের প্রতিষ্ঠানে তো আদব থাকবেই সর্বোচ্চ। সুবহানাল্লাহ। স্বাভাবিক জীবনে মসজিদ থেকে বের হয়ে জুতা মাটিতে ফেলার শব্দ শুনি বারবার - কিন্তু এখানে পিনপতন নিরবতা। আমল শিখলাম - চোখের সামনে ঘটে যাওয়ায় আরও ভালোভাবে শিখলাম। তারপর থেকে ব্যক্তিগত জীবনে যতবার মসজিদ থেকে বের হয়েছি - জুতা রাখার সময় বাচ্চাদের আমল মনে পড়ে যায় - নিজে একইভাবে করেছি কি না সবসময় তা আত্মবিশ্বাসের সাথে বলতে পারছি না - কিন্তু এমন কোনো দিন নেই মসজিদ থেকে বের হয়েছি অথচ এই আমলের কথা মনে পড়েনি।
বারবার মনে পড়ে যায় বড়রা যা বলতেন – আমল…দেখে শেখা লাগে।

04/06/2026
29/05/2026
27/05/2026
27/05/2026
26/05/2026
21/05/2026