লোকেশন সিলেট
সিলেট-৫
জাতীয় নির্বাচনী আসন সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ)সংক্রান্ত সকল আপডেট পেতে পেইজটি ফলো দিন।
01/06/2026
গাছবাড়ীতে ভুয়া ফেসবুক আইডির অপবাদে কলেজ শিক্ষার্থীর ওপর হামলা, প্রমাণ না পেয়ে ক্ষমা প্রার্থনা
সিলেট-৫ |নিজস্ব প্রতিবেদক
সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ী বাজারে ভুয়া ফেসবুক আইডি পরিচালনার অভিযোগ তুলে কলেজ শিক্ষার্থী ইমন আহমদের ওপর হামলার অভিযোগ উঠেছে। পরে তার মোবাইল ফোন ও তথ্যাদি যাচাই করে অভিযোগের সত্যতা না পাওয়ায় অভিযুক্তরা ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের ভাষ্যমতে, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত “দিপা চৌধুরী” ও “আরিফা ভাইরাল” নামের কথিত ভুয়া ফেসবুক আইডি নিয়ে এলাকায় বেশ কিছুদিন ধরে আলোচনা চলছিল। এ ঘটনায় কয়েকজন যুবক ইমন আহমদকে সন্দেহ করেন। অভিযোগ রয়েছে, বুধবার সকালে বিভিন্ন নম্বর থেকে ফোন করে তাকে গাছবাড়ী বাজারে দেখা করার জন্য ডাকা হয়।
ইমন বাজারে পৌঁছালে নয়াগ্রাম এলাকার জুবায়েরসহ কয়েকজন তার ওপর অতর্কিত হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে তাকে মারধর করা হয় এবং তার ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে আইডিগুলোর সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ খোঁজার চেষ্টা করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোবাইল ফোন ও অন্যান্য তথ্য যাচাই-বাছাইয়ের পর ইমনের বিরুদ্ধে কোনো ধরনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি। পরে স্থানীয় বাজার কমিটির মধ্যস্থতায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। এ সময় অভিযুক্তরা ভুল বোঝাবুঝির কথা স্বীকার করে ইমনের কাছে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন বলে জানা গেছে।
এ বিষয়ে ইমন আহমদ বলেন, “আমি কোনো ভুয়া ফেসবুক আইডির সঙ্গে জড়িত নই। শুধুমাত্র সন্দেহের বশবর্তী হয়ে আমাকে অপমান ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। এমন ঘটনার যেন আর পুনরাবৃত্তি না হয়, সেটাই চাই।”
স্থানীয় সচেতন মহল এ ঘটনাকে উদ্বেগজনক উল্লেখ করে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো অভিযোগ বা গুজব ছড়িয়ে পড়লে তা যাচাই ছাড়া কাউকে অভিযুক্ত করা কিংবা আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা এ ধরনের ঘটনার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়ার আহ্বান জানান।
এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, প্রমাণ ছাড়া কাউকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা এবং প্রকাশ্যে হামলার মতো ঘটনা সমাজে নেতিবাচক বার্তা দেয় এবং এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।
30/05/2026
ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার জাহাঙ্গীর স্ত্রীর ষড়যন্ত্রের শিকার ; ইউপি চেয়ারম্যান মাওলানা জামাল উদ্দিন
সিলেট-৫ |নিজস্ব প্রতিনিধি
সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বাউরভাগ (৩য় খণ্ড) গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলমকে নিজ কন্যাকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তারের ঘটনায় নতুন আলোচনা শুরু হয়েছে। মামলার অভিযোগে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তবে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর একটি অংশ ঘটনাটিকে পারিবারিক বিরোধের জের ধরে করা ষড়যন্ত্রমূলক মামলা বলে দাবি করেছেন।
মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী কিশোরীর মা অভিযোগ করেন যে, তিনি বাড়িতে ফিরে স্বামীকে মেয়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পান। বাধা দিতে গেলে তাকে মারধর করা হয়। পরে তিনি কানাইঘাট থানায় মামলা দায়ের করলে পুলিশ জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে।
এদিকে, ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা জামাল উদ্দিন আজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে দাবি করেন, জাহাঙ্গীর আলম স্ত্রীর ষড়যন্ত্রের শিকার হয়েছেন। তিনি বলেন, ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক অনুসন্ধান চালিয়ে তিনি এমন কোনো তথ্য পাননি যা অভিযোগকে সমর্থন করে। বরং স্থানীয় বহু মানুষ বিষয়টিকে পারিবারিক কলহের ফলাফল বলে মনে করছেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দাও অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের ভাষ্য, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল এবং সেই বিরোধ থেকেই মামলার সূত্রপাত হতে পারে। তবে অভিযোগকারী পক্ষ এ বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
কানাইঘাট থানা পুলিশ জানিয়েছে, মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণ ও সাক্ষ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, মামলার অভিযোগ এবং স্থানীয়দের পাল্টা দাবির মধ্যে প্রকৃত ঘটনা কী, তা তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে স্পষ্ট হবে। তাই আদালতের রায় না হওয়া পর্যন্ত অভিযোগকে প্রমাণিত ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই।
30/05/2026
নুন গাঙের উপর ব্রিজ নির্মাণের দাবিতে কানাইঘাট উন্নয়ন পরিষদের (কাপ) উদ্যোগে আজ একটি মানববন্ধন করা হয়েছে।
30/05/2026
ব্যাংককে আন্তর্জাতিক ‘বর্ষসেরা শিক্ষক’ সম্মাননা পাচ্ছেন কানাইঘাটের এক তরুণ
সিলেট-৫ |নিজস্ব প্রতিনিধি
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’ (বর্ষসেরা শিক্ষক) সম্মাননা পেতে যাচ্ছেন সিলেটের কানাইঘাট উপজেলার তরুণ শিক্ষাবিদ জয় দাস। আগামী ৩০ মে অনুষ্ঠিত আন্তর্জাতিক এ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে।
জয় দাস ‘লার্ন উইথ জয়’ (Learn with JOY) উদ্যোগের প্রতিষ্ঠাতা। তিনি দীর্ঘদিন ধরে ইংরেজি ভাষা শিক্ষা, আইইএলটিএস প্রস্তুতি এবং তরুণদের দক্ষতা উন্নয়নে কাজ করে আসছেন। বিশেষ করে গ্রাম ও মফস্বল এলাকার শিক্ষার্থীদের কাছে সহজ ও কার্যকর উপায়ে মানসম্মত শিক্ষা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছেন।
ওয়ার্ল্ড স্কুল সামিট কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান, নেতৃত্বগুণ এবং উদ্ভাবনী শিক্ষাকর্মের স্বীকৃতিস্বরূপ জয় দাসকে ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’ সম্মাননার জন্য মনোনীত করা হয়েছে।
সম্মেলনে বিশ্বের ৩৫টিরও বেশি দেশের শিক্ষক, শিক্ষাবিদ, নীতিনির্ধারক ও শিক্ষা উদ্যোক্তারা অংশগ্রহণ করবেন। সেখানে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে বৈশ্বিক শিক্ষার উন্নয়ন ও ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করবেন জয় দাস।
এবারের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের অলিম্পিক পদকজয়ী কুস্তিগির ।
এ অর্জন প্রসঙ্গে জয় দাস বলেন, “এই সম্মাননা শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়; এটি সিলেটসহ বাংলাদেশের শিক্ষা খাত, আমার শিক্ষার্থী এবং শুভাকাঙ্ক্ষীদের সম্মিলিত সাফল্য। আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি গর্বিত।”
শিক্ষাঙ্গনের সংশ্লিষ্টরা মনে করছেন, আন্তর্জাতিক পর্যায়ে একজন তরুণ বাংলাদেশির এ স্বীকৃতি দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও অনুপ্রাণিত করবে এবং নতুন প্রজন্মকে ইতিবাচক ও সৃজনশীল উদ্যোগে এগিয়ে যেতে উৎসাহ জোগাবে।
29/05/2026
মেয়েকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে কানাইঘাটে বাবা গ্রেপ্তার,স্থানীয়দের দাবী- স্ত্রীর ষড়যন্ত্রের শিকার স্বামী
সিলেট-৫ |নিজস্ব প্রতিনিধি:
সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বাউর বাঘ (৩য় খণ্ড) গ্রামে নিজের কন্যাকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে কন্যাকে শ্লীলতাহানির চেষ্টা এবং তাকে মারধরের অভিযোগ এনে কানাইঘাট থানায় মামলা দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে।
তবে ঘটনার পর স্থানীয় অনেক বাসিন্দা অভিযোগটিকে পারিবারিক বিরোধের জের ধরে সাজানো মামলা বলে দাবি করেছেন। তাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল এবং সেই বিরোধের জেরেই এ মামলা দায়ের করা হয়ে থাকতে পারে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা নিয়ে এলাকায় নানা প্রশ্ন রয়েছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কানাইঘাট থানা পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে এবং তদন্তে যা পাওয়া যাবে, সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, অভিযোগের বিষয়ে এখনো আদালতে বিচারিক প্রক্রিয়া চলমান থাকায় এর সত্যতা সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। তদন্ত ও আদালতের রায়ের মাধ্যমেই ঘটনার প্রকৃত সত্যতা নির্ধারিত হবে।
29/05/2026
নিজের মেয়ের শ্লীলতাহানির চেষ্টা: কানাইঘাটে পাষণ্ড পিতা গ্রেপ্তার
সিলেট-৫ |নিজস্ব প্রতিনিধি
সিলেটের কানাইঘাট উপজেলায় নিজের ১৩ বছর বয়সী কন্যাকে শ্লীলতাহানির চেষ্টা এবং স্ত্রীকে মারধরের অভিযোগে জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বাউর বাঘ (৩য় খণ্ড) গ্রামে এ ঘটনাটি ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর মা সুরই নদীতে ওযু শেষে বাড়িতে ফিরে স্বামী জাহাঙ্গীর আলমকে নিজের মেয়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এ সময় তিনি বাধা দিতে গেলে অভিযুক্ত ব্যক্তি ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায় এবং এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে।
পরিবার সূত্রে আরও জানা যায়, ঘটনাটি কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেন অভিযুক্ত জাহাঙ্গীর আলম।
এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে কানাইঘাট থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
কানাইঘাট থানার একটি সূত্র জানায়, ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ভুক্তভোগীদের নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
27/05/2026
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট-৫ পরিবারের পক্ষ থেকে দেশ-বিদেশে অবস্থানরত সকল পাঠক, শুভানুধ্যায়ী ও মুসলিম উম্মাহকে জানাই আন্তরিক ঈদ মোবারক।
ত্যাগ, সৌহার্দ্য ও মানবতার মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল আজহা। এই ঈদ আমাদের জীবনে বয়ে আনুক শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন।
সবার জীবন আনন্দে ভরে উঠুক, দূর হোক সকল দুঃখ-কষ্ট। মহান আল্লাহ তায়ালা আমাদের সকলের কোরবানি কবুল করুন এবং দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে আনুন।
ঈদ মোবারক
— সম্পাদক
সিলেট-৫
27/05/2026
26/05/2026
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ক্বারী হারুনুর রশীদ চতুলীর শুভেচ্ছা
সিলেট-৫ |নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীসহ দেশে-বিদেশে অবস্থানরত সর্বস্তরের মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন জমিয়তে উলামা বাংলাদেশ-এর সহকারী মহাসচিব ক্বারী মাওলানা হারুনুর রশীদ চতুলী।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদ মানে শুধু আনন্দ-উৎসব নয়, বরং এটি ত্যাগ, সম্প্রীতি, ভালোবাসা ও মানবিকতার শিক্ষা দেয়। ঈদের প্রকৃত শিক্ষা হলো সমাজের গরীব-দুঃখী মানুষের পাশে দাঁড়ানো এবং সকলকে নিয়ে আনন্দ ভাগাভাগি করা।”
তিনি আরও বলেন, “পবিত্র ঈদুল আযহা আমাদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। আসুন, আমরা ঈদকে কেন্দ্র করে হিংসা-বিদ্বেষ ভুলে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হই এবং সমাজে শান্তি ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দেই।”
শুভেচ্ছা বার্তায় তিনি জমিয়তে উলামা বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সম্মানিত দায়িত্বশীলবৃন্দ, দেশে ও প্রবাসে থাকা দলীয় নেতাকর্মী, কানাইঘাট উপজেলা বাসী এবং ৫ নং বড়চতুল ইউনিয়নের সর্বস্তরের জনগণের প্রতি পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
Click here to claim your Sponsored Listing.
Location
Address
Sylhet
