04/11/2026
‘আসিয়া’ এফডিসিতে চিত্রায়িত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে সর্বাধিক পরিচিত। এটি বাংলাদেশে (তৎকালীন পূর্ব পাকিস্তান) নির্মিত অন্যতম গুরুত্বপূর্ণ সামাজিক-নাট্যধর্মী চলচ্চিত্র এবং ঢালিউডের চলচ্চিত্র ইতিহাসে একটি মাইলফলক। পূর্বাণী চিত্রের ব্যানারে চলচ্চিত্রটি প্রযোজনা ও পরিচালনা করেন প্রখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব ফতেহ লোহানী। চলচ্চিত্রটির কাহিনী ও সংলাপ রচনা করেন নাজির আহমদ এবং চিত্রনাট্য রচনা করেন পরিচালক নিজেই। কাজী মেসবাহউজ্জামান এর অনবদ্য চিত্রধারণে গ্রামীণ বাংলার জীবন, প্রেম, সামাজিক বৈষম্য এবং মানবিক মূল্যবোধ গভীর সংবেদনশীলতায় ফুটে উঠেছে এ চলচ্চিত্রে। চলচ্চিত্রটির নাম ভূমিকায় অভিনয় করেন সুমিতা দেবী। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেন শহীদ, কাজী খালেক, ভবেশ মুখোপাধ্যায় ও মাধুরী চট্টোপাধ্যায়। চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করেন সমর দাস। এ চলচ্চিত্রের বিভিন্ন গানে সুরারোপ করেন বাংলা লোকগানের সুরের পাখি আব্বাসউদ্দীন আহমদ ও বিভিন্ন গানে কন্ঠ দেন ফেরদৌসী রহমান, মাহবুবা রহমান, হুসনা বানু খানম, মুস্তাফা জামান আব্বাসী, রওশন আরা, শামসুন্নাহার করিম। এছাড়া জারিগানে কণ্ঠ দিয়েছেন আব্দুল হালিম ও হাজেরা বিবি। আশু ঘোষ সম্পাদিত এ চলচ্চিত্রটি ১৯৬০ সালের ৪ নভেম্বর মুক্তি পায়।
#বাংলা_চলচ্চিত্র #ঢালিউড #এফডিসি