08/10/2026
প্রেস বিজ্ঞপ্তি
তারিখ - ০৮/১০/২০২৬
প্রতি,
বার্তা সম্পাদক,
মহাশয়/মহাশয়া,
বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পারছি যে রাজ্যে চলমান স্কুল বাঁচাও আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মী ও সিজেপি সদস্য আব্দুল হাফিজ ঋককে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ; আব্দুল ছাড়াও সিজেপি পশ্চিমবঙ্গের আরও কয়েকজন সদস্যকে গ্রেফতারির খবর আসছে৷ তাদের অজ্ঞাত স্থানে আটক করে রাখা হয়েছে বলেই জানা যাচ্ছে৷ আন্দোলনকারীদের উপর পুলিশি আগ্রাসনের এই ঘটনাকে আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি ও অবিলম্বে আব্দুল-সহ গ্রেফতার হওয়া সমস্ত সাথীদের মুক্তির দাবী জানাচ্ছি।
শিক্ষার পরিকাঠামোর উন্নয়ন ও এসআইআর-এর মাধ্যমে ব্যাপক অংশের সাধারণ মানুষের ভোটাধিকার হরণের বিরুদ্ধে সারাদেশ জুড়ে প্রতিবাদরত শিক্ষার্থী যুবদের উপর পুলিশ ও বিজেপি-আরএসএস-এর গুন্ডাবাহিনীর ফ্যাসিবাদী আক্রমণ ভারতের বুনিয়াদি গণতান্ত্রিক ঐতিহ্যের পরিপন্থী।
আগামী ১০ ও ১১ অক্টোবর তারিখে যথাক্রমে দিল্লী ও পশ্চিমবঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারের পদত্যাগ, অগণতান্ত্রিক এসআইআর পদ্ধতি বাতিল ও দেশব্যাপী ফ্যাসিবাদী আগ্রাসনের বিরুদ্ধে রাস্তায় নামতে চলেছে ভারতের নতুন প্রজন্ম।
আমরা এই রাজ্যের ৮টি বামপন্থী সংগঠন ও আপামর ছাত্র সমাজের তরফে আগামী ১১ তারিখ শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড অব্দি এক প্রতিবাদী মিছিল সংগঠিত করতে চলেছি দুপুর ২:৩০টে থেকে৷ এই রাজ্যের সমস্ত শিক্ষার্থী যুবদের তথা আপামর রাজ্যবাসীকে আমরা আহ্বান জানাচ্ছি এই মিছিলে অংশীদারিত্ব করার জন্যে। দেশের গণতান্ত্রিক পরিসরকে রক্ষা করতে ও কর্পোরেট-সাম্প্রদায়িক ফ্যাসিবাদি আগ্রাসনকে পরাস্ত করতে সমাজের সমস্ত স্তরের ঐক্য একমাত্র বিকল্প।
সংগ্রামী অভিনন্দন
পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি ও পরিষদ
বামপন্থী ছাত্র সংগঠন সমূহ