26/05/2026
জগন্নাথ হলে প্রতিবন্ধী শিক্ষার্থীর ওপর হামলায় জড়িত ছাত্রদল কর্মীদের তদন্ত সাপেক্ষে শাস্তির দাবি
গত ২৪ মে ২০২৬, সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে অবস্থিত রবীন্দ্র ভবনে শারীরিক প্রতিবন্ধী এক শিক্ষার্থী নিজের কক্ষে ছাত্রদল কর্মীদের সন্ত্রাসী হামলা ও লাঞ্ছনার শিকার হয়েছেন। আক্রান্ত শিক্ষার্থী এই বিষয়ে ফেসবুক পোস্টে লিখেছেন, চায়ের দোকানে পা তুলে বসার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার ওপর সংঘবদ্ধভাবে হামলা চালায় জগন্নাথ হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ঝলক দাস, চন্দন দাস ও রিপন চন্দ্র সরকার এবং ছাত্রদল কর্মী সাগর।
এই ঘটনার প্রেক্ষিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোজাম্মেল হক এবং সাধারণ সম্পাদক আকাশ আলী এক যৌথ বিবৃতিতে বলেন, “একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এরকম হামলার ঘটনা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এটা ক্যাম্পাসগুলোতে দখলদারিত্ব, ভয়ের পরিবেশ, ভিন্ন মতকে দমনের পুরোনো রাজনৈতিক সংস্কৃতির পুনরাবৃত্তিরই অংশ । অথচ, গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল দখলদারিত্ব, ভয়ের পরিবেশ, ভিন্ন মত দমনের মতো শিক্ষা এবং শিক্ষার্থী স্বার্থ বিরোধী অপরাজনৈতিক সংস্কৃতিকে পুনঃপ্রতিষ্ঠিত হবে না।"
তারা আরও বলেন, “ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল অভিযুক্তদের বহিষ্কার এবং হল প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছে বলে আমরা অবগত হয়েছি। এই ঘটনার ক্ষেত্রে বিচারহীনতা বা দায়সারা বিচার সামনের দিনে ক্যাম্পাসে এ ধরনের ঘটনা আরও বাড়াবে। তাই আমাদের দাবি- অবিলম্বে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের সাংগঠনিক এবং প্রশাসনিকভাবে দৃশ্যমান বিচারের আওতায় আনতে হবে এবং ভুক্তভোগীসহ শিক্ষাঙ্গনে সকল শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।"
নেতৃবৃন্দ ক্যাম্পাসে দখলদারিত্ব, ভয়ের পরিবেশ, ভিন্ন মত দমনের মতো শিক্ষা এবং শিক্ষার্থী স্বার্থ বিরোধী রাজনৈতিক সংস্কৃতি পুনঃপ্রতিষ্ঠার অপচেষ্টার বিরুদ্ধে শিক্ষার্থীদেরকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন।
বার্তা প্রেরক-
রাজেকুজ্জামান জুয়েল
সদস্য, ঢাবি কমিটি
০১৯৮০-৮০৬৫৫১
18/05/2026
জাবির ব্যর্থ প্রক্টরকে অবিলম্বে পদত্যাগ করতে হবে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণচেষ্টার বিচারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে গণতান্ত্রিক ছাত্র জোটের বিক্ষোভ সমাবেশ ও মিছিলে যুক্ত হোন।
১৯ মে ২০২৬, মঙ্গলবার, বিকাল ৪ টা
টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়
18/05/2026
ধর্ষণ, হত্যাচেষ্টা ও একের পর এক যৌন হেনস্তার বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমাবেশ ও মশাল মিছিল অনুষ্ঠিত।
14/05/2026
কুয়েত মৈত্রী হলে সুপেয় পানি ও মানসম্মত খাবার এবং আক্রান্ত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে দূষিত পানি পান করে গত কয়েকদিনে হলের অনেক শিক্ষার্থী পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছেন। আরও অনেকেই স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। এই সংকট সমাধানের দাবিতে দেওয়া এক যৌথ বিবৃতিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোজাম্মেল হক এবং সাধারণ সম্পাদক আকাশ আলী বলেন, “গত দুই সপ্তাহ ধরে দূষিত পানি পান এবং মানহীন খাবার খেয়ে অসংখ্য শিক্ষার্থী আক্রান্ত হয়েছেন, স্বাস্থ্যঝুঁকিতে আছেন। তাদের অনেকেই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এই সংকট সমাধানে হল প্রশাসনকে ত্বরিতগতিতে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায় নি। আক্রান্ত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টার থেকেও পর্যাপ্ত স্বাস্থ্য সেবা পাচ্ছেন না।"
তারা আরও বলেন, “সংকট সমাধান তো করেই নি, বরং এই বিষয় নিয়ে কথা বলার জন্যে প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের চাপ প্রয়োগের ঘটনা ঘটেছে। এটা হলের গণতান্ত্রিক পরিবেশের ঘাটতি, প্রশাসনের স্বেচ্ছাচারিতা এবং জবাবদিহিতার অভাবেরই প্রমাণ।"
এই উদ্ভূত পরিস্থিতি সমাধানে সংগঠনের পক্ষ থেকে তারা দাবি জানান-
১. হলে সুপেয় পানি ও মানসম্মত খাবার নিশ্চিত করতে অবিলম্বে কার্যকর উদ্যোগ নিতে হবে।
২. অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার দায়ভার প্রশাসনকে নিতে হবে।
৩. হল প্রশাসনের উদাসীনতা, চরম অব্যবস্থাপনা ও পরিকল্পনাহীনতার জবাবদিহিতা করতে হবে।
৪. হলে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে।
বার্তা প্রেরক-
রাজেকুজ্জামান জুয়েল
সদস্য, ঢাবি কমিটি
০১৯৮০-৮০৬৫৫১
14/05/2026
কুয়েত মৈত্রী হলের সংকট সমাধানে-
১. হলে সুপেয় পানি ও মানসম্মত খাবার নিশ্চিত করতে অবিলম্বে কার্যকর উদ্যোগ নাও।
২. অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার দায়ভার প্রশাসনকে নিতে হবে।
৩. হল প্রশাসনের উদাসীনতা, চরম অব্যবস্থাপনা, পরিকল্পনাহীনতার জবাবদিহিতা করতে হবে।
৪. হলে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করো।
13/05/2026
আজ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর আয়োজনে "হাম আক্রান্ত শিশুদের মৃত্যুর মিছিল থামাতে অতিদ্রুত পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ করা এবং শিক্ষাখাতে জিডিপির ৬ শতাংশ ও স্বাস্থ্যখাতে ৫ শতাংশ বরাদ্দের দাবিতে" অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।
১৩ মে, সকাল ১১.৩০ মিনিট
ঢাকা বিশ্ববিদ্যালয়
12/05/2026
হাম আক্রান্ত শিশুদের মৃত্যু মিছিল থামাতে অবিলম্বে পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ, শিক্ষাখাতে জিডিপির ৬ ভাগ ও স্বাস্থ্যখাতে জিডিপির ৪ ভাগ বরাদ্দের দাবিতে Socialist Students’ Front সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর উদ্যোগে অর্থ মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি পেশ কর্মসূচিতে অংশগ্রহণ করুন।
১৩ মে ২০২৬, সকাল ১১:৩০টা
অপরাজেয় বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়।
03/05/2026
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর মুখপত্র অনুশীলন এর এপ্রিল-২০২৬ সংখ্যা প্রকাশিত হয়েছে। আপনার সংখ্যাটি সংগ্রহ করুন।