25/04/2026
প্রেস বিজ্ঞপ্তি
প্রীতি ফুটবল ম্যাচে রানার্স আপ জাবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৫ এপ্রিল ২০২৬
বিশ্ব মেধাসম্পদ দিবস উপলক্ষে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে টাইব্রেকারে ৫-৬ গোলে হেরে রানার্স আপ হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। নির্ধারিত সময়ে খেলাটি ০-০ গোলে অমীমাংসিত ছিলো। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ফুটবল কমিটির সভাপতি ড. মুহা. রফিকুল ইসলাম, শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়া, ডাকসু’র জিএস এস এম ফরহাদ, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন-সহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
ড. মোহাম্মদ মহিউদ্দিন
পরিচালক (ভারপ্রাপ্ত)
14/04/2026
প্রেস বিজ্ঞপ্তি
বাংলা বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত
নতুন বছরের আমাদের অঙ্গীকার হোক ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা -জাবি উপাচার্য
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৪ এপ্রিল ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুরুত্থান’ প্রতিপাদ্য ধারণ করে বর্ষবরণ বৈশাখী শোভাযাত্রা ও পহেলা ˆবশাখ ১৪৩৩ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল সোয়া আটটায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান তাঁর বাসভবনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কমর্চারীদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন। উপাচার্য তাঁর বাসভবনে আগত সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। বাসভবনে ‘এসো হে বৈশাখ এসো এসো’ গানসহ বাংলা নববর্ষের গান বাজানো হয় এবং আগত অতিথিদের মধ্যে জিলাপী, সন্দেশ, কদমা, তরমুজ, আমের শরবত, বাতাসা, মুড়ি, খৈ ইত্যাদি বাঙালি খাবার পরিবেশন করা হয়।
শুভেচ্ছা বিনিময়ের পর উপাচার্য সকাল পৌনে দশটায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ও মানবিকী অনুষদ চত্বরে মৃৎ মঞ্চে বর্ষবরণ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১লা বৈশাখের কর্মসূচির উদ্বোধন করেন এবং সেখান থেকে বৈশাখী শোভাযাত্রা বের হয়। বর্ষবরণ বৈশাখী শোভাযাত্রা উদ্বোধনকালে উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংস্কৃতির রাজধানী হিসেবে পরিচিত এবং এ বছর নববর্ষের আয়োজনে বৈচিত্র্য বিগত যে কোনো সময়ের চেয়ে অনন্য। আমাদের লক্ষ্য কেবল মেধাবীদের কর্মজীবনের জন্য প্রস্তুত করা নয়, বরং নৈতিকভাবে একজন আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলা। তিনি বলেন, গতকাল চৈত্র সংক্রান্তিতে আমরা বিগত বছরের দুঃখ-কষ্ট পেছনে ফেলে ভালোকে ধারণ করে অগ্রসর হতে চাই। ‘ভালো’ হোক আমাদের প্রেরণার উৎস। উপাচার্য নতুন বছরের এই মাহেন্দ্রক্ষণে আমাদের অঙ্গীকার করি, আমরা যেন ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল থাকি এবং মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ বিনির্মাণে ভূমিকা রাখি।
বর্ষবরণ বৈশাখী শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের সেলিম আল-দীন মুক্তমঞ্চে গিয়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, বিভিন্ন অনুষদের ডিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, প্রক্টর, হল প্রভোস্ট, জাকসু’র ভিপি ও অন্যান্য নেতৃবৃন্দ, মহিলা ক্লাবের সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কমর্চারী, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং জাবি স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে উপাচার্য টিএসসি চত্বরে মেলা উদ্বোধন করেন। উপাচার্য বাংলা বিভাগ, দর্শন বিভাগ, ইংরেজি বিভাগ, সরকার ও রাজনীতি বিভাগ, ভূগোল ও পরিবেশ বিভাগে আয়োজিত বর্ষবরণের অনুষ্ঠানে যোগ দেন এবং আগত সকলের সাথে বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন।
দিবসটি উপলক্ষে উপাচার্য জাকসু’র ভিপি আব্দুর রশিদ জিতু’র আয়োজনে মধ্যাহ্ন ভোজে যোগ দেন। তিনি, বিশ্ববিদ্যালয়ের মহিলা ক্লাব আয়োজিত মধ্যাহ্ন ভোজেও অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদানকেন্দ্র, জাকসু’র সমন্বয়ে বিকালে বিশ্ববিদ্যালয়ের সেলিম আল-দীন মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
13/04/2026
প্রেস বিজ্ঞপ্তি
মহিলা ক্লাবের ৩ দিনব্যাপী বৈশাখী মেলা উদ্বোধন। জাকসুর ভেলাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত //
'চৈত্র সংক্রান্তি বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ'
- উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৩ এপ্রিল ২০২৬
চৈত্রের শেষ দিনে চৈত্র সংক্রান্তি পালন বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। পুরাতন বছরের দুঃখ-গ্লানি ভুলে নতুন বছরকে আনন্দময় করতে চৈত্র সংক্রান্তিতে বাংলাভাষী মানুষ নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করে। এ কারণে চৈত্র সংক্রান্তি বাঙালি সংস্কৃতির ঐতিহ্যের প্রতীক হিসেবেও গণ্য। আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মহিলা ক্লাব আয়োজিত চৈত্র সংক্রান্তি, বর্ষবরণ এবং ৩ দিনব্যাপী বৈশাখী মেলা উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান এসব কথা বলেন। উপাচার্য তাঁর বক্তব্যে আরও বলেন, চৈত্র সংক্রান্তিতে বিগত বছরকে বিদায় জানানো হয় নতুন বছরের শুভ আগমনের প্রত্যাশায়। উপাচার্য তাঁর বক্তব্যে নতুন বছর সকলের জন্য কল্যাণ বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন। মহিলা ক্লাব পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান কলতান বিদ্যানিকেতনের মাঠে আয়োজিত এ মেলায় হস্তশিল্প, কারুশিল্প, ভোগপণ্য, পোশাক-পরিচ্ছদসহ নানা ধরনের স্টল সাজানো হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের পর উপাচার্য এসব স্টল ঘুরে দেখেন। এ সময় অন্যান্যের মধ্যে সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. শামছুল আলম, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহরুহী সাত্তার, মহিলা ক্লাবের সভাপতি উপাচার্যপত্নী ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক কামরুন নেছা খন্দকার, মহিলা ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নাসরীন সুলতানা, কলতান বিদ্যানিকেতনের অধ্যক্ষ (ইনচার্জ) সানজিদা ইসলাম, মহিলা ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ভেলাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত
চৈত্র সংক্রান্তি উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) আয়োজনে কালচারাল সেক্রেটারি মো. মহিবুল্লাহ শেখ জিসানের তত্ত্বাবধানে আজ ভেলাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলাভবনের পূর্বপাশের জলাশয়ে বেলা সাড়ে এগারোটায় এই ভেলাবাইচে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ১১টি হলের শিক্ষার্থী প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান ভেলাবাইচ প্রতিযোগিতা উদ্বোধন করেন এবং প্রতিযোগিতা প্রত্যক্ষ করেন। অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. শামছুল আলম, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহরুহী সাত্তার, বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন আবু সাঈফ মো. মুনতাকিমুল বারী চৌধুরী, প্রক্টর অধ্যাপক ড. এ.কে.এম. রাশিদুল আলম, জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু, জিএস মো. মাজহারুল ইসলাম, এজিএস (পুরুষ) ফেরদৌস আল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
বৈশাখী শোভাযাত্রা ও অন্যান্য অনুষ্ঠান
আগামীকাল ১লা বৈশাখ (১৪ এপ্রিল ২০২৬) বাংলা নববর্ষের প্রথম দিন উপলক্ষে সকাল ৮.১৫ মিনিটে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান তাঁর বাসভবনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করবেন। সকাল ১০.৩০ মিনিটে প্রশাসনের উদ্যোগে চারুকলা বিভাগের তত্ত্বাবধানে পুরাতন কলাভবন সংলগ্ন মৃৎ মঞ্চ থেকে বর্ষবরণ বৈশাখী শোভাযাত্রা শুরু হয়ে সেলিম আল-দীন মুক্তমঞ্চে গিয়ে শেষ হবে। এছাড়াও বাংলা নববর্ষ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিভিন্ন অনুষদ, বিভাগ, অফিস এবং জাকসুর আয়োজনে নানা ধরনের অনুষ্ঠান পালন করা হবে।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
12/04/2026
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা..