19/07/2020
বই পড়ুন! নিজেকে ও পরিবারের সদস্যদের সমৃদ্ধ করুন!
জ্যোতি বসু (৮ জুলাই, ১৯১৪ - ১৭ জানুয়ারি, ২০১০)। ডাক্তার নিশিকান্ত বসু ও হেমলতা বসুর তৃতীয় সন্তান জ্যোতি বসুর শৈশব কেটেছে আমাদের এই সোনারগাঁ উপজেলার বারদী গ্রামে। পিতা নিশিকান্ত ছিলেন এক প্রথিতযশা ডাক্তার এবং মা হেমলতা ছিলেন এক গৃহবধূ। ১৯২০ সালে স্বপরিবারে তাঁরা কলকাতায় পাড়ি জমান। ১৯৭৭ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত একটানা তেইশ বছর জ্যোতি বসু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনিই ছিলেন ভারতের দীর্ঘতম মেয়াদের মুখ্যমন্ত্রী।ভারতের প্রধানমন্ত্রী হিসাবেও কয়েকবার তাঁর নাম প্রস্তাব করা হয়েছিলো।ছাত্রাবস্থায় উচ্চশিক্ষার্থে ইংল্যান্ডে গিয়ে কমিউনিস্ট ভাবাদর্শে উদ্বুদ্ধ হন বসু। বাংলাদেশের একজন অকৃত্তিম বন্ধু ছিলেন তিনি।
আজ কিছুটা সময় আমি সেই মহান ব্যক্তিত্ত্বের স্মৃতি বিজড়িত বাড়ীতে কাটিয়েছি। সেখানে গড়ে উঠেছে একটি লাইব্রেরী ও সেমিনার হল। লাইব্রেরীটি পুস্তক সমারোহে যথেষ্ট সমৃদ্ধ না হলেও প্রাকৃতিক মনোরম পরিবেশে এখানে রয়েছে বই পড়ার অফুরন্ত সুযোগ।
এই লাইব্রেরীটি আরো ঢেলে সাজাতে আমার নিজস্ব কিছু পরিকল্পনার কথা আমি লাইব্রেরি কতৃপক্ষকে জানিয়েছি। যেমনঃ পাঠকের জন্য পেইড বেসিস চা /কফির ব্যবস্থা রাখা, জ্যোতি বসুর জীবন সংগ্রাম পাওয়ার পয়েন্ট এর মাধ্যমে উপস্থাপন, দর্শনার্থীদের জন্য শেড তৈরী, একটি শিশু কর্ণার তৈরী করা। উপজেলা প্রশাসন এই বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করবে ইনশাআল্লাহ।
সমাজের বিত্তবানদের কাছে অনুরোধ লাইব্রেরিটিকে সমৃদ্ধ করে তুললে আপনিও কিছু বই উপহার হিসাবে দিন। আপনি ও পরিবারের সদস্যদের নিয়ে লাইব্রেরীতে আসুন বই পড়ুন।
আসলে ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হলে একটি মেধা ও প্রযুক্তিগত জ্ঞানসম্পন্ন প্রজন্ম গড়ে তোলার কোন বিকল্প নেই আমাদের হাতে। তাই আসুন নিজে বই পড়ুন! নিজেকে ও পরিবারের সদস্যদের সমৃদ্ধ করুন!
12/07/2020
"উদোর পিন্ডি বুদোর ঘাড়ে"
( To make cat’s paw of person.)
আচ্ছা ধরুন আপনি একটি বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন। এমন সময় দেখলেন আপনার অদূরে এক ছিনতাইকারী একজন নিরীহ লোকের মানিব্যাগ ছিনতাই করে দৌড়ে পালিয়ে যাচ্ছে। মূহুর্তেই আপনি ছিনতাইকারীকে ধাওয়া করলেন মানিব্যাগ উদ্ধারের জন্য। অনেকটা দৌড়ে ছিনতাইকারীর সাথে ধ্বস্তাধ্বস্তি করে কিছুটা আহত হয়ে আপনি মানিব্যাগটি উদ্ধার করলেন। এরপর বাসস্ট্যান্ডে ফিরে এলেন নিরীহ লোকটিকে মানিব্যাগটি অক্ষত অবস্থায় ফিরিয়ে দেয়ার জন্য। এসে দেখলেন মানিব্যাগ হারানো লোকটিকে ঘিরে অনেক লোকের ভীড়। আপনি ভীড় ঠেলে লোকটির সামনে যাওয়ার চেষ্টা করলেন। এমন সময় ভীড়ের মধ্যে লুকিয়ে থাকা ছিনতাইকারীর এক সহযোগী চিৎকার করতে লাগলো "এই যে দেখেন ছিনতাইকারী! এই যে দেখেন তার হাতে মানিব্যাগ "
এরপর আপনি কিছু বুঝে উঠার আগেই আপনার হাতে মানিব্যাগ দেখে ভীড়ের লোকজন গনপিটুনি দিয়ে আপনাকে অজ্ঞান করে পুলিশে দিয়ে দিলো!
আচ্ছা হাসপাতালে জ্ঞান ফেরার পর আপনার অনুভূতি কেমন হবে বলুন তো !!
পরিতাপের বিষয় এই যে, গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী আমার অনূভুতিও এখন ওই মানিব্যাগ উদ্ধার করতে যাওয়া লোকটির মতই! টাকা উদ্ধারের জন্য আমি নিজেই চেক বাতিল করলাম আর আমাকেই বানিয়ে দিচ্ছেন...???
সংযুক্ত ছবিতে দেখা পত্রিকায় প্রকাশিত খবরটির প্রেক্ষিতে প্রকৃত সত্যটি আপনাদের কাছে তুলে ধরছি। কারন আমি সোনারগাঁবাসীর কাছে সত্যিই দায়বদ্ধ।
প্রিয় সোনারগাঁবাসী,
ঈদুল ফিতর এর আগে কোরনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী সোনারগাঁ উপজেলায় ৫৯৭ টি মসজিদের সম্মানিত ঈমাম মুয়াজ্জিনগনের জন্য পাঁচ হাজার টাকা করে বরাদ্দ প্রদান করেন।
এখানে লক্ষনীয় বিষয় এই যে ইসলামিক ফাউন্ডেশন সোনারগাঁ শাখা আমাকে না জানিয়েই তালিকাটি জেলাতে প্রেরন করে! এটি কেনো করেছে আমার বোধগম্য নয়!!
ইসলামিক ফাউন্ডেশন এর প্রেরিত তালিকা অনুযায়ী চেক প্রস্তুত করার জন্য আমি নিজে তাৎক্ষণিক নির্দেশনা প্রদান করি। প্রস্তুতচেক স্বাক্ষরের সময় আমার কাছে কিছু অসামঞ্জস্যতা ধরা পড়ে যেমনঃ
১. মোট ৮২ টি মসজিদের নাম দুইবার করে দেয়া হয়েছে। সাথে সাথে আমি সেই চেকগুলি নিজের হাতে লাল কালিতে লিখে বাতিল করি।
(৮২×৫০০০= ৪,১০,০০০/- চার লক্ষ দশ হাজার টাকা) এবং অই চার লক্ষ দশ হাজার টাকা বাদপড়া মসজিদে বরাদ্দ প্রদানের নির্দেশনা দেই। মসজিদের নাম সংগ্রহ করতে এই পেজে একটি স্টেটাসও দেই।
২। ইসলামিক ফাউন্ডেশন এর প্রস্তুতকৃত তালিকা হতে মাননীয় সাবেক সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান মহোদয়,আওয়ামীলীগের বর্ষীয়ান অনেক রাজনীতিবিদের মসজিদের নাম সহ ঐতিহ্যবাহী অনেক মসজিদের নাম কে বা কাহারা কৌশলে বাদ দেয়!!
পরে বিস্তারিত তদন্ত করে জানতে পারি ইসলামিক ফাউন্ডেশনের আল আমিন নামের একজন ফ্লিড সুপারভাইজার কৌশলে টাকা হাতিয়ে নেয়ার জন্য এবং আমাকে আওয়ামীলীগের রাজনীতিবিদগনের কাছে বিতর্কিত করার জন্য দুরভিসন্ধিমূলকভাবে এই কাজটি করেছে। তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য মন্ত্রনালয়ে একটি প্রতিবেদন দেই।
হাস্যকর বিষয় এই যে, প্রকাশিত সংবাদটির পত্রিকার প্রতিনিধি আমার ও ফ্লিড সুপারভাইজার এর সাথে কোন কথা না বলেই আমাদের উদ্ধৃতি দিয়ে দিয়েছে!! এর কি কারণ থাকতে পারে? একের পর এক প্রকাশিত খবর অনুযায়ী আমার অবস্থাও এখন ওই মানিব্যাগ উদ্ধার করতে যাওয়া লোকটির মতই!! আমি নিজেই চেক বাতিল করলাম আর আমাকেই বানিয়ে দিচ্ছেন...???
প্রিয় সোনারগাঁবাসী,
এইসব সংবাদ মাধ্যমকে ব্যবহার করা ছাড়াও আরো অনেকভাবেই স্বার্থক্ষুন্ন হওয়া যে সকল কুচক্রীমহল বোকা বানিয়ে সোনারগাঁবাসীকে ধোকা দেয়ার চেষ্টা করছে- আসুন তাদের জন্য দুহাত তুলে প্রার্থনা করি। মহান সৃষ্টিকর্তা যেনো তাদের মনোবৈকল্যতা দুর করে দ্রুত সুস্থতা দান করেন। আমিন।
29/06/2020
আজকের প্রথম আলোর সম্মাদকীয়'তে সোনারগাঁওয়ের সোনার ছেলেরা। ধন্যবাদ প্রথম আলোর সম্পাদক মল্ডলী।
25/06/2020
সোনারগাঁয়ে কে আসল দূর্নীতিবাজ!!!
আমার প্রিয় সোনারগাঁবাসী
আপনারা নিশ্চয়ই পত্রিকা মারফত অবগত হয়েছেন যে, আপনাদের ইউএনও একজন মহা দূর্নীতিবাজ!! এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে দূর্নীতিদমন কমিশনসহ বিভিন্ন উর্দ্বতন দপ্তরে লিখিত অভিযোগ প্রেরণ করা হয়েছে। অভিযোগটির আদ্যপ্রান্ত ও প্রকৃত ঘটনা আপনাদের একজন সেবক হিসেবে আপনাদের জ্ঞাতার্থে সবিনয়ে তুলে ধরছি। যিনি অভিযোগ করেছেন তিনি একজন ঠিকাদার। ঘটনার সংক্ষিপ্ত বিবরণঃ
দুধঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় চারকক্ষ বিশিষ্ট আধাপাকা একটি টিনশেড ভবন নিলামে বিক্রির জন্য দরপত্র আহ্বান করা হয়। সর্বোচ্চ দরদাতা ২৫,৫০০ টাকায় নিলামটি পেয়েছেন। যিনি দূর্নীতির অভিযোগ করেছেন তিনি দর দিয়েছিলেন ২১,০০০/- টাকা। সর্বোচ্চ দরদাতাকে নিলামটি সরকারিভাবে প্রদান করে ২৫,০০০/- টাকা চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেয়া হয় (ছবি সংযুক্ত)।
যিনি অভিযোগ করেছেন সেই ঠিকাদারের সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের জন্য তুলে ধরছিঃ
০১। অভিযোগে নাম ব্যবহার করা হয়েছে মোঃ মোরশেদ কিন্তু মোবাইল নাম্বার ব্যবহার করা হয়েছে মোজাম্মেল হক এর (০১৮১২-১৫২৮৮১)।
০২। ২০১৮ সালে কাঁচপুর হাইওয়ে থেকে মোশারফ চেয়ারম্যানের বাড়ি পর্যন্ত রাস্তার কাজ না করেই বিল দাখিল করেন পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও গ্রামের ঠিকাদার মোঃ মোজাম্মেল হক এবং তাকে বিল না দেওয়ায় দুদকে মিথ্যা অভিযোগ করে সোনারগাঁয়ের উপ-সহকারী প্রকৌশলীকে গ্রেফতার করান।
০৩। স্কুলে অতিব নিম্নমানের কাজ করায় এবং সঠিকভাবে কাজ বুঝে নিতে চাওয়ায় শাহচিল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে চুরির অভিযোগে থানায় জিডি দায়ের করেন।
০৪। কাজ না করে বিল দাখিল করার কুখ্যাতি রয়েছে উক্ত ঠিকাদারের।
এবার আপনারা বলুন কে আসল দূর্নীতিবাজ?
ইউএনও? অভিযোগকারী ঠিকাদার? যে সাংবাদিক যাচাই না করে অর্থের বিনিময়ে মনগড়া সংবাদ প্রকাশ করেছেন? নাকি যে প্রভাবশালী ব্যক্তি এই অভিযোগটি করিয়েছেন?
আপনাদের কাছে আমার ছোট্ট একটি প্রশ্ন সোনারগাঁয়ের ইউএনও যদি দূর্নীতি করতেই চায় তবে তাকে ৪,৫০০/- (চার হাজার পাঁচশত) টাকার দূর্নীতি করতে হবে?
পুনশ্চঃ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা ও ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করার জন্য ইতোমধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বাস রাখুন যারা সোনারগাাঁবাসীর অধিকারে এতটুকু হাত দেবে তারা কেউ ছাড় পাবেনা।
সুস্থ থাকুন, নিরাপদ থাকুন এই শুভকামনা সবসময়
08/06/2020
HSC পরীক্ষা অনুষ্ঠানের সময়সূচি এখনো নির্ধারন করা হয়নি। গুজবে কান দিয়ে বিভ্রান্ত হবেন না। এ বিষয়ে সরকার সময়মত পরীক্ষাসূচি প্রদান করবেন।
ধন্যবাদ।
04/06/2020
*বিসমিল্লাহ হীর রাহমান হীর রাহিম*
প্রিয় সোনারগাঁবাসী,
করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমন পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রীর সদয় নির্দেশনা অনুযায়ী সম্মানিত ইমাম সাহেব ও মুয়াজ্জিনগণের জন্য বরাদ্দকৃত অর্থের চেক এখনও যে সকল মসজিদ গ্রহণ করেননি তাদেরকে অতিসত্বর ইসলামিক ফাউন্ডেশন, সোনারগাঁ এ যোগাযোগ করে চেক সংগ্রহের জন্য অনুরোধ করা হলো।
যে সকল মসজিদের নাম নিম্নবর্ণিত তালিকায় অন্তর্ভুক্ত নেই, সেসকল মসজিদের সম্মানিত ইমাম সাহেব/ সভাপতিগণকে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অনতিবিলম্বে আবেদন করার জন্য অনুরোধ করা হলো। উল্লেখ্য যে, প্রাপ্ত আবেদনসমূহ হতে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বরাদ্দ পাওয়া স্বাপেক্ষে চেক প্রদান করা হবে।
প্রয়োজনে যোগাযোগ করুন সরাসরি উপজেলা নির্বাহী অফিসার অথবা শেখ ফরিদ (01825-323232), কেয়ারটেকার, ইসলামিক ফাউন্ডেশন, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
এখানে প্রদত্ত তালিকাটি এখুনি যাচাই করে দেখুন এবং বরাদ্দকৃত অর্থ দ্রুত সংগ্রহ করুন। ধন্যবাদ।
স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরুত্ব মেনে চলুন।
নিরাপদ থাকুন।
[ বিঃদ্রঃ ইসলামিক ফাউন্ডেশন,সোনারগাঁ জরুরি ভিত্তিতে খুব স্বল্পসময়ে এই তালিকা প্রস্তুত করেছিলো। সময় স্বল্পতার কারনে কিছু মসজিদের নাম বাদ পড়ে থাকতে পারে। সেজন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত ]
জনসেবায় আপনার পাশে সবসময়-উপজেলা প্রশাসন
31/05/2020
প্রিয় এসএসসি ও সমমানের পরিক্ষার্থী বন্ধুরা,
তোমরা যারা কাঙ্খিত ফলাফল অর্জন করেছো তোমাদেরকে জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা ও অভিবাদন। আজকের এই স্মরনীয় দিনটিকে তোমরা সেলিব্রেট করো। আনন্দগুলি বাবা, মা পরিবারের সাথে ভাগ করে নাও। সাফল্যকে কিভাবে উদযাপন করতে হয় সেটি এখন থেকেই শিখে নাও। মনে রাখবে জীবনের একটি মাত্র সাফল্যের সিঁড়ি পার হয়েছো তোমরা। এভাবেই পাড়ি দিতে হবে আরো অনেকটা পথ, সেজন্য মানসিক প্রস্তুতি গ্রহণ করতে হবে এখুনি। আর যারা কাঙ্খিত ফলাফল অর্জন করতে পারোনি, মন খারাপ করে ঘরের কোনে বসে আছো, তাদেরকে বলছি আজ মন খারাপের দিন নয়, আজ জেগে উঠবার দিন। আজ গোপনে হেসে উঠে শক্তি সঞ্চয় করবার দিন। বিশ্বাস করো আজ তোমার এই ব্যর্থতায় তুমি যে কষ্ট পাচ্ছো এই কষ্টকে, এই শোককে, যদি তুমি শক্তিতে পরিনত করতে পারো তবে তুমিই হতে যাচ্ছো আগামী দিনের বিজয়ী!পৃথিবীর সমস্ত বড় বড় মনিষী ও সাফল্যপ্রাপ্ত মানুষের ইতিহাস ঘাটলে দেখা যায়, তারা প্রত্যেকেই কোন না কোন ক্ষেত্রে ব্যর্থ হয়ে সেই ব্যর্থতা থেকে ঘুরে দাড়িয়েই ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে। তাই তোমাদের কাছে অনুরোধ মন খারাপ নয়, লক্ষ্য স্থির করে জেগে উঠো আজকেই। কাজে লেগে যাও। তোমার জন্য অপেক্ষা করছে এক অসীম সম্ভাবনা। প্রতিটি মানুষেই তার স্বপ্নের সমান বড়।
প্রিয় অভিভাবকবৃন্দ,
আপনার কাছে অনুরোধ উচ্চ মাধ্যমিক ভর্তির ক্ষেত্রে আপনার সন্তানের পছন্দের বিষয়টি তাকেই নির্ধারণ করতে দিন। বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি স্কুলের সবথেকে ভালো সাফল্য অর্জনকারী ছাত্র/ছাত্রীটিও অনেক সময় বিশ্ববিদ্যালয়ের গন্ডি পযর্ন্ত পৌছাতে পারে না। কালের অতলে হরিয়ে যায়। অভিভাবকগণের মাত্রাতিরিক্ত উৎসাহ ও আদর এর অন্যতম কারণ। তাই আপনার সন্তানের ধারাবাহিক সাফল্য অর্জনে আরো যত্নশীল ও মনযোগী হোন। মনে রাখবেন ২০৩০ সাল নাগাদ যখন আপনার সন্তান চাকুরী/ ব্যবসায় প্রবেশ করবে বিশ্বায়ন ও উন্নত বাংলাদেশের সেই চ্যালেঞ্জ মোকাবেলায় নেতৃত্ব ও মানবিক গুনাবলী সম্পন্ন করে তাকে প্রস্তুত করতে এখুনি মনোনিবেশ করুন।
জয় হোক আমাদের প্রিয় সন্তানদের। আগামীর বাংলাদেশ বিনির্মাণে যোগ্য হয়ে গড়ে উঠুক প্রিয় সন্তানেরা এই আমাদের শুভ কামনা।
22/05/2020
SSC ও সমমান পরীক্ষার ফলাফল ৩১ মে সোমবার সকাল ১০ঃ০০ টায় মাননীয় প্রধানমন্ত্রী ভিভিও কনফারেন্স এর মাধ্যমে প্রকাশ করবেন।
20/05/2020
SSC-2020 পরীক্ষার ফল প্রত্যাশী বন্ধুরা ও সম্মানিত অভিভাবকগন সরকারি নির্দেশনা মেনে রেজাল্ট পেতে প্রি রেজিষ্ট্রেশন করুন।
সবার জন্য শুভ কামনা।
ধন্যবাদ
20/05/2020
প্রস্তুত সকল আশ্রয়কেন্দ্র
......................................
প্রিয় চরাঞ্চলবাসী,
আপনাদেরকে এই মর্মে সতর্ক করা হচ্ছে যে আজ রাতেই/আগামীকাল ঘূর্ণিঝড় আম্পান ভয়ংকর তান্ডব চালাতে পারে।
চরাঞ্চলে ইতোমধ্যে সতর্কবার্তা মাইকে প্রচার করা হয়েছে এবং মাইকিং চলমান রয়েছে। সার্বক্ষণিক আপনাদের জন্য প্রস্তুত রাখা হয়েছেঃ
১। নুনেরটেক হাইস্কুল আশ্রয়কেন্দ্র।
২। চর কিশোরগঞ্জ আশ্রয়কেন্দ্র।
৩। মধ্য চর হোগলা উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্র।
জরুরি প্রয়োজনে সকলকে নিকটস্থ আশ্রয়কেন্দ্রে অবস্থান নেয়ার জন্য অনুরোধ করা হলো। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল প্রকার নৌযান চলাচল বন্ধ থাকবে। আবহাওয়া অধিদপ্তর কর্তৃক ইতোমধ্যে সমুদ্র বন্দরগুলিকে ৯ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।
আপনার সামান্য অবহেলা আপনার ও আপনার পরিবারের জীবন বিপন্নের কারণ হয়ে উঠতে পারে। তাই সতর্ক থাকুন এবং ঝুকি পরিহার করে আশ্রয়কেন্দ্রে অবস্থান নিন।
মোঃ সাইদুল ইসলাম
উপজেলা নির্বাহী অফিসার
সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
18/05/2020
সতর্ক হোনঃ
ধেয়ে আসছে ভয়ংকর ঘূর্ণিঝড় আম্পান। এখুনি সতর্ক হোন। আবহাওয়া অধিদপ্তর এর তথ্য অনুযায়ী আগামী ১৯ তারিখ মধ্যরাত বা ২০ তারিখে ঘূর্ণিঝড় আম্পান বাংলাদেশে আঘাত হানবে যার অনেকটা প্রভাব আমাদের সোনারগাঁ উপজেলায় পড়বে একথা মোটামুটি নিশ্চিতভাবেই বলা যায়। ইতোমধ্যে সমুদ্র বন্দরগুলিকে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।
যারা চরাঞ্চলে বসবাস করেন তাদেরকে এসময় নদী পথে যাতায়াত বন্ধ রাখার এবং পরিস্থিতি বিবেচনায় আপনার নিকটস্থ সাইক্লোন সেন্টারে আশ্রয় গ্রহনের অনুরোধ করছি। সাইক্লোন সেন্টারে অবস্থানরত পরিবারের সবাই অবশ্যই মাস্ক ব্যবহার করবেন।
আপনাদের যাদের জমিতে পাকা ধান বা পরিপক্ক ফসল রয়েছে সেগুলি দ্রুত সংগ্রহ/ সংরক্ষণ ও জমিতে বিদ্যমান অন্যান্য ফসল সুরক্ষায় স্থানীয় প্রচলিত পদ্ধতি প্রয়োগ করুন। এছাড়া পরিপক্ক মৌসুমি ফল সংগ্রহ/সংরক্ষণ/বাজারজাত করনের জন্য দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সকলকে বিনীত অনুরোধ করা হলো।
মোঃ সাইদুল ইসলাম
উপজেলা নির্বাহী অফিসার
সোনারগাঁ, নারায়ণগঞ্জ।