28/05/2026
সংসদ ভবনে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পবিত্র ঈদুল আজহার নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ (বৃহস্পতিবার) সকাল ৭:৩০ ঘটিকায় এ জামাত অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি; জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভূইয়া এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মুসল্লিগণ এ জামাতে অংশগ্রহণ করেন।
নামাজের পূর্বে ডেপুটি স্পীকার ও জাতীয় সংসদ সচিবালয়ের সচিব সর্বসাধারণের উদ্দেশ্যে ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন। এ সময় ডেপুটি স্পীকার বিশ্বের নির্যাতিত মুসলিম জনগোষ্ঠীর সর্বাঙ্গীণ শান্তি ও কল্যাণ কামনা করেন।
স্পীকারের সার্বিক নির্দেশনায় বরাবরের ন্যায় দক্ষিণ প্লাজায় জামাতের প্রয়োজনীয় প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। মহিলাদের জন্য পৃথক নামাজের ব্যবস্থাও রাখা হয়।
জামাত ও খুতবা শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন জাতীয় সংসদ সচিবালয়ের পেশ ইমাম ক্বারী আবু রায়হান।
ঈদের জামাত শেষে ডেপুটি স্পীকার মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন।
28/05/2026
পাথরঘাটায় ঈদের নামাজ আদায় করলেন চীফ হুইপ
বরগুনা, পাথরঘাটা | ২৮ মে ২০২৬
বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম এমপি আজ (বৃহস্পতিবার) বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া মনিপুর জামে মসজিদে নিজ নির্বাচনী এলাকার জনগণের সাথে পবিত্র ঈদ উল আযহার নামাজ আদায় করেন।
এসময় চীফ হুইপ বলেন, “মনের পশুত্ব ত্যাগ করাই হলো প্রকৃত কুরবানী। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে আমরা মানুষের পাশে দাঁড়াবো এবং সুন্দর একটি বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাবো।”
সকাল সাড়ে সাতটায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে চীফ হুইপ মুসল্লীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
পরে মুসলিম উম্মাহসহ সারাবিশ্বের সকল মানুষের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
ঈদের নামাজে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
27/05/2026
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী এবং বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
পবিত্র ঈদুল আজহার ত্যাগ ও মহিমা সকলের মাঝে গড়ে তুলুক ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন - ঈদ মোবারক
22/05/2026
একজন সফল রাষ্ট্রনায়ক হয়ে ওঠার অনন্য ও কালজয়ী দৃষ্টান্ত হয়ে থাকবেন বেগম খালেদা জিয়া-----স্পীকার
বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেছেন, দেশের গণতন্ত্রকে সুসংহত করতে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিষ্ঠার সাথে কাজ করে গেছেন। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি অত্যন্ত নিবেদিতপ্রাণ ছিলেন। তিনি বলেন, একজন সফল রাষ্ট্রনায়ক হয়ে ওঠার অনন্য ও কালজয়ী দৃষ্টান্ত হয়ে থাকবেন বেগম খালেদা জিয়া।
তিনি আজ (শুক্রবার) জাতীয় সংসদ ভবনের এলডি হলে 'ছবির গল্প' কর্তৃক প্রকাশিত মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির স্মরণে 'দেশনেত্রী' শীর্ষক বর্ষপঞ্জির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব ও ছবির গল্পের উপদেষ্টা সম্পাদক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন ড. আহমেদ মোস্তফা নোমান এবং ছবির গল্প'র সমন্বয়ক সাদমান সাকিব। মূল আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এবং পাবনা-৫ আসনের সংসদ-সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসনের উপদেষ্টা নেতা হাবিবুর রহমান হাবিব।
বর্ষপঞ্জিটিতে 'ছবির গল্প'র প্রতিষ্ঠাতা প্রধানমন্ত্রীর আলোকচিত্রী খালেদ হোসেন পরাগের ক্যামেরায় ধারণকৃত আলোকচিত্র এবং ছবির গল্পের টিমের লেখনীর মাধ্যমে দেশনেত্রীর বর্ণাঢ্য জীবনের বিশেষ ১২টি দিক ফুটে উঠেছে।
অনুষ্ঠানে 'ছবির গল্প: সবার আগে দেশপ্রেম' প্রতিপাদ্যে তারেক রহমানকে নিয়ে বিগত নব্য-বাকশালী সরকারের ব্যাপক মিথ্যা প্রচারের জবাবে সত্যকে তুলে ধরতে শিক্ষার্থীদের নিয়ে 'বাংলাদেশের প্রাণ তারেক রহমান' শীর্ষক আলোকচিত্র প্রদর্শন করেন ছবির গল্প।
স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, বেগম খালেদা জিয়া আমার রাজনৈতিক অনুপ্রেরণা। বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব বিকাশে তিনি ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কোটি মানুষের অশ্রুবিসর্জন তাঁকে জনমানুষের নেত্রী হিসেবে প্রমাণিত করেছে।
স্পীকার বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ২৬ মার্চ, ১৯৭১ এ স্বাধীনতার ঘোষণা প্রদান না করলে বাংলাদেশের জন্ম হতো কি-না সংশয় থেকে যায়। জিয়াউর রহমানের নেতৃত্বে এদেশের জনগণ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে কাঙ্ক্ষিত বিজয় লাভ করে। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষণা প্রদানে অনুপ্রেরণা যুগিয়েছেন।
জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম মণি, এমপি বলেন, বাংলাদেশে গণতন্ত্রের স্থায়ী রূপ দেয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করেন বেগম খালেদা জিয়া। অনেকেই বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন কিন্তু জিয়া পরিবারের কোন প্রত্যাবর্তন নেই। তিনি বলেন, জিয়া পরিবার না থাকলে বাংলাদেশ থাকতো কি না সে বিষয়ে আমি সন্দিহান। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ইজ ইক্যুইভ্যালেন্ট টু বাংলাদেশ।
স্পীকার এসময় বর্ষপঞ্জির মোড়ক উন্মোচন করেন এবং ছবির গল্প'র আলোকচিত্রী খালেদ হোসাইন পরাগসহ টিমের সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নূরুল হক নুর, আরিফা সুলতানা রুমা, দীপিকা বিনতে হোসাইনসহ সংসদের সংরক্ষিত আসনের নারী সংসদ-সদস্যবৃন্দ, ছবির গল্প টিমের সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
21/05/2026
ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ১ নম্বর সাব-কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত।
ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ১ নম্বর সাব-কমিটির তৃতীয় বৈঠক আজ সংসদ ভবনে কমিটির আহ্বায়ক হুমাম কাদের চৌধুরী, এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য মীর আহমাদ বিন কাসেম বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ গ্রন্থাগারে সংরক্ষণের জন্য ক্রয়যোগ্য পুস্তকের খসড়া তালিকা চূড়ান্তকরণ এবং জাতীয় সংসদ গ্রন্থাগারে সংরক্ষিত পুরাতন ও দুষ্প্রাপ্য ডকুমেন্ট ও সংসদীয় বিতর্কসমূহ ডিজিটালাইজেশনের মাধ্যমে তথ্য অনুসন্ধান সহজলভ্য করার বিষয়ে জাতীয় সংসদ সচিবালয়ের আইটি অনুবিভাগ কর্তৃক উপস্থাপিত প্রতিবেদনের ওপর আলোচনা করা হয়।
বৈঠকে ই-পার্লামেন্ট সংক্রান্ত প্রকল্পটির ডিপিপি দ্রুততম সময়ের মধ্যে একনেকে পাঠানোর যথাযথ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি কর্তৃক সুপারিশ করা হয়।
বৈঠকে সংসদ গ্রন্থাগারে সংরক্ষিত তালিকাভুক্ত একশতটি পুস্তক ডিজিটালাইজ করে ই-বুক সিস্টেম চালুর মাধ্যমে অনলাইনভিত্তিক তথ্য অনুসন্ধান ব্যবস্থা আধুনিক ও ব্যবহারবান্ধব করার সুপারিশ করা হয়।
এছাড়া, গ্রন্থাগারের প্রয়োজন ও প্রাসঙ্গিকতা বিবেচনায় ক্রয়যোগ্য খসড়া পুস্তক তালিকায় গুম-সংক্রান্ত পুস্তকসমূহ সংযোজনসহ পূর্ণাঙ্গ তালিকাটি চূড়ান্ত করার লক্ষ্যে মূল কমিটিতে উপস্থাপনের সুপারিশ করা হয়।
বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
19/05/2026
ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত।
জ্বালানি নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় করণীয় সম্পর্কে সুপারিশসহ সংসদে রিপোর্ট প্রদানের লক্ষ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির ২য় বৈঠক আজ কমিটির সভাপতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, হুইপ এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান), হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মঈনুল ইসলাম খান, মোঃ সাইফুল আলম, মোঃ নূরুল ইসলাম, মোঃ আব্দুল বাতেন, মোঃ আবুল হাসনাত ও মোহাম্মদ আবুল হাসান বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশে জ্বালানি সরবরাহ নিশ্চিতকল্পে গৃহীত প্রকল্প, নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গৃহীত নীতিমালা/গাইডলাইন ও বর্তমান চিত্র নিয়ে
প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হয়।
বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ফিলিং স্টেশন স্থাপন, পরিচালনা ও ব্যবস্থাপনা নীতিমালা যুগোপযোগীকরণের কাজ চলমান রয়েছে।
গ্যাস বিপণন নিয়মাবলী ২০১৪ হালনাগাদপূর্বক গ্যাস বিপণন নিয়মাবলি ২০২৬ প্রণয়ন করা হয়েছে।
বৈঠকে আরো জানানো হয়, জ্বালানি তেলের জন্য চট্টগ্রাম-ঢাকা তেল পাইপ লাইনের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। জুন মাসের শেষে পুরোদমে পাইপ লাইনের মাধ্যমে তেল সরবরাহ করা হবে।
বৈঠকে দেশের চলমান জ্বালানি পরিস্থিতি নিয়ে বিভিন্ন বিষয়ের উপর পর্যালোচনা করা হয় এবং কমিটির সদস্যগণ তাদের মতামত প্রদান করেন।
বৈঠকে জ্বালানি নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় বিরোধী দলের সদস্যদের প্রয়োজনীয় পরামর্শ লিখিত আকারে কমিটির নিকট প্রেরণ করতে আহ্বান করা হয়।
কমিটি জ্বালানি নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় সুপারিশসহ সংসদে রিপোর্ট প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে।
বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
19/05/2026
সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব----স্পীকার
বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেন, সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব। দেশ ও সমাজের নানা স্তরের অসমতা দূর করতে অল পার্টি ককাস কাজ করতে পারে। তিনি বলেন, এর মাধ্যমে দেশের উন্নয়নে পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগণের অবদানের আনুষ্ঠানিক স্বীকৃতি নিশ্চিত হবে।
স্পীকার আজ তাঁর সংসদ ভবনস্থ কার্যালয়ে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্ম, বাংলাদেশ-এর আহ্বায়ক এবং সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সাথে সৌজন্য সাক্ষাতকালে এসব কথা বলেন।
সাক্ষাতকালে তাঁরা সমাজের পিছিয়ে পড়া অনগ্রসর এবং প্রান্তিক জনগোষ্ঠীকে এগিয়ে নিতে টেকসই উন্নয়ন লক্ষ্য এর শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান অভীষ্ট বাস্তবায়নে প্রাতিষ্টানিক ও কারিগরি সহায়তা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে সরকারের রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়ন ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপদ খাদ্যে অধিকার নিশ্চিতে ককাসের ভূমিকা নিয়ে মতবিনিময় করেন।
এসময় নাগরিক প্লাটফর্ম, বাংলাদেশ এর প্রতিনিধিদল 'স্পীকার' পদে নির্বাচিত হওয়ার জন্য তাঁকে অভিনন্দন জানান এবং সম্প্রতি স্পীকারের সহধর্মিণী বিশিষ্ট শিক্ষাবিদ দিলারা হাফিজের মৃত্যুতে সমবেদনা জ্ঞাপন করেন।
সাক্ষাতকালে প্রতিনিধিদলের সদস্য এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
19/05/2026
চীফ হুইপের সাথে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
আজ (মঙ্গলবার) বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম এর সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল।
চীফ হুইপের সাথে এ সময় সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত মিশনের উপপ্রধান মেগান বলডিন, রাজনৈতিক উপদেষ্টা এরিক গিলান এবং রাজনৈতিক বিশেষজ্ঞ ফিরোজ আহমেদ।
সাক্ষাৎকালে তাঁরা বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র, গণতন্ত্রের উন্নয়ন, বাংলাদেশে গণতন্ত্রের পুনঃযাত্রা, অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন, বানিজ্যিক সম্পর্ক, জাতীয় সংসদের অধিবেশন ও সংসদ ভবনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম বলেন, যুক্তরাষ্ট্র সবসময় আমাদের গণতান্ত্রিক যাত্রায় পাশে থেকেছে। যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের চমৎকার বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। আমাদের তৈরি পোশাক শিল্প খাতের বড় একটি বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সরকার ডিজিটাল আইটি চাকরি তৈরির যে লক্ষ্য নির্ধারণ করেছে, তাতে প্রযুক্তিতে উন্নত যুক্তরাষ্ট্র আমাদের সহযোগিতা করবে বলে আমি আশা করি।
অর্থনৈতিক উন্নয়নে বর্তমান সরকারের গৃহিত পদক্ষেপ প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের অর্থনীতিকে স্থীতিশীল করতে প্রানপণে চেষ্টা করে যাচ্ছেন। তিনি প্রান্তিক জনগণের ভাগ্য উন্নয়নে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও কৃষি ঋণ মওকুফসহ বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছেন। এগুলো বাস্তবায়নে গণতন্ত্রের যাত্রা মসৃণ হওয়া অত্রাবশ্যক। গণতন্ত্র না থাকলে কোন ক্ষেত্রেই উন্নয়ন করা সম্ভব নয়।
মোঃ নূরুল ইসলাম বলেন, সংসদ হলো গণতন্ত্রের প্রাণকেন্দ্র। গণতন্ত্রের প্রতীক এই ভবনের নির্মাতা লুই আই কানকে জনগণ সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করে।
মেগান বলডিন বলেন, এটি দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বের একটি শক্তিশালী প্রতীক । আমেরিকান স্থাপত্যের ছাত্ররা প্রায়ই এই ভবনটি দেখার ইচ্ছা পোষণ করে, কারণ এটি লুই কানের অন্যতম শ্রেষ্ঠ কাজ হিসেবে পরিচিত। মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় প্রতিটি রাষ্ট্রের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্বে বিশ্বাস করে।
এছাড়া প্রতিনিধি দল বাংলাদেশের শ্রম আইন সংস্কারের প্রশংসা করে এবং একে ওয়াশিংটনে অত্যন্ত ইতিবাচকভাবে দেখা হচ্ছে বলে জানানো হয় । দ্বিপাক্ষিক চুক্তিতে দুর্নীতি দমন, পরিবেশ রক্ষা এবং বন্যপ্রাণী পাচার রোধের মতো গুরুত্বপূর্ণ শর্তগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে । স্বাস্থ্যখাতে সংক্রামক ব্যাধি মোকাবিলার জন্য ৫ বছরে ৯০ মিলিয়ন ডলারের সহায়তার কথাও উল্লেখ করা হয় ।
গণতন্ত্র এবং ভবিষ্যৎ সম্পর্ক আলোচনায় জোর দিয়ে বলা হয়েছে যে, বাংলাদেশ একটি বন্ধুপ্রতিম গণতান্ত্রিক দেশ এবং এর অর্থনৈতিক সংস্কারগুলো আমেরিকান কোম্পানিগুলোকে বিনিয়োগে আরও উৎসাহিত করবে । দুই দেশের মধ্যকার এই সম্পর্ক কেবল নথিপত্রে সীমাবদ্ধ থাকবেনা। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক আরো উচ্চতায় পৌছাবে এবং টেকসই হবে।
সাক্ষাৎকালে জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।