03/06/2026
জনস্বার্থে এবং পরিবেশবান্ধব পাটজাত পণ্যের ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে আজ রূপগঞ্জ উপজেলার ভুলতা-গাউসিয়া এলাকায় পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্টে আইন লঙ্ঘনের দায়ে কয়েকটি প্রতিষ্ঠানকে মোট ১৩,০০০ (তেরো হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ভবিষ্যতে আইন যথাযথভাবে প্রতিপালনের জন্য সতর্ক করা হয়।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম মহোদয়ের নির্দেশনায় মোবাইল কোর্ট পরিচালনা করেন মুহাম্মদ মারজানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি), রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
উপজেলা প্রশাসন সকল ব্যবসায়ী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আইন অনুযায়ী পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে। পরিবেশ সুরক্ষা, দেশীয় পাটশিল্পের উন্নয়ন এবং আইনের যথাযথ বাস্তবায়নে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
-উপজেলা প্রশাসন, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ
28/05/2026
রূপগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
ঈদ হোক শান্তি, সম্প্রীতি ও কল্যাণের বার্তা।
ঈদ মোবারক।
পবিত্র ঈদুল আযহা মুসলিম উম্মাহর ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবতার এক মহান শিক্ষা।
আজ এই পবিত্র দিনে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ সাইফুল ইসলাম পাড়াগাঁও ঈদগাহ মাঠে রূপগঞ্জবাসীর সাথে ঈদের নামাজ আদায় করেন। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ঈদের এই মহিমান্বিত দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপগঞ্জবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন,
“ঈদ আমাদের মাঝে সাম্য, সৌহার্দ্য, সহমর্মিতা ও ত্যাগের শিক্ষা দেয়। আসুন, আমরা সকল ভেদাভেদ ভুলে মানবিক, শান্তিপূর্ণ ও উন্নত রূপগঞ্জ গঠনে একসাথে কাজ করি। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই হোক ঈদের প্রকৃত চেতনা।”
25/05/2026
পবিত্র ঈদুল আযহার ছুটি চলমান থাকলেও জনগণের কল্যাণে উপজেলা প্রশাসনের দায়িত্বশীল উপস্থিতি অব্যাহত রয়েছে।
আজ স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট সকলের সমন্বিত সহযোগিতায় পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের শান্তিপূর্ণ সমাধান, বকেয়া বেতন আদায় এবং তা শ্রমিকদের মাঝে বিতরণ নিশ্চিত করা সম্ভব হয়েছে। রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ সাইফুল ইসলাম মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জনাব ফরিদ আল-সোহান,সরকারি কমিশনার (ভূমি),পূর্বাচল রাজস্ব সার্কেল এর নেতৃত্বে সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টায় শ্রমিকদের ন্যায্য পাওনা বুঝিয়ে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।
অনেক রাত হলেও ঈদের আগমুহূর্তে শ্রমজীবী মানুষের মুখে স্বস্তি ও হাসি ফিরিয়ে আনতে পারা উপজেলা প্রশাসনের জন্য এক বড় প্রাপ্তি। জনগণের স্বার্থে মানবিক ও দায়িত্বশীল প্রশাসন হিসেবে উপজেলা প্রশাসন সবসময় পাশে থাকবে।
23/05/2026
তারাব পৌরসভার নাগরিক সুবিধা ও টেকসই অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে “রিজিলিয়েন্ট আরবান এ্যান্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP)” এর আওতায় মাসাব অটো ব্রিকস হতে বেরিবাঁধ ক্যানেল পর্যন্ত আর.সি.সি রাস্তা ও ক্রস ড্রেন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
প্যাকেজ নং: RUTDP/TAR/2024-25/W-01
চুক্তিমূল্য: ১৪,১৫,৯৬,৫২৩.১২ টাকা
অর্থায়নে: বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংক।
উক্ত উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের জননন্দিত প্রতিনিধি জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, এম.পি।
এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ সাইফুল ইসলাম, প্রশাসক, তারাব পৌরসভা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
এছাড়াও তারাব পৌরসভার ১, ৩, ৬ ও ৯ নং ওয়ার্ডের কাজের উদ্বোধন করেন। এ সময়ে তারাবো পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে এলাকার যোগাযোগ ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসন এবং নাগরিক সেবার মান আরও উন্নত হবে ।
20/05/2026
উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত:
রূপগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ সাইফুল ইসলাম মহোদয়।
সভায় গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও গ্রাম আদালতের মাধ্যমে দ্রুত ও সহজ উপায়ে স্থানীয় বিরোধ নিষ্পত্তি, সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতকরণ এবং সচেতনতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করা হয়।
এ সময় উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন এবং কার্যক্রমের সার্বিক অগ্রগতি নিয়ে মূল্যবান মতামত প্রদান করেন।
19/05/2026
ভূমিসেবা মেলা-২০২৬ উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে রূপগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ভূমিসেবা মেলা-২০২৬ উপলক্ষে এক জনসচেতনতামূলক সভা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু), মাননীয় সংসদ সদস্য, নারায়ণগঞ্জ -১, রূপগঞ্জ।
সভায় সভাপতিত্ব করেন মোঃ সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা, রুপগঞ্জ, নারায়ণগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব মুহাম্মদ মারজানুর রহমান,সহকারী কমিশনার (ভূমি) এবং জমাব ফরিদ আল- সোহান, সরকারি কমিশনার (ভূমি),পূর্বাচল রাজস্ব সার্কেল।
সভায় বক্তারা আধুনিক ও ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন এবং ভূমিসেবা কার্যক্রমকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে আলোচনা করেন। বক্তারা বলেন, অনলাইনে নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান, খতিয়ান ও মৌজা ম্যাপ সংগ্রহসহ বিভিন্ন সেবা এখন সহজ, দ্রুত ও স্বচ্ছভাবে গ্রহণ করা সম্ভব হচ্ছে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ সাইফুল ইসলাম বলেন, ডিজিটাল ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের ভোগান্তি কমানো এবং সেবার স্বচ্ছতা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। ভূমিসেবা মেলা সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সেবা গ্রহণকে আরও সহজতর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা ভূমিসেবা সম্পর্কিত বিভিন্ন তথ্য ও সেবা কার্যক্রম সম্পর্কে ধারণা লাভ করেন এবং ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার সুফল সম্পর্কে অবহিত হন
19/05/2026
আজ রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী শাহাদাত হোসেন আপন-এর হাতে একটি হুইলচেয়ার তুলে দেন। হুইলচেয়ার পেয়ে আপন ও তার পরিবারের সদস্যরা অত্যন্ত আনন্দিত হন এবং রূপগঞ্জ উপজেলা প্রশাসনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন।
এই সহায়তার ফলে আপন এর চলাচল আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে।