07/06/2026
স্বাস্থ্য খাতে জাতীয় বাজেটের ৮ শতাংশের ওপরে রাখার দাবি সেলিম উদ্দিনের
স্বাস্থ্য খাতে মোট জাতীয় বাজেটের অন্তত ৮ শতাংশের বেশি বরাদ্দ রাখার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমীর ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, স্বাস্থ্য খাতের লাগামহীন দুর্নীতি, অব্যবস্থাপনা ও রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
রোববার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে জামায়াতের মেডিকেল শাখার উদ্যোগে স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা ও ফ্যাসিস্ট পুনর্বাসনের অপচেষ্টার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেলিম উদ্দিন অভিযোগ করেন, হাসপাতালগুলোতে চিকিৎসা সরঞ্জাম ক্রয়ের জন্য পর্যাপ্ত বাজেট বরাদ্দ থাকলেও অনেক ক্ষেত্রে নিম্নমানের যন্ত্রপাতি সরবরাহ করা হয়। এছাড়া সরকারি হাসপাতালের জন্য বরাদ্দকৃত ওষুধ বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে ফার্মেসিতে চলে যাওয়ায় দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ প্রাপ্য ওষুধ থেকে বঞ্চিত হয়।
তিনি আরও অভিযোগ করেন, রাজনৈতিক বিবেচনায় চিকিৎসকদের বদলি করা হয় এবং অভিজ্ঞ চিকিৎসকদের পদোন্নতি থেকে বঞ্চিত করা হয়। পাশাপাশি স্বাস্থ্য খাতে দীর্ঘদিন ধরে নিয়োগ বাণিজ্য চলে আসছে বলেও তিনি দাবি করেন।
এসব অনিয়ম দূর করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে সেলিম উদ্দিন বলেন, “জামায়াতে ইসলামীর লড়াই দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে হবে।”
মানববন্ধনে উপস্থিত ছিলেন মহানগর উত্তর মেডিকেল বিভাগের আমীর ডা. এস. এম. খালিদুজ্জামান, মোহাম্মদপুর জোনের টিম সদস্য ও মহানগরী মজলিশে শুরা সদস্য ডা . শফিউর রহমান, মহানগরী মজলিশে শুরা সদস্য ও শেরেবাংলা নগর থানা উত্তর এর আমীর মু. আব্দুল আউয়াল আজমসহ বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও নেতৃবৃন্দ।
06/06/2026
জনগণবান্ধব বাজেট ও সুশাসনের দাবিতে সোচ্চার থাকবে জামায়াতঃ মোঃ মোবারক হোসাইন
আজ ৬ জুন শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত লিডারশিপ ট্রেনিং ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোঃ মোবারক হোসাইন বলেছেন, “জনগণবান্ধব বাজেট ও সুশাসনের দাবিতে জামায়াতে ইসলামী সংসদের ভেতরে ও বাইরে সোচ্চার ভূমিকা পালন করবে।” তিনি বলেন, জনগণের কল্যাণ, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠাই একটি দায়িত্বশীল রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য হওয়া উচিত।
তিনি বলেন, একটি রাষ্ট্রের বাজেট কেবল আয়-ব্যয়ের হিসাব নয়; বরং এটি জনগণের আশা-আকাক্সক্ষার প্রতিফলন। তাই এমন বাজেট প্রণয়ন করতে হবে, যা সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং দরিদ্র জনগোষ্ঠীর সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, জনগণের ওপর অতিরিক্ত করের বোঝা চাপিয়ে নয়, বরং দুর্নীতি নিয়ন্ত্রণ, অপচয় রোধ এবং সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে অর্থনীতিকে শক্তিশালী করতে হবে।
রামিসা হত্যাকাণ্ড প্রসঙ্গে মোবারক হোসাইন বলেন, এ মর্মান্তিক ঘটনা পুরো জাতিকে নাড়া দিয়েছে। তিনি প্রধানমন্ত্রী ঘোষিত সময়সীমার মধ্যেই এ হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করার দাবি জানিয়ে বলেন, বিচারহীনতার সংস্কৃতি কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।
ইসলামী ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশের অন্যতম বৃহৎ ইসলামী আর্থিক প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধার করতে হলে ব্যাংকটিকে রাজনৈতিক প্রভাবমুক্ত ও পেশাদার ব্যবস্থাপনার আওতায় আনতে হবে। তিনি বলেন, সৎ, দক্ষ ও যোগ্য ব্যক্তিদের মাধ্যমে প্রতিষ্ঠান পরিচালনা নিশ্চিত করা জরুরি, যাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠিত হয়।
তরুণ কর্মীদের উদ্দেশে তিনি বলেন, সমাজ ও রাষ্ট্র পরিবর্তনের জন্য আগে নিজেকে পরিবর্তন করতে হবে। আদর্শ, নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও দক্ষতায় সমৃদ্ধ কর্মীবাহিনী গড়ে তুলতে হবে। তিনি দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও ইসলামী আদর্শে উদ্বুদ্ধ হয়ে জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।
মোবারক হোসাইন আরও বলেন, যোগ্য, আদর্শবান ও জনকল্যাণমুখী নেতৃত্বই একটি সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার পূর্বশর্ত।
06/06/2026
জামায়াতে ইসলামীর সংসদ সদস্যদের দুই দিনব্যাপী দক্ষতা উন্নয়নমূলক কর্মশালা সম্পন্ন : বাজেট ও জননীতিতে কার্যকর ভূমিকা রাখার আহ্বান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মানবসম্পদ বিভাগের উদ্যোগে দলের সংসদ সদস্যদের নিয়ে আয়োজিত দুই দিনব্যাপী এক বিশেষ দক্ষতা উন্নয়নমূলক কর্মশালা আজ সফলভাবে সম্পন্ন হয়েছে। ৫ ও ৬ জুন (জুমআ বার ও শনিবার) ঢাকার ‘আল-ফালাহ মিলনায়তনে’ ‘বাজেট, অর্থনীতি ও জননীতি: সংসদ সদস্যদের সক্ষমতা উন্নয়ন’ শীর্ষক এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর প্রতিনিধিত্বকারী ৭৭ জন সংসদ সদস্য (এমপি) অংশগ্রহণ করেন। আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পেশের প্রাক্কালে সংসদ সদস্যদের অর্থনৈতিক ও জননীতি বিষয়ক জ্ঞান ও সংসদীয় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়।
কর্মশালার বিভিন্ন সেশনে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি প্রধান অতিথি হিসেবে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “জনগণের প্রতিনিধি হিসেবে সংসদ সদস্যদের প্রতিটি সিদ্ধান্ত ও বক্তব্য হতে হবে গণমুখী। আসন্ন বাজেট অধিবেশনে দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক অধিকার রক্ষা এবং একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনে আমাদের সংসদ সদস্যদের বলিষ্ঠ ও গঠনমূলক ভূমিকা পালন করতে হবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। তারা সংসদীয় রীতিনীতি ও আইন প্রণয়ন প্রক্রিয়ায় সংসদ সদস্যদের আরও দক্ষ ও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
দুই দিনব্যাপী এই কর্মশালায় দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ, বাজেট বিশ্লেষক ও নীতি-নির্ধারকগণ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। ‘বাজেট, অর্থনীতি ও জননীতি: সংসদ সদস্যদের সক্ষমতা উন্নয়ন’ বিষয়ক বিশেষ সেশনগুলোতে দেশের বর্তমান সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি এবং জনকল্যাণমূলক বাজেট প্রণয়নের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংসদ সদস্যরা কীভাবে জাতীয় বাজেটের চুলচেরা বিশ্লেষণ করে সংসদে জনদাবিগুলো যৌক্তিকভাবে তুলে ধরতে পারেন, সে বিষয়ে বিশেষজ্ঞরা গুরুত্বপূর্ণ কৌশলগত পরামর্শ ও দিক-নির্দেশনা প্রদান করেন।
06/06/2026
মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে তুরস্কের মান্যবর পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় সফররত তুরস্কের মান্যবর পররাষ্ট্রমন্ত্রী মি. হাকান ফিদানের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।
আজ রাত ৮টা ৩৫ মিনিটে ঢাকার একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মাননীয় বিরোধীদলীয় নেতা পররাষ্ট্রমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের স্বাগত জানান।
সৌজন্যমূলক এ বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার সম্পর্ককে ভ্রাতৃপ্রতিম দুই জাতির সম্পর্ক হিসেবে অভিহিত করা হয়। দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে, বিশেষ করে শিল্প, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য ও প্রতিরক্ষা খাতের সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
আলোচনা অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। উভয় পক্ষই আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক নতুন উচ্চতায় উপনীত হবে।
মাননীয় বিরোধীদলীয় নেতা তুরস্কের মাননীয় প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং তাঁর সরকারকে রোহিঙ্গা ইস্যুতে আন্তরিক সমর্থন ও সহযোগিতার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানান। একই সঙ্গে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য তুরস্ক সরকারের প্রতি আহ্বান জানান।
এ সময় জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে তুরস্কের সম্মানিত প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের উদ্দেশে একটি সম্মানসূচক শুভেচ্ছাপত্র মান্যবর পররাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়। পাশাপাশি তাঁদের বাংলাদেশ সফরের জন্য পুনরায় উষ্ণ অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
06/06/2026
সারা দেশে সড়ক দুর্ঘটনা ও বজ্রপাতে নাগরিকদের হতাহতের ঘটনায় গভীর দুঃখ, শোক ও সমবেদনা প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ ৪ জুন বৃহস্পতিবার এক বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, আজ ৪ জুন সড়ক দুর্ঘটনায় ফেনীতে তিন জন, মেহেরপুরে তিনজন, ঝিনাইদহে একজন ও কুষ্টিয়ায় একজনের মর্মান্তিক মৃত্যু এবং বজ্রপাতে গাইবান্ধায় মা ও ছেলের, ময়মনসিংহের মুক্তাগাছা ও গফরগাঁওয়ে কলেজ শিক্ষকসহ দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়াও গত ৩ জুন চাঁপাইনবাবগঞ্জে দুজনের এবং জয়পুরহাটে দুজনের বজ্রপাতে মৃত্যু হয়েছে। এসব অনাকাঙ্ক্ষিত মৃত্যু পরিবারগুলোর জন্য খুবই বেদনাদায়ক। আমি এসব মৃত্যুর ঘটনায় গভীর দুঃখ, শোক প্রকাশ করছি, নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি এবং পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাচ্ছি।
এডভোকেট জুবায়ের বলেন, সড়কে চরম অব্যবস্থাপনার কারণে ভয়াবহ সব দুর্ঘটনায় নিয়মিত নাগরিকদের মূল্যবান প্রাণহানি হচ্ছে। মৃত্যু মিছিল থামছে না। গণমাধ্যমের খবর অনুযায়ী গত ঈদুল আজহায় ছুটিতে ১৩ দিনে সড়ক দুঘর্টনায় ২৮১ জন নিহত হয়েছেন। এতে সরকারের সড়ক ব্যবস্থাপনায় চরম ব্যর্থতা ফুটে উঠেছে। এসব মৃত্যুর দায় সরকার এড়াতে পারে না।
তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনার প্রতিটির সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের শনাক্তপূর্বক প্রয়োজনীয় ও কঠোর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে দুর্ঘনার জন্য দুর্বলতাগুলো চিহ্নিত করে তা সমাধানে সরকারকে তড়িৎ পদক্ষেপ নিতে হবে। এছাড়া মহাসড়ক ও আঞ্চলিক সড়কের ট্রাফিক ব্যবস্থাকে আরও আধুনিকায়ন ও আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর ও কার্যকর করতে হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। একই সাথে দুর্ঘটনায় পঙ্গুত্ববরণকারী নাগরিকদের পুনর্বাসনের দাবি জানাচ্ছি।
05/06/2026
আজ ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্লাস্টিকের বোতল জমা দিয়ে গাছের চারা গ্রহণ কর্মসূচি ও বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে।
স্থান: টিএন্ডটি খেলার মাঠ, মহাখালী।