27/05/2026
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজীপুর সিটি কর্পোরেশনের কনজারভেন্সি বিভাগের অসহায় ও নিম্নআয়ের শ্রমিকদের মাঝে মাংস বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে বিতরণের জন্য ক্রয়কৃত গরু ও খাসি পরিদর্শনে নগরীর অ্যাসফল্ট প্লান্ট পরিদর্শন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক জনাব মোঃ শওকত হোসেন সরকার।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী জনাব সুদীপ বসাক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব কে. এম. হারুন অর রশিদ, সহকারী প্রকৌশলী জনাব মোঃ রাসেল শাহরিয়ার এবং সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা জনাব মোঃ আরিফুর রহমান।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পবিত্র ঈদের আনন্দ সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের শ্রমিকদের সঙ্গে ভাগাভাগি করে নিতেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কনজারভেন্সি বিভাগের শ্রমিকদের মাঝে সুষ্ঠু ও সুন্দরভাবে মাংস বিতরণ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
পরিদর্শনকালে প্রশাসক মহোদয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং শ্রমিকদের কল্যাণে মানবিক কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
তারিখ: ২৭-০৫-২০২৬ ইং।
26/05/2026
ঈদের ছুটির মধ্যেও অবশেষে আশার আলো দেখলো ধনজয়খালীর দীর্ঘদিনের অবহেলিত ও উপেক্ষিত জনগণ।
কাশিমপুর নামা বাজার হয়ে ধনজয়খালী সড়ক ধসে পড়ার পর জনদুর্ভোগ চরম আকার ধারণ করলে, পুনরায় সড়ক সংস্কার কাজ শুরু করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক জনাব শওকত হোসেন সরকার।
আজ ২৬-০৫-২০২৬ ইং তারিখে সরেজমিনে কাজের কার্যক্রম শুরু করা হয়। স্থানীয় জনগণ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং দ্রুত সড়ক সংস্কার কাজ সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
গাজীপুর সিটি কর্পোরেশন জনগণের সেবায় সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।
25/05/2026
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গাজীপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা কর্মীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ শওকত হোসেন সরকার। তিনি উপস্থিত কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন এবং তাদের নিরলস পরিশ্রম ও নগর পরিচ্ছন্নতায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
📅 ২৪ মে ২০২৬
গাজীপুর সিটি কর্পোরেশন।
23/05/2026
গাজীপুর সিটি কর্পোরেশনের ১৮তম কর্পোরেশন সভা আজ নগর ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক জনাব মোঃ শওকত হোসেন সরকার।
সভায় নগরীর সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং চলমান বিভিন্ন কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। বিশেষ করে উন্নয়নমূলক প্রকল্প, রাজস্ব ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা, বর্জ্য ব্যবস্থাপনা, সম্পত্তি সংক্রান্ত কার্যক্রম এবং ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়।
সভার আলোচ্যসূচিসমূহ: ▪️ গত কর্পোরেশন সভার কার্যবিবরণী আলোচনা ও অনুমোদন
▪️ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বিষয়ক আলোচনা
▪️ ডিপিপি (DPP) বিষয়ক আলোচনা
▪️ রাজস্ব বিষয়ক আলোচনা
▪️ স্বাস্থ্য বিষয়ক আলোচনা
▪️ বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক আলোচনা
▪️ সম্পত্তি বিষয়ক আলোচনা
▪️ ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বিষয়ক আলোচনা
▪️ বিবিধ
সভায় উপস্থিত কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ নাগরিকবান্ধব, পরিচ্ছন্ন ও আধুনিক গাজীপুর গড়ে তুলতে গৃহীত কার্যক্রমসমূহ দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
স্থান: নগর ভবন সম্মেলন কক্ষ
তারিখ: ২৩ মে ২০২৬
18/05/2026
নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” আয়োজিত ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, দাবা ও তাইকুন্দু প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে গাজীপুর মহানগর দল। এই অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ গাজীপুর সিটি কর্পোরেশনের নগর ভবনে চ্যাম্পিয়ন খেলোয়াড়দের উৎসাহ ও সংবর্ধনা প্রদান উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক জনাব শওকত হোসেন সরকার চ্যাম্পিয়ন দলগুলোর হাতে ট্রফি ও সম্মাননাপত্র তুলে দেন। এ সময় তিনি বলেন, আমাদের সমাজে এক ধরনের অসুস্থ সংস্কৃতি বিরাজ করছে। এই অসুস্থ সংস্কৃতি প্রতিরোধ এবং মাদকমুক্ত, সুস্থ সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, গাজীপুর মহানগর দলকে ভবিষ্যতে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করে গড়ে তুলতে গাজীপুর সিটি কর্পোরেশন সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।
16/05/2026
গাজীপুরকে একটি পরিচ্ছন্ন, সবুজ ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সম্মানিত প্রশাসক জনাব শওকত হোসেন সরকার।
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে শনিবার ছুটির দিনেও তিনি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেন। টঙ্গী কলেজ গেট এলাকার বিআরটিএ (BRTA) স্টেশন ও ফুটওভার ব্রিজ ঘুরে দেখে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অচল ফুটওভার ব্রিজগুলো দ্রুত চালুর নির্দেশ প্রদান করেন।
এছাড়াও গাছা রোডের ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা এবং চলমান সড়ক উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করে সংশ্লিষ্টদের দ্রুত কাজ সম্পন্ন করার তাগিদ দেন।
প্রশাসক জানান, “১৮০ দিনের চ্যালেঞ্জ” সফল বাস্তবায়নের মাধ্যমে নগরবাসীকে একটি পরিচ্ছন্ন, পরিকল্পিত ও বাসযোগ্য গাজীপুর উপহার দেওয়াই আমাদের লক্ষ্য।
13/05/2026
আনুষ্ঠানিকভাবে মাসব্যাপী আবাসিক হোল্ডিং কর মওকুফ কার্যক্রমের উদ্বোধন করেন সম্মানিত প্রশাসক জনাব শওকত হোসেন সরকার, গাজীপুর সিটি কর্পোরেশন।
এই বিশেষ কার্যক্রমের আওতায় ২০২৩-২০২৪ অর্থবছর হতে ২০২৭-২০২৮ অর্থবছর পর্যন্ত আবাসিক হোল্ডিং এর বকেয়া কর প্রদানকারী সকল নাগরিক পাবেন ৪০% ছাড়ে কর মওকুফের বিশেষ সুবিধা।
নির্ধারিত সময়ের মধ্যে কর পরিশোধ করে এই সুযোগ গ্রহণের জন্য সকল নাগরিককে আহ্বান জানানো যাচ্ছে।
তারিখ: ১২-০৫-২০২৬