04/06/2026
আজ ০৪ জুন ২০২৬ (বৃহস্পতিবার) মধ্যরাত থেকে সকাল পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন, মুন্সীগঞ্জ এর উদ্যোগে মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার মান্দ্রা মৌজায় একটি সমন্বিত মাদকবিরোধী ট্রাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপজেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, র্যাব, ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত প্রায় ৮০ সদস্যের একটি টিম অংশগ্রহণ করে।
অভিযানে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মুন্সীগঞ্জের উপপরিচালক মোঃ লুৎফর রহমান, লৌহজং উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা ববি মিতু, সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফানুর রহমান, র্যাব-১০ সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের মেজর ইয়াসির তাজবী পান্থ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান এবং বাংলাদেশ সেনাবাহিনীর মেজর চার্লস।
এ সময় ০৬ (ছয়) জন মাদক কারবারিকে আটক করা হয় এবং ০১ (এক) জনকে পলাতক হিসেবে শনাক্ত করা হয়। আটককৃতদের নিকট থেকে ২১০ পিস ইয়াবা, ০৮ কেজি গাঁজা, ০৫ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রির নগদ ২৬,০০০/- (ছাব্বিশ হাজার) টাকা উদ্ধার করা হয়।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ০৪ (চার)টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এছাড়া সংশ্লিষ্ট অপরাধের বিষয়ে ০২ (দুই)টি নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকমুক্ত সমাজ গঠনে জেলা প্রশাসন, মুন্সীগঞ্জের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
03/06/2026
আজ ০৩ জুন ২০২৬ (বুধবার) তারিখে মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নের সম্ভুহালদারকান্দি এলাকায় পদ্মা নদীর শাখা নদীর বাম তীরে চলমান নদীভাঙন পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন মুন্সীগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ কামরুজ্জামান ও মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
এসময় আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ আখলাক উল জামিল, সহকারী কমিশনার ভূমি, মুন্সীগঞ্জ সদর, জনাব মারজানা আক্তার, সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে তাঁরা নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ এলাকাসমূহ সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন। এসময় জেলা প্রশাসক ও মাননীয় সংসদ সদস্য ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং আপদকালীন কাজ দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিতকরণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। নদীভাঙন পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় কারিগরি ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।
03/06/2026
আজ ০৩ জুন ২০২৬ (বুধবার) জেলা প্রশাসন মুন্সীগঞ্জ এর আয়োজনে ইনডোর স্টেডিয়াম, মুন্সীগঞ্জে ঈদ-পরবর্তী পুনর্মিলনী, ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ কামরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ক্রীড়া সংগঠক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা মাদক ও সন্ত্রাসের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং যুবসমাজকে এসব অপকর্ম থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তাঁরা বলেন, মাদক ও সন্ত্রাস কেবল ব্যক্তির জীবনকেই ক্ষতিগ্রস্ত করে না বরং পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় অগ্রগতির জন্যও বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। মাদক ও সন্ত্রাস নির্মূলে এ ধরনের সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়াভিত্তিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানটি আলোচনা সভা, ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
31/05/2026
*মিরকাদিম পৌরসভায় গৃহস্থালি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের শুভ উদ্বোধন*
আজ ৩১মে (রবিবার) ২০২৬ মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভায় গৃহস্থালি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব কামরুজ্জামান রতন। সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নূরমহল আশরাফী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক জনাব এ,কে, এম ইরাদত, মিরকাদিম পৌরসভার প্রশাসক ও মুন্সীগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার জনাব মোঃ মাসুদুর রহমান।
মিরকাদিম পৌরসভার আয়োজনে এবং ফুল পাখি নদী সংস্থার সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হবে। অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন এবং গৃহস্থালি বর্জ্য যথাযথভাবে সংগ্রহ, সংরক্ষণ ও অপসারণের মাধ্যমে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য পৌর এলাকা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা জনস্বাস্থ্য সুরক্ষা, পরিবেশ দূষণ রোধ এবং টেকসই নগর উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে প্রশাসন, পৌর কর্তৃপক্ষ এবং সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
30/05/2026
আজ ৩০ মে ২০২৬ (শনিবার) মুন্সীগঞ্জ জেলার মিরকাদিম পৌরসভার অন্তর্গত রিকাবীবাজার এলাকায় চলমান পুনঃ খাল খনন কার্যক্রম পরিদর্শন করেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
এ সময় মিরকাদিম পৌরসভার প্রশাসক মোঃ মাসুদুর রহমান, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক পুনঃ খাল খনন কার্যক্রমের সার্বিক অগ্রগতি, কাজের গুণগত মান এবং নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন কার্যক্রম সরেজমিনে পর্যালোচনা করেন। তিনি প্রকল্প বাস্তবায়নের প্রতিটি ধাপে স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানসম্মত কাজ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া স্থানীয় জনগণ যাতে দ্রুত এই প্রকল্পের প্রত্যাশিত সুফল ভোগ করতে পারে, সে লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। জেলা প্রশাসক জলাবদ্ধতা নিরসন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নগর অবকাঠামোর উন্নয়নে এ ধরনের কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।
30/05/2026
আজ ৩০ মে (শনিবার) মুন্সীগঞ্জ জেলার মিরকাদিম পৌরসভার ২২টি গুরুত্বপূর্ণ স্থানে কোরবানির বর্জ্য অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। অভিযান পরিদর্শন করেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, সদর মুন্সিগঞ্জ ও মিরকাদিম পৌরসভার প্রশাসক মোঃ মাসুদুর রহমানসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
পৌর এলাকার মোট ২২টি পয়েন্টে পরিচালিত এ বিশেষ কর্মসূচির মাধ্যমে সড়ক, ড্রেন,জনসমাগমস্থল এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা থেকে কোরবানির বর্জ্য পরিষ্কার করা হয়। এছাড়া সমগ্র জেলার সকল উপজেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়।
পরিদর্শনকালে জেলা প্রশাসক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং পৌর এলাকার পরিবেশ পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত নগর পরিবেশ গড়ে তুলতে প্রশাসন, জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। জনসচেতনতা বৃদ্ধি এবং সকলের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি সুন্দর ও পরিচ্ছন্ন পৌরসভা গড়ে তোলা সম্ভব।
28/05/2026
*শিশুদের সাথে জেলা প্রশাসকের ঈদ উদযাপন*
আজ ২৮ মে,২০২৬ (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আযহার আনন্দ সকলের মাঝে সমভাবে ছড়িয়ে দিতে মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন এতিমখানা ও শিশু পরিচর্যা প্রতিষ্ঠানে শিশু-কিশোরদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এ উপলক্ষ্যে তিনি শ্রীনগর উপজেলার ভাগ্যকূলে অবস্থিত সরকারি শিশু পরিবার (বালক) এ অবস্থানরত শিশু-কিশোরদের সঙ্গে আন্তরিকভাবে সময় কাটান, তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং স্নেহময় পরিবেশে আনন্দঘন মুহূর্ত উপভোগ করেন। পরে শিশুদের সঙ্গে একত্রে মধ্যাহ্নভোজে অংশ
পরবর্তীতে তিনি মুন্সীগঞ্জ সদরস্থ “মুন্সীগঞ্জ হাফিজিয়া দারুল উলূম মাদরাসা"য় উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং একসাথে কিছু সময় অতিবাহিত করেন।
মানবিকতা, সহমর্মিতা ও ভালোবাসার চেতনায় উদ্ভাসিত এ আয়োজন ঈদুল আজহার প্রকৃত শিক্ষা—ত্যাগ, সম্প্রীতি ও মানবকল্যাণের বার্তাকেই আরও অর্থবহ করে তোলে।