30/05/2026
"নরসিংদী জেলা পুলিশের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত"
𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍, 𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑵𝒂𝒓𝒔𝒊𝒏𝒈𝒅𝒊.
[30 May, 2026]
পবিত্র ঈদুল আযহা-২০২৬ পরবর্তী পারস্পরিক সৌহার্দ্য ও আনন্দ ভাগাভাগি করে নিতে নরসিংদী জেলা পুলিশের উদ্যোগে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাত্রে নরসিংদী জেলা পুলিশ লাইন্সে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জনাব খায়রুল কবির খোকন, মাননীয় সংসদ সদস্য, নরসিংদী-১; ইঞ্জিনিয়ার মো: আশরাফ উদ্দিন, মাননীয় সংসদ সদস্য, নরসিংদী-৫; জনাব মনজুর এলাহী, মাননীয় সংসদ সদস্য, নরসিংদী-৩, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শিরিন সুলতানা ও জনাব সেলিনা সুলতানা নিশিতা, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ইসরাত জাহান কেয়া, বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব কাজী ইয়াসিন হাবিব, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জনাব তোফাজ্জল হোসেন। এছাড়া জেলা পুলিশ ও জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণসহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ, তাদের পরিবারবর্গ এবং আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক মহোদয় উপস্থিত সকলকে ঈদের শুভেচ্ছা জানান। তিনি তাঁর বক্তব্যে বলেন, জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় উৎসবের দিনগুলোতেও অনেকে পরিবারের সান্নিধ্য থেকে বঞ্চিত হন। তাই এ ধরণের আয়োজন সকল পুলিশ সদস্যের মাঝে কাজের ক্লান্তি দূর করে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং পারস্পরিক মেলবন্ধনকে আরও সুদৃঢ় করবে।
পরবর্তীতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। আগত শিল্পী ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে পরিবেশিত গান দর্শকদের মুগ্ধ করে। গান পরিবেশন শেষে আয়োজিত লটারির বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অংশগ্রহণকারীদের উৎসাহ উদ্দীপনা ধরে রাখতে উপহারের তালিকায় ছিল বৈচিত্র।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের জন্য প্রীতিভোজের আয়োজন করা হয়। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রীতিভোজ সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে নরসিংদী জেলা পুলিশের এই বর্ণিল ও সফল আয়োজনের সমাপ্তি ঘটে।
28/05/2026
"পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নরসিংদী জেলা পুলিশের প্রীতি সম্মিলন"
𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍, 𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑵𝒂𝒓𝒔𝒊𝒏𝒈𝒅𝒊.
[28 May, 2026]
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পুলিশ লাইনস্, নরসিংদীসহ জেলা পুলিশের বিভিন্ন থানা/ইউনিটে পুলিশ সদস্যদের প্রীতি সম্মিলন ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়। নরসিংদী পুলিশ লাইন্সে প্রীতি সম্মিলন ও ভোজে অংশগ্রহণ করেন নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক মহোদয়। এছাড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন।
প্রীতি সম্মিলনের পাশাপাশি নরসিংদীবাসীর ঈদ আনন্দকে নিরাপদ করতে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে জেলা পুলিশের সদস্যরা দিনভর পেশাদারিত্বের সাথে জেলাব্যাপী দায়িত্ব পালন করে।
পেশাগত দায়িত্বকে সর্বাগ্রে বিবেচনা করে বিশেষ দিন ছাড়াও প্রতিটি দিনকে গুরুত্ব দিয়ে নরসিংদীবাসীকে নিরাপত্তা দিতে নরসিংদী জেলা পুলিশ বদ্ধ পরিকর।
28/05/2026
"নরসিংদী পুলিশ লাইন্সে পুলিশ সদস্যদের সাথে ঈদের নামাজ আদায় করলেন পুলিশ সুপার, নরসিংদী"
𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍, 𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑵𝒂𝒓𝒔𝒊𝒏𝒈𝒅𝒊.
[28 May, 2026]
মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা সারাদেশের ন্যায় নরসিংদী জেলাতেও যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ২৮শে মে,২০২৬ খ্রি. সকাল ৮:০০ ঘটিকায় নরসিংদী জেলা পুলিশের আয়োজনে “পুলিশ লাইন্স মসজিদে” উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আযহা নামাজের জামাত অনুষ্ঠিত হয়।
উক্ত জামাতে নামাজ আদায় করেন পুলিশ সুপার, নরসিংদী জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক মহোদয়। এছাড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্যগণসহ সাধারণ মুসল্লিগণ উক্ত জামাতে অংশগ্রহণ করেন।
নিজেদের ঈদ আনন্দ বিসর্জন দিয়ে জনগণের ঈদ আনন্দ নিশ্চিত করার লক্ষ্যে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন পুলিশ সুপার মহোদয়।
27/05/2026
জেলা পুলিশ, নরসিংদীর পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা।
ঈদ মোবারক!
27/05/2026
"নরসিংদী জেলা পুলিশের অভিযানে ছিনতাই হওয়া গরুভর্তি ট্রাক উদ্ধার, আটক ৪"
𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍, 𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑵𝒂𝒓𝒔𝒊𝒏𝒈𝒅𝒊.
[27 May, 2026]
ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া গরুভর্তি একটি ট্রাক উদ্ধার করেছে নরসিংদী জেলা পুলিশ। এ সময় ছিনতাই চক্রের সাথে জড়িত ৪ জনকে আটক করা হয়েছে।
২৫শে মে,২০২৬ দিবাগত রাতে মহাসড়কে সন্দেহভাজন দুটি পিক-আপ গাড়িকে থামার সংকেত দেয় শিবপুর থানা পুলিশ। সংকেত অমান্য করে গাড়ি দুটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে।
একপর্যায়ে ভৈরব রোডের হাজীবাগান এলাকায় ছিনতাইকারীরা একটি গাড়ি ফেলে রেখে পালিয়ে যায়।
ঘটনাস্থল থেকে পুলিশ আহত অবস্থায় ৪ ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য নরসিংদী ১০০ শয্যা হাসপাতালে প্রেরণ করে। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধারকৃত ব্যক্তিরা মূলত গরুর ব্যবসায়ী ও নারায়ণগঞ্জের বাসিন্দা। তারা নেত্রকোনা থেকে ৬টি গরু কিনে ফেরার পথে মনোহরদী বাসস্ট্যান্ডের কাছে ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা তাদের মারধর ও হাত-পা বেঁধে গরুভর্তি গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে পালিয়ে যাচ্ছিল।
পরবর্তীতে রাত আনুমানিক ৩:৩০ ঘটিকায় শিবপুর থানা পুলিশের আরেকটি দল শাসপুর শহীদ মিনার এলাকায় ব্যারিকেড দিয়ে ছিনতাইকৃত গরু ও ব্যবহৃত গাড়িটি উদ্ধার করে।
এই ঘটনায় পুলিশ ৪ জনকে আটক করেছে। আটক ও জড়িত আসামিদের মধ্যে মোঃ সুমন মুন্সি (২৯), মোঃ মাসুদ মিয়া (২৩), লাল মিয়া (৩৬) এবং মোর্শেদ আলীসহ (৩৮) মোট ১০ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। বাকি আসামিদের মধ্যে রয়েছে তাপস মিয়া (৪৫), খোকন (৩৮), সোহাগ মিয়া (৩২), রুস্তুম (৩৫), ফেরদৌস (৩৮) এবং রমজান ওরফে কালা (৪০)।
উদ্ধারকৃত গরু ও ছিনতাইয়ে ব্যবহৃত গাড়ি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং এই চক্রের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
26/05/2026
"ঢাকা-সিলেট মহাসড়কের ট্রাফিক ব্যবস্থাপনা ও কুরবানীর পশুর হাট পরিদর্শন করলেন নরসিংদীর পুলিশ সুপার"
𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍, 𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑵𝒂𝒓𝒔𝒊𝒏𝒈𝒅𝒊.
[26 May, 2026]
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবং মহাসড়কে যানজটমুক্ত পরিবেশ বজায় রাখতে বিশেষ তৎপরতা শুরু করেছে নরসিংদী জেলা পুলিশ। এরই অংশ হিসেবে আজ ঢাকা-সিলেট মহাসড়কের অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট নরসিংদীর পাঁচদোনা মোড়ের ট্রাফিক ব্যবস্থাপনা এবং কুরবানীর পশুর হাট পরিদর্শন করেছেন নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক মহোদয়।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় মহাসড়কের যানচলাচল স্বাভাবিক রাখতে দায়িত্বরত ট্রাফিক পুলিশ ও জেলা পুলিশের কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা দেন। বিশেষ করে পাঁচদোনা মোড়ের মতো ব্যস্ততম সংযোগস্থলে যেন কোনো কৃত্রিম যানজটের সৃষ্টি না হয়, সেদিকে কঠোর নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়।
এরপর তিনি নরসিংদীর অস্থায়ী পশুর হাট ঘুরে দেখেন। এ সময় তিনি হাটের ইজারাদার, ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলেন। হাটে আসা মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণ, জালনোট সনাক্তকরণ এবং হাসিল আদায়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত নিয়ম মেনে চলার আহ্বান জানান। একই সাথে পশুর হাটকে কেন্দ্র করে কোনো ধরনের চাঁদাবাজি বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে থানা পুলিশকে নজরদারি বাড়াতে বলেন।
পরিদর্শনকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, নরসিংদী সদর ও মাধবদী থানার অফিসার ইনচার্জ এবং ট্রাফিক বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
26/05/2026
"নরসিংদীতে পুলিশের পৃথক অভিযান: ইয়াবা ও বিদেশী মদসহ গ্রেফতার ৩"
𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍, 𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑵𝒂𝒓𝒔𝒊𝒏𝒈𝒅𝒊.
[26 May, 2026]
নরসিংদীর বেলাব ও রায়পুরা থানা এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ও ২১ বোতল বিদেশী মদসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নরসিংদী জেলা পুলিশ। উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লক্ষ ৫১ হাজার ৫০০ টাকা।
ঘটনা-১: ২৫শে মে,২০২৬ সকালে বেলাব থানাধীন ধুকুন্দি এলাকার চিপাঘাট নামক স্থানে ঢাকা-সিলেট মহাসড়কের ওপর অভিযান চালান এসআই (নিরস্ত্র)/ মোঃ মাহবুব আলী ও তাঁর সঙ্গীয় ফোর্স।
অভিযানে আব্দুল হামিদ ওরফে মজিদ (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। সে সিলেট জেলার জকিগঞ্জ থানার গাগলাজোড় গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। গ্রেফতারকৃত আসামীর হেফাজত থেকে আনুমানিক ৯০,০০০ টাকা মূল্যের ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঘটনা-২: একই দিন বিকেলে রায়পুরা থানা পুলিশের এসআই (নিরস্ত্র)/ মোঃ তাজুল ইসলাম ও তাঁর সঙ্গীয় ফোর্স রায়পুরা থানাধীন মাহমুদাবাদ এলাকার লিজা জর্দ্দা ফ্যাক্টরীর সামনে পাকা রাস্তায় চেকপোস্ট ডিউটি করাকালীন দুই মাদক কারবারিকে আটক করে।
ধৃত আসামীরা হলো— মাধবদী থানার দক্ষিণ বিরামপুর চৌরাবাড়ি গ্রামের আহসান উল্লাহর ছেলে সোহাগ (২০) এবং একই থানার বাহেরচর গ্রামের সিরাজ মিয়ার ছেলে মোঃ মাসুম মিয়া (২৫)। তল্লাশিকালে তাদের কাছ থেকে আনুমানিক ৬১,৫০০ টাকা মূল্যের ২১ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে নরসিংদী জেলা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
25/05/2026
"ঈদযাত্রায় নিরাপত্তার বন্ধন, জনগণের পাশে পুলিশ সর্বক্ষণ"
𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍, 𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑵𝒂𝒓𝒔𝒊𝒏𝒈𝒅𝒊.
[25 May, 2026]
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সম্মানিত নাগরিকদের নিরাপদ ভ্রমণ ও কোরবানির পশুর হাটের নিরাপত্তা নিশ্চিতকল্পে বাংলাদেশ পুলিশের পরামর্শ। আপনার ঈদ আনন্দকে উৎসবমুখর রাখতে নরসিংদী জেলা পুলিশ সদা তৎপর।
📱 যেকোনো জরুরি মুহূর্তে সহায়তার জন্য যোগাযোগ করুন জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে।
24/05/2026
"নরসিংদীতে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রাথমিক ফলাফল প্রকাশ, চূড়ান্ত ৪২ জন"
𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍, 𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑵𝒂𝒓𝒔𝒊𝒏𝒈𝒅𝒊.
[24 May, 2026]
বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য নরসিংদী জেলায় ফেব্রুয়ারি ২০২৬ মাসে একটি সুশৃঙ্খল ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বাংলাদেশ পুলিশের নির্ধারিত নিয়মনীতি ও বিধিমালা যথাযথভাবে অনুসরণ করে এই নিয়োগ কার্যক্রম পরিচালিত হয়েছে।
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর নরসিংদী জেলা থেকে মোট ৯১৬ জন প্রার্থী অনলাইনে আবেদন করেন। নির্ধারিত তারিখে অনুষ্ঠিত শারীরিক পরীক্ষায় (Physical Endurance Test) মাঠে মোট ৬২৯ জন প্রার্থী উপস্থিত ছিলেন। উপস্থিত প্রার্থীদের মধ্যে শারীরিক মান যাচাইয়ে ৩৫৬ জন যোগ্য বিবেচিত হন এবং তাঁরা পরবর্তী ধাপ অর্থাৎ লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান।
লিখিত পরীক্ষায় ৩৪০ জন প্রার্থী অংশগ্রহণ করেন এবং উক্ত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে ৫৫ জনকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়। মৌখিক পরীক্ষায় প্রার্থীদের মেধা, যোগ্যতা ও সার্বিক গুণাবলি মূল্যায়নের ভিত্তিতে জেলার নির্ধারিত শূন্যপদের বিপরীতে সর্বশেষ ৪২ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।
নিয়োগ পরীক্ষার ধাপসমূহ ও প্রার্থীর সংখ্যা (জন)
মোট আবেদনকারী-৯১৬
মাঠে উপস্থিত-৬২৯
শারীরিকভাবে যোগ্য-৩৫৬
লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী-৩৪০
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী-৫৫
প্রাথমিকভাবে নির্বাচিত-৪২
উল্লেখ্য যে, প্রাথমিকভাবে নির্বাচিত ৪২ জন প্রার্থীর চূড়ান্ত নিয়োগ নির্ভর করবে পুলিশ সদর দপ্তর কর্তৃক পরবর্তী যাচাই-বাছাই, মেডিকেল পরীক্ষা (Pathological Investigation) এবং পুলিশ ভেরিফিকেশনসহ অন্যান্য আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্নের উপর। সকল ধাপ সফলভাবে সম্পন্ন করার পর তাঁদের চূড়ান্ত নিয়োগ প্রদান করা হবে।
প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পরবর্তী করণীয় ও নির্দেশনা যথাসময়ে এসএমএস এবং বাংলাদেশ পুলিশের অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে জানানো হবে। যেকোনো তথ্যের জন্য জেলা পুলিশ সুপারের কার্যালয়, নরসিংদীতে যোগাযোগ করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা যাচ্ছে।
23/05/2026
"নরসিংদী জেলা পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ৪"
নরসিংদীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২৩৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২ কেজি গাঁজাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ।
ঘটনা ১: ২৩শে মে, ২০২৬ তারিখে রায়পুরা থানার জঙ্গী শিবপুর এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। এসআই (নিরস্ত্র)/ মোঃ জামিরুল ইসলাম সংগীয় ফোর্সসহ জঙ্গী শিবপুরস্থ শাহআলম স্টোরের সামনের কাঁচা রাস্তা থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেন। গ্রেফতারকৃতরা হলেন— রায়পুরার জঙ্গী শিবপুরের মোবারক মিয়ার ছেলে বাদশা মিয়া (২২) এবং পলাশ থানার গয়েশপুরের দেলোয়ার হোসেনের ছেলে মোঃ সাব্বির হোসেন (২৪)। এই ঘটনায় রায়পুরা থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
ঘটনা ২: ২৩শে মে, ২০২৬ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে মাধবদী থানার ডৌকাদি এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করেন এসআই(নিরস্ত্র)/ মোঃ জামিরুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স। ধৃত আসামির নিজস্ব বসত বাড়ি থেকে ২ কেজি গাঁজাসহ ফিরোজা বেগম (৫০) নামের এক নারীকে আটক করা হয়। ফিরোজা বেগম ডৌকাদি গ্রামের সরল মিয়ার স্ত্রী। এই সংক্রান্তে মাধবদী থানায় মামলা রুজু করা রয়েছে।
ঘটনা ৩: গত ২২শে মে, ২০২৬ তারিখ রাতে
এসআই(নিরস্ত্র)/ মুহাম্মদ নুরুল্লাহ সংগীয় ফোর্সসহ মাধবদী থানার চাঁদগাঁও গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে করিম পাগলার পুকুর পাড় থেকে সাহেদ মিয়া (২৫) নামের এক যুবককে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। ধৃত সাহেদ চাঁদগাঁও গ্রামের বকুল মিয়ার ছেলে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মাদক নির্মূলে নরসিংদী জেলা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।