12/09/2026
প্রতিবাদ ও দাপ্তরিক ব্যাখ্যা
‘খবরধারা’য় প্রকাশিত সংবাদ ও জনাব আহমেদ রিয়াজের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে কাজী কার্যালয়ের আনুষ্ঠানিক বক্তব্য
সম্প্রতি ‘খবরধারা’ নিউজ পোর্টালে প্রকাশিত একটি সংবাদে সংশ্লিষ্ট একটি বিবাহ নিবন্ধনকে কেন্দ্র করে আমাদের কার্যালয়ের কার্যক্রম সম্পর্কে বিভিন্ন প্রশ্ন, অভিযোগ ও বক্তব্য তুলে ধরা হয়েছে। একইভাবে জনাব আহমেদ রিয়াজ তাঁর ফেসবুক লাইভে এসে বিভ্রান্তিকর ও মনগড়া বক্তব্য প্রকাশ করেছেন, যা আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদ ও বক্তব্যের যেসব অংশ আমাদের কার্যালয়ের প্রকৃত কার্যক্রম, দাপ্তরিক নথিপত্র ও বাস্তব ঘটনার সঙ্গে অসঙ্গতিপূর্ণ, সেসব বিষয়ে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
একই সঙ্গে বিষয়টি নিয়ে জনমনে কোনো বিভ্রান্তি সৃষ্টি না হয়, সে লক্ষ্যে আমাদের কার্যালয়ের প্রকৃত ও দাপ্তরিক অবস্থান নিম্নে স্পষ্ট করা হলো—
১. বিবাহ নিবন্ধনের আইনগত ও দাপ্তরিক ভিত্তি:
আমাদের কার্যালয় থেকে বিবাহ নিবন্ধনের ক্ষেত্রে প্রচলিত আইন, সরকারি বিধিবিধান এবং প্রযোজ্য ধর্মীয় বিধান যথাযথভাবে অনুসরণ করা হয়। সংশ্লিষ্ট ব্যক্তির ইসলাম ধর্ম গ্রহণের আইনগত সনদ এবং/অথবা নও-মুসলিম হিসেবে ধর্মান্তরিত হওয়ার এফিডেভিট/হলফনামা আমাদের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দাখিল করা হয়েছে এবং তা দাপ্তরিক নথি হিসেবে সংরক্ষিত রয়েছে।
২. বয়স ও পরিচয় যাচাই:
বিবাহ নিবন্ধনের পূর্বে সংশ্লিষ্ট ব্যক্তির বয়স ও পরিচয় যাচাই করা হয়েছে। এ ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র, বয়সের বৈধ প্রমাণপত্র এবং প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র পর্যালোচনা করেই বিবাহ কার্যক্রম সম্পন্ন করা হয়। ফলে বিবাহের ক্ষেত্রে বয়স বা পরিচয় গোপন করার কোনো সুযোগ বা অবকাশ নেই।
৩. ধর্মান্তর ও বিবাহ নিবন্ধনের বিষয়ে ব্যাখ্যা:
সংশ্লিষ্ট ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণের বিষয়ে প্রয়োজনীয় ঘোষণা ও আইনগত নথিপত্র দাখিল করার পরই মুসলিম হিসেবে বিবাহ নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কাজী কার্যালয়ের দায়িত্ব হলো দাখিলকৃত বৈধ নথিপত্র ও সংশ্লিষ্ট পক্ষের ঘোষণার ভিত্তিতে আইনানুগভাবে বিবাহ সম্পন্ন করা।
৪. কোনো তথ্য গোপন বা জালিয়াতির আশ্রয় নেওয়া হয়নি:
সংশ্লিষ্ট বিবাহ নিবন্ধনের ক্ষেত্রে আমাদের কার্যালয় কোনো তথ্য গোপন করেনি এবং কোনো জাল বা ভুয়া নথির ভিত্তিতে বিবাহ সম্পন্ন করেনি। বরং সংশ্লিষ্ট পক্ষ কর্তৃক দাখিলকৃত প্রয়োজনীয় কাগজপত্র যাচাই ও সংরক্ষণের পর নিয়ম অনুযায়ী বিবাহ সম্পন্ন করা হয়েছে।
৫. আহমেদ রিয়াজের বক্তব্যের বিষয়ে প্রতিবাদ:
প্রতিবেদনে জনাব আহমেদ রিয়াজের নামে প্রকাশিত বক্তব্যের যেসব অংশ আমাদের কার্যালয়ের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করে কিংবা প্রকৃত ঘটনা সম্পর্কে বিভ্রান্তিকর ধারণা সৃষ্টি করে, তার প্রতি আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কোনো ব্যক্তির বক্তব্যকে একতরফাভাবে প্রকাশ করার আগে সংশ্লিষ্ট দাপ্তরিক নথিপত্র এবং আমাদের কার্যালয়ের বক্তব্য যথাযথভাবে যাচাই করা প্রয়োজন ছিল।
৬. ‘খবরধারা’য় প্রকাশিত সংবাদের বিষয়ে:
অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে তথ্য যাচাই, সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণ এবং প্রামাণ্য নথিপত্র পর্যালোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের কার্যালয়ের কাছে থাকা নথিপত্র ও বাস্তব কার্যক্রম যাচাই না করে কোনো ধরনের অনুমান, একপাক্ষিক বক্তব্য বা অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করা হলে তা পাঠকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে।
আমাদের কার্যালয় আইনবহির্ভূত কোনো কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না। একইভাবে, আমাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অনিয়ম, জালিয়াতি বা আইন লঙ্ঘনের অভিযোগ থাকলে তার পক্ষে প্রমাণ উপস্থাপন করার আহ্বান জানাচ্ছি। প্রয়োজন হলে দাপ্তরিক নথিপত্র যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করে বিষয়টি যাচাই করার সুযোগ রয়েছে।
অতএব, ‘খবরধারা’য় প্রকাশিত সংবাদ এবং জনাব আহমেদ রিয়াজের বক্তব্যের যেসব অংশ প্রকৃত ঘটনা ও দাপ্তরিক নথিপত্রের সঙ্গে অসঙ্গতিপূর্ণ, সেসব বক্তব্যের আমরা আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে বিষয়টি পুনরায় যাচাই করে প্রকৃত তথ্য, সংশ্লিষ্ট নথিপত্র এবং আমাদের বক্তব্য যথাযথভাবে প্রকাশ করার জন্য অনুরোধ জানাচ্ছি।
আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে, সংশ্লিষ্ট বিবাহ নিবন্ধন প্রচলিত আইন, দাপ্তরিক নিয়ম এবং দাখিলকৃত নথিপত্রের ভিত্তিতেই সম্পন্ন হয়েছে। এ বিষয়ে আমাদের কার্যালয়ের পক্ষ থেকে কোনো অনিয়ম, জালিয়াতি বা বেআইনি কর্মকাণ্ড সংঘটিত হয়নি।
প্রচারে—
কাজী হুমায়ুন রশীদ চৌধুরী
নিকাহ ও বিবাহ নিবন্ধক