11/10/2026
প্রেস বিজ্ঞপ্তি: সৌদি আরবের রিয়াদে সন্ত্রাসী হামলায় দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুতে গভীর শোক:
সর্বোচ্চ ক্ষতিপূরণ, সরকারি খরচে মরদেহ দেশে প্রত্যাবাসন ও প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি:
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। নিহতরা হলেন টাঙ্গাইলের মোশাররফ হোসেন ও কিশোরগঞ্জের বাচ্চু মিয়া। আমরা নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একই ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করছি।
প্রবাসীরা দেশের অর্থনীতি ও বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাঁদের জীবন, নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই মর্মান্তিক ঘটনায় আমরা বাংলাদেশ সরকারের কাছে জরুরি ও কার্যকর পদক্ষেপ দাবি করছি।
বাংলাদেশ সরকারের প্রতি আমাদের ৫ দফা দাবি:
১. প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করুন: সৌদি আরব সরকারের সঙ্গে জরুরি কূটনৈতিক আলোচনা করে দেশটিতে কর্মরত সকল বাংলাদেশি প্রবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করুন।
২. সর্বোচ্চ ক্ষতিপূরণ আদায়ে উদ্যোগ নিন: নিহত দুই প্রবাসীর পরিবারকে সর্বোচ্চ প্রাপ্য ক্ষতিপূরণ, বিমার অর্থ ও অন্যান্য আইনগত পাওনা আদায়ে কার্যকর কূটনৈতিক ও আইনি পদক্ষেপ নিন।
৩. মরদেহ সরকারি খরচে দেশে আনুন: নিহতদের মরদেহ সম্পূর্ণ সরকারি খরচে দ্রুততম সময়ে বাংলাদেশে তাঁদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন।
৪. পরিবারকে আর্থিক সহায়তা দিন: নিহতদের পরিবারকে জরুরি সরকারি আর্থিক সহায়তা ও প্রাপ্য কল্যাণ তহবিলের সুবিধা নিশ্চিত করুন।
৫. আহতদের চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করুন: আহত বাংলাদেশিদের যথাযথ চিকিৎসা, নিরাপত্তা ও প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করুন।
আমরা বাংলাদেশ সরকারের প্রতি জোরালো আহ্বান জানাচ্ছি—শুধু শোক প্রকাশ বা আশ্বাস নয়, অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন। নিহতদের পরিবারের পাশে দাঁড়ান, তাঁদের ন্যায্য অধিকার ও ক্ষতিপূরণ নিশ্চিত করুন এবং বিদেশের মাটিতে প্রতিটি বাংলাদেশি প্রবাসীর নিরাপত্তা রক্ষায় কার্যকর ভূমিকা পালন করুন।
এসো এক হই, অধিকারের কথা কই।
প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার।
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ
তারিখ: ১১ অক্টোবর ২০২৬ খৃষ্টাব্দ।