24/09/2026
Big Breaking: হাওড়ায় কোর্টের উচ্ছেদ নির্দেশকে কেন্দ্র করে রণক্ষেত্র দক্ষিণ সাঁকরাইল! জমি দখল মুক্ত করতে গিয়ে ধুন্ধুমার, ইটবৃষ্টি ও হাতাহাতি,,,,,,
১৬ বছর ধরে চলা জমিসংক্রান্ত দীর্ঘ আইনি লড়াইয়ের পর আদালতের নির্দেশ মেলে জমি ফেরতের। কিন্তু আজ সেই উচ্ছেদ অভিযান চালাতে গিয়েই উত্তপ্ত হয়ে উঠল হাওড়ার দক্ষিণ সাঁকরাইল এলাকার পূর্ব খাপারা! জমির মালিক সজল মণ্ডলের অভিযোগ, দীর্ঘ ১৬ বছর ধরে তার বৈধভাবে কেনা জমি জোরপূর্বক দখল করে রাখা হয়েছিল। এমনকী জমি দখল করে ঘর বানিয়ে তা ভাড়াও দেওয়া হয় বলে অভিযোগ। দীর্ঘদিন আইনি লড়াই চালানোর পর আদালত অবশেষে তার পক্ষে জমি উচ্ছেদের রায় (Judgement & Decree) দেয়। আজ সকালে আদালতের নির্দেশপত্র এবং পুলিশি নিরাপত্তা (Police Protection) সঙ্গে নিয়ে সজলবাবু এলাকায় উচ্ছেদ অভিযান চালাতে যান এবং ঘর ভাঙা শুরু হয়। উচ্ছেদ অভিযান চলাকালীন স্থানীয় বাসিন্দা ও বসবাসকারীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বাসিন্দাদের পাল্টা অভিযোগ পুলিশ প্রথম দফায় কাজ সেরে চলে যাওয়ার পরেই নাকি তাদের ওপর অতর্কিতে হামলা চালানো হয়। মহিলাদের সাথে দুর্ব্যবহার ও গায়ে হাত তোলারও অভিযোগ তুলেছেন বাসিন্দারা। এরপরেই পরিস্থিতি একদম হাতের বাইরে চলে যায়! দুই পক্ষের মধ্যে শুরু হয় তুমুল বাকবিতণ্ডা, হাতাহাতি এবং একে অপরকে লক্ষ্য করে দেদার ইটবৃষ্টি! কোর্টের সুস্পষ্ট নির্দেশপত্র ও জাজমেন্টের কপি সাংবাদিকদের সামনে তুলে ধরে জমির মালিক সজল মণ্ডল জানান, নিরাপত্তা থাকা সত্ত্বেও তিনি পুলিশের কাছ থেকে সঠিক সাহায্য পাননি। বর্তমানে থমথমে ভাব বজায় রয়েছে এলাকা জুড়ে। বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।