08/05/2026
মাধ্যমিক পরীক্ষায় প্রথম, চতুর্থ, পঞ্চম, অষ্টম, নবম, দশম স্থানাধিকারীদের সংবর্ধিত করা হলো।
প্রথম স্থানাধিকারী অভিরূপ ভদ্র ; চতুর্থ সৌদিপ দাস, সোহম জুয়ারদার, অরিজিৎ মন্ডল; পঞ্চম সমন্বয় দেবনাথ; অষ্টম চেতশী রায়, সমন্বয় নস্কর; নবম সৌম্যদীপ রায়, বিবেক সিংহ, প্রনয় দাস; দশম প্রাঞ্জল মন্ডল ও তানভীর সাকিব কে সংবর্ধনা দেওয়া হয়।
08/05/2026
মাধ্যমিক পরীক্ষায় তোমরা যারা উত্তীর্ণ হয়েছে, তোমাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন।
একাদশ-দ্বাদশ শ্রেণীতে সেমিস্টার বাতিল ও ফি বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলনে পাশে থেকো।
06/05/2026
মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ শ্রীপত সিং কলেজের সামনে থাকা লেনিনের আবক্ষ মূর্তি ভাঙল বিজেপির গুন্ডারা।
লেনিনের নাম মুছে দিতে চাও আর কত তুমি ভাঙবে
একটা মূর্তি ভাঙলে পথে লক্ষ লেনিন নামবে...
05/05/2026
কলকাতা বিশ্ববিদ্যালয়ে AVBP র তাণ্ডবে AIDSO কর্মীদের রক্তাক্ত হওয়ার ঘটনা প্রসঙ্গে আজ এক বিবৃতিতে এআইডিএসও'র পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন -
" গতকাল ভোটের ফলাফল প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই রাজ্যের বিভিন্ন জায়গায় বিরোধীদের উপর আক্রমণ, পার্টি অফিস দখল সহ নানান হিংসাত্মক ঘটনা ঘটেই চলেছে। পাশাপাশি চলছে কলেজ- বিশ্ববিদ্যালয় গুলিতে বিজেপির ছাত্র সংগঠন AVBP র সন্ত্রাস ও দখলদারী রাজনীতি। বিগত দিনের মতোই সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে দখলদারির রাজনীতি, সন্ত্রাস শুরু হয়ে গেছে । আজ বিকেলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রীট ক্যাম্পাসে AVBP তাণ্ডব থেকে ক্যাম্পাস কে রক্ষা করতে গিয়ে রক্তাক্ত হয় এআইডিএসও কর্মীরা। বহিরাগত দুষ্কৃতীদের জড়ো করে ক্যাম্পাসের ভিতরে ঢুকে জোর করে ব্যানার,ফেস্টুন ছিঁড়ে ক্যাম্পাসের গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেই AIDSO কর্মীদের উপর নির্মম আক্রমণ নামিয়ে আনা হয়। একজন কর্মীর মাথা ফেটে যায়। তাকে রক্তাক্ত অবস্থায় দ্রুত কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। আরো ছয় জন কর্মী গুরুতরভাবে জখম হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। রাজ্যের অন্যান্য জায়গায় শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাস ও দখলদারী রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য পশ্চিমবাংলার সংগ্রামী ছাত্রজনতা, সমস্ত বামপন্থী ও প্রগতিশীল ছাত্র সংগঠনগুলিকে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানাচ্ছি "
05/05/2026
এবিভিপি'র তাণ্ডব থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে রক্ষা করতে গিয়ে রক্তাক্ত এআইডিএসও কর্মীরা
শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাস ও দখলদারির রাজনীতি বিরুদ্ধে রুখে দাঁড়াও
AIDSO
05/05/2026
"...ডারউইন যেমন জৈব প্রকৃতির বিকাশের নিয়ম আবিষ্কার করেছিলেন তেমনি মার্কস আবিষ্কার করেছেন মানুষের ইতিহাসের বিকাশের নিয়ম, মতাদর্শের অতি নিচে এতদিন লুকিয়ে রাখা এই সহজ সত্য যে, রাজনীতি, বিজ্ঞান, কলা, ধর্ম ইত্যাদি চর্চা করতে পারার আগে মানুষের প্রথম চাই খাদ্য, পানীয়, আশ্রয়, পরিচ্ছদ। সুতরাং প্রাণধারণের আশু বাস্তব উপকরণের উৎপাদন এবং সেই হেতু কোনো নির্দিষ্ট জাতির বা নির্দিষ্ট যুগের অর্থনৈতিক বিকাশের মাত্রাই হল সেই ভিত্তি যার ওপর গড়ে ওঠে সংশ্লিষ্ট জাতিটির রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, আইনের ধ্যান-ধারণা, শিল্পকলা, এমনকি তাদের ধর্মীয় ভাবধারা পর্যন্ত এবং সেই দিক থেকেই এগুলির ব্যাখ্যা করতে হবে, এতদিন যা করা হয়েছে সেভাবে উল্টো দিক থেকে নয়।...
..আজ সাইবেরিয়ার খনি থেকে কালিফোর্নিয়া পর্যন্ত, ইউরোপ ও আমেরিকার সব অংশে লক্ষ লক্ষ বিপ্লবী সহকর্মীদের প্রীতির মধ্যে, শ্রদ্ধার মধ্যে, শোকের মধ্যে তাঁর মৃত্যু। আমি সাহস করে বলতে পারি যে মার্কসের বহু বিরোধী থাকতে পারে, কিন্তু ব্যক্তিগত শত্রু তাঁর মেলা ভার। যুগে যুগে অক্ষয় হয়ে থাকবে তাঁর নাম, অক্ষয় থাকবে তাঁর কাজ।"
( মার্কসের সমাধিপার্শে তাঁর সহযোদ্ধা, মহান নেতা এঙ্গেলস এর বক্তৃতার অংশ)
____________________________________________________________________________
কমরেড কার্ল মার্ক্সের জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য......
01/05/2026
"শ্রমিক আন্দোলন কেবল অধিক মজুরি ও কম কাজের দাবিতে আন্দোলন নয়। এটি ন্যায় ও সমতার ভিত্তিতে সমাজের সামগ্রিক পুনর্গঠনের আন্দোলন, যেখানে মানুষ কর্তৃক মানুষের কোনো শোষণ থাকবে না।" (১৯৩১ সালে ট্রেড ইউনিয়ন সম্মেলনে নেতাজী সুভাষচন্দ্র বসু)
আজ ১লা মে। যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালন করুন।
30/04/2026
কোচবিহার জেলায় সরকারি নিয়মকে তোয়াক্কা না করে একাদশ শ্রেণির ভর্তির ফি ৮৯০ টাকা থেকে ১৩৭০ টাকা বা তারও বেশি ফি আদায় করা হচ্ছে। স্কুল কর্তৃপক্ষ এই বর্ধিত ফির কোনো নির্দিষ্ট নোটিশ দিচ্ছে না এবং অর্থ গ্রহণের বিপরীতে কোনো রশিদও প্রদান করছে না। এর প্রতিবাদে এদিন কোচবিহার জেলা ডিআই অফিসের সামনে এআইডিএসও'র কর্মী-সমর্থক ও স্কুলের ছাত্রদের নিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এরপর একটি প্রতিনিধি দল জেলা বিদ্যালয় পরিদর্শকের সঙ্গে দেখা করে ৫ দফা দাবিতে একটি স্মারকলিপি তুলে দেন। সংগঠনের প্রধান দাবিগুলো হলো:
• অবিলম্বে সরকার নির্ধারিত ফির অতিরিক্ত টাকা নেওয়া বন্ধ করতে হবে।
• প্রতিটি স্কুলের গেটে কোন খাতে কত ফি নেওয়া হচ্ছে, তার তালিকা প্রকাশ্যে ঝোলাতে হবে।
• আর্থিকভাবে অসচ্ছল পড়ুয়াদের বিনামূল্যে ভর্তির ব্যবস্থা করতে হবে।
• যেসব স্কুল ইতিমধ্যে অতিরিক্ত টাকা নিয়েছে, ছাত্রছাত্রীদের ফি ফেরত দিতে হবে এবং কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।
• স্কুলের পরিকাঠামো উন্নয়নের জন্য সরকারি বরাদ্দ ও কম্পোজিট গ্রান্টের পরিমাণ বৃদ্ধি করতে হবে।
স্মারকলিপি প্রদান শেষে সংগঠনের জেলা সম্পাদক আসিফ আলম বলেন, “আমরা বারবার প্রশাসনকে এ বিষয়ে জানিয়েছি। দু-একটি ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া হলেও সামগ্রিকভাবে পরিস্থিতির পরিবর্তন হয়নি। সাধারণ ছাত্রছাত্রীদের ওপর এই অন্যায্য আর্থিক বোঝা চাপিয়ে দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে কার্যকরী ব্যবস্থা না নেওয়া হলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।”
ডেপুটেশন প্রদান কালে জেলা বিদ্যালয় পরিদর্শক (ডিআই) বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখার এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।