23/01/2026
নেতা অনেকেই হন, নেতাজী একজন।
অন্যদিনের মতো সেদিনও সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে ফিরে চোখে পড়ল—বাড়ির সামনে অনেক লোকের ভিড়। কান্নার আওয়াজও শোনা যাচ্ছে। কারা কাঁদছে?
জানা গেল, বাড়ির কর্তা মশাই মারা গিয়েছেন। ভদ্রলোক বসন্ত রোগে ভুগে মৃত্যুবরণ করেছেন। কিন্তু তাঁর মৃতদেহ কেউ ছুঁতে চাইছে না। সকাল পেরিয়ে সন্ধ্যা হয়েছে, তবু মৃতদেহ সেভাবেই বাড়িতে পড়ে আছে—সৎকার করার লোক পাওয়া যাচ্ছে না।
“ছুঁতে চাইছে না! তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন?”
এত ভয়! এত কুসংস্কার!
সেদিন এক তরুণ দৃঢ় পায়ে বাড়ির দরজার দিকে এগিয়ে এলেন। দৃপ্ত কণ্ঠে বললেন—
“বেশ, আর কেউ যদি না যায়, আমি একাই এই মৃতদেহ শ্মশানে নিয়ে যাব।”
যে ছেলেটি সেদিন এমন দৃঢ় কণ্ঠে কথা বলছিল, সে-ই সেদিনের সুভাষ, আগামীর নেতাজী সুভাষচন্দ্র বসু। নেতৃত্ব ছিল তাঁর সহজাত। তিনি একজনই—বাঙালির চিরকালের নেতা, আইকন, হার্টথ্রব—নেতাজী সুভাষচন্দ্র বসু।
সুভাষ এগিয়ে এলেন বাড়ির দরজার দিকে। বললেন, কেউ যদি শ্মশানে না যায়, তিনি একাই মৃতদেহ কাঁধে নিয়ে যাবেন।
হারু সুভাষের মুখে এই কথা শুনে হতভম্ব। মুখ ফুটে বলতে পারল,
“সে কি! তুমি?”
সুভাষ শুধু বললেন,
“তুমি বাড়িতে খবর দাও। আমি শ্মশানে যাচ্ছি—কখন ফিরব ঠিক নেই।”
ভিড় ঠেলে মৃতদেহের আরও কাছে এগোতে লাগলেন সুভাষ। একজন চারুর কাছে ফিসফিস করে জানতে চাইল—
“ওই ছেলেটি কে?”
চারু জানাল,
“সরকারি উকিল রায়বাহাদুর জানকীনাথ বসুর ছেলে।”
“বলো কী! এত বড় ভদ্রলোকের ছেলে!”
এদিকে সুভাষ আরও দৃঢ় হয়ে উঠছেন। বাড়ির ভেতরে যাওয়ার জন্য সবাইকে পথ করে দিতে বলছেন। হঠাৎ একটি ছেলে এগিয়ে এসে বলল—
“আমিও তোমার সঙ্গে যাব।”
এরপর আরও একজন এগিয়ে এল।
সংখ্যা বাড়তে লাগল।
আরেকটি ছেলে কোঁচা খুলে কোমরে জড়িয়ে বলল—
“আমিও যাব।”
সেদিন বাড়ির কর্তা মশাইয়ের সৎকার সম্ভব হয়েছিল, কারণ সুভাষচন্দ্র বসু প্রথম এগিয়ে এসেছিলেন। তাঁকে দেখে আরও অনেকেই সাহস করে এগিয়ে এসেছিল।
নেতা তো অনেকেই হন—
নেতাজী একজনই। তিনি সুভাষচন্দ্র বসু।
© ধ্রুবতারাদের খোঁজে
পুস্তক ঋণ ও কৃতজ্ঞতা স্বীকার:
উদ্যত খড়গ — অচিন্ত্য কুমার সেনগুপ্ত