14/09/2025
অন্য শ্রীরামপুর... অনন্য আনন্দ... বিশেষ পরীক্ষা (১৪ সেপ্টেম্বর ২০২৫)
==================================
শ্রীরামপুরবাসী নন এমন যারা শ্রীরামপুর শহর সম্বন্ধে কিছুটা জানেন, বা আজকাল ভ্লগারদের দৌলতে শ্রীরামপুরের ইতিহাস সম্বন্ধে, ড্যানিশ উপনিবেশ, গীর্জা, ট্যাভার্ন ইত্যাদি সম্বন্ধে জেনে গেছেন তাদের আজ আরও একটা জায়গার সন্ধান দিলাম শ্রীরামপুর চেসায়ার হোম।
প্রতিমাসের মতন দ্য টাকীয়ান্স আনন্দ ভোজ উদযাপন করতে আজ উপস্থিত ছিল উক্ত হোমে। আগেই বলে রাখি এই হোমে যারা থাকেন তারা আমার আপনার মতন নয়। আমাদের জীবনে তো অনেক চাহিদা, এটা চাই, ওটা চাই,;ওদের জীবনে কোনো চাহিদাই নেই। আর তাই বোধ হয় আমাদের সমাজ ওদের নাম দিয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন বা Specially abled.
আজকের আনন্দ ভোজ যিনি স্পনসর করেছেন তিনি নাম প্রকাশে অনিচ্ছুক। তাই ওনার নাম উহ্য রেখেই সেই শুভানুধ্যায়ী ব্যক্তির ও তার পরিবারের সকলের নীরোগ দীর্ঘায়ু কামনা করে দ্য টাকীয়ান্স।
আজ ছিল একটা পরীক্ষার দিন। নানা! পাঠক যে পরীক্ষার কথা ভাবছেন তা নয়, ছিল আনন্দ ভোজ টিমের মধ্যে পরীক্ষা। জয়জিত মজুমদারের অনুপস্থিতে তার বন্ধু জয়ন্ত দত্ত কতটা ভালো মেথি চিকেন বানাতে পারে, মৃণাল রান্না কতদূর শিখল, কাটাকুটিতে কে কতটা উন্নতি করল, সর্বোপরি বিভাস রায়ের সাথে এতোদিন কাজ করে কে কতটা নিজেকে রিদ্ধ করেছে তার পরীক্ষা। আসলে এই পরীক্ষা গত কয়েক মাস ধরেই চলছে, কখনও বিভাস রায়, প্রসেনজিৎ মিত্রের অনুপস্থিতে টিম কেমন কাজ করছে আবার কখনও আজকের মতন। আসলে সবাই পারবে, ভালোই পারবে, এই পরীক্ষার উদ্দেশ্য টিমের বাকি মেম্বারদের আরও আত্মবিশ্বাসী করে তোলা, যাতে আগামী দিনে টিমকে আরও বড় করে বছরে আনন্দ ভোজের সংখ্যা আরও বাড়ানো যায়। দীর্ঘ ৭ মাস বাদে আজ প্রসেনজিৎও রান্নাবান্নার কাজে পুরোদমে। বেসনের ব্যাটার বানানো থেকে মাংস মশলা দিয়ে ম্যারিনেট কিম্বা মাংসের জন্য আলূ ভাজা সবই ও করেছে, কিন্তু একা হাতে সামলেছে একথা বলা হবে না, কারণ ওকে আবার কখনও ধ্রুব কখনও জয়ন্ত সাহায্য করেছে। এটা বলা কারণ এটাই যে আনন্দ ভোজ এখন পুরোপুরি একটা টিম ওয়ার্ক।
রান্না হল ভালোই... ফুলকো ফুলকো বেগুনী, ফ্রায়েড রাইস, মেথি চিকেন, প্লাস্টিক চাটনী, পাঁপড় আর শ্রীরামপুরের মিষ্টি।
আর কাজ... ওই একই কথা সবাই মানে বিভাস, জয়ন্ত, ধ্রুব, মৃণাল, প্রসেনজিৎ এঁরা কি কি পারে তা তো যারা দ্য টাকীয়ান্স নিয়মিত ফলো করেন তারা তো জানেন। তাহলে এবার ছবি দেখা যাক।
09/09/2025
এই রবিবার ১৪ ই সেপ্টেম্বর বিশেষভাবে সক্ষম বেশ কিছুজনের সাথে সময় কাটাতে আমরা যাচ্ছি... আপনাদের সকলকে পাশে চাই
05/09/2025
দ্য টাকীয়ান্স এর ইতিহাসে এই প্রথম... এই প্রথম দ্য টাকীয়ান্সের ফেসবুক-ইন্সটা পোষ্ট বানালেন একজন শুভানুধ্যায়ী। সংস্থার প্রতিষ্ঠা দিবসের পোষ্ট তৈরি করলেন।
প্রাক্তনী বন্ধু অনুদাতা দুবাই নিবাসী কিংশুক রায়ের এই স্বতস্ফূর্ত কাজ আমাদের অভিভূত করেছে... তাই আমাদের আনন্দকে আপনাদের সকলের সাথে ভাগ করে নিলাম... ভালো থেকো কিংশুক... ভালো থাকবেন আপনারা সকলে...
01/09/2025
গত সপ্তাহে রবিবার তথা ২৪ অগাষ্ট ২০২৫ এ সাধারণ সম্পাদক প্রসেনজিৎ মিত্র ও কোষধ্যক্ষ সম্রাট ঘোষ (আনন্দ ভোজ, আনন্দ দান, মগজ মন্থনের কারণে ছবি তোলা হয়নি) এবং গতকাল রবিবার ৩১ অগাষ্ট ২০২৫ মৃণাল মণ্ডল এবং সদ্য নিযুক্ত সভাপতি ধ্রুবজ্যোতি মণ্ডল দ্য টাকীয়ান্স ক্লোথব্যাঙ্কে তাদের জামাকাপড় দান করল।
পুর্ব পরিকল্পনা মাফিক দ্য টাকীয়ান্স আনন্দ দান অন্তর্গত ক্লোথ ব্যাঙ্কে জামাকাপড় নেওয়া সাময়িকভাবে স্থগিত রাখা হল... প্রাপ্ত বস্ত্রাদি এবার প্রসেসিং করে যাদের প্রয়োজন তাদের হাতে তুলে দেওয়া হবে। আপাততঃ আর কারো থেকেই কিছু গ্রহণ করা যাবে না...
24/08/2025
কোন্নগর থেকে বিজয়গড়... মগজ মন্থন থেকে আনন্দ ভোজ আনন্দ দান
-----------------------------------------------------------------------------
আজ ২৪-০৮-২০২৫ আবার নতুন রেকর্ড... তিনটি কাজ একসাথে দুটি ভিন্ন স্থানে...
প্রথমেই বলি দীপাঞ্জন ঘোষের কথা... দীপাঞ্জন USA নিবাসী এবং দ্য টাকীয়ান্স এর আজীবন সদস্য, যে আজকের পুরো কর্মকাণ্ডের স্পনসরার। দীপাঞ্জন এবং তার পরিবারের সবাইকে শুভেচ্ছা।
আজ ক্যুইজ মাষ্টার শাশ্বত চক্রবর্তী, ক্যুইজ মাষ্টার শমীক হাজরা এবং মাষ্টার শেফ বিভাস রায় তথা কয়েকদিন আগে যাদের আমরা বলেছিলাম মহারথী সেই মহারথীদের অনুপস্থিতিতেই দ্য টাকীয়ান্স গড়ে তুলল নতুন নজির। আর তাই আজ কোন্নগরের সত্যভারতীতে মগজ মন্থন এবং বিজয়গড়ের গৃহহীন আশ্রয় প্রকল্পে আনন্দ ভোজ এই সবটাই হয়েছে ওদের অনুপস্থিতিতে... বিভাস রায় অবশ্য এবারের বাজারের গুরুদায়িত্ব বহন করেছিল।
এবার আসি কর্মকাণ্ডে... আজ মগজ মন্থন তথা ক্যুইজ কর্মশালার তৃতীয় দিনটি ছিল সিলেবাসে ক্যুইজ। টেক্সট বুক থেকে কিরকম ভাবে ক্যুইজের প্রশ্ন করা যায় আবার সেগুলো থেকেই কেমনভাবে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার প্রশ্ন আসে তা নিয়ে। জ্যামিতি থেকে ভুগোল, সাধারণ গাণিতিক মজার প্রশ্ন থেকে বাংলা শব্দ নিয়ে কিছু খেলা, যা আক্ষরিক অর্থেই সকলের জানার মাঝে অজানা। সাথে ছিল ক্যুইজের নানা টেকনিক্যাল টার্মস নিয়ে কথা বার্তা। আজকের মগজ মন্থনের কাণ্ডারী প্রসেনজিৎ মিত্র, আর সহযোগিতায় প্রীতম চৌধুরী। কর্মশালা শেষে আমরা সত্যভারতীর লাইব্রেরি পরিদর্শন করি। ওখানে বেশ কিছু বই আমাদের কিনে দেবার একটা পরিকল্পনা আমাদের আছে। এবিষয়ে বিস্তারিত আমরা জানাবো আমাদের কমিটি মিটিং এ সিদ্ধান্ত গ্রহণের পর।
অপরদিকে বিজয়গড়ে রান্নাবান্নার পুরো দায়িত্বে জয়জিৎ, জয়ন্ত, মৃণাল এবং দ্য টাকীয়ান্সের বর্তমান সভাপতি ধ্রুবজ্যোতি। আর আজ ওরা শুরু রান্নাই করেনি, যতগুলো পদ আজ ওরা রেঁধেছে তার অধিকাংশই আমাদের আনন্দ ভোজে এই প্রথম রান্না করা হল। ওরা শুধুমাত্র নির্দিষ্ট সময়ের মধ্যে খাবার প্রস্তুতই করেনি, সুস্বাদুও করেছিল। জয়জিৎ মজুমদারের ছানাপট্টি থেকে কেনা পনীর দিয়ে আলু পনীরের তরকারী আজ ভোজ উৎসবে আলাদা মাত্রা যোগ করেছিল।
মেনুতে কি ছিল? বাঁশকাঠি চালের ভাত, কড়াইশুঁটি দিয়ে সোনামুগ ডাল, আলু পনীরের নিরামিষ তরকারী, কাতলা ভাপা, কাজু-কিসমিস-বেদানা সহযোগে আনারসের চাটনী, পাঁপড়, মিষ্টি সবেতেই আজ রসনা তৃপ্তি যে বেশ হয়েছে তা অচিরেই বোঝা গেছিল সেখানকার আবাসিকদের কথায়। অর্থাৎ এখানেও আজ আমরা পাশ করে গেছি বেশ ভালো নম্বর নিয়েই।
যদিও প্রসেনজিতের অনুপস্থিতিতে এবং কিছুটা লোকবলের অভাবে আনন্দ গেম আয়োজন করা যায় নি, তার একটা খামতি থেকে গেলো, তথাপি আজ আমরাও বেশ আনন্দিত।
আজ সবাই মিলে কুটনো কুটেছে, সবাই মিলে রেঁধেছে, সবাই মিলে ছবি তুলেছে... সর্বোপরি এটুকু বোঝা যাচ্ছে যে আমাদের টিমের কর্মীরা সব অলরাউণ্ডার হয়ে উঠছে।
সমাবর্তন ও আনন্দ দান............... কোন্নগরে মগজ মন্থন সেরে প্রীতম আর প্রসেনজিৎ চলে এসেছিল বিজয়গড়ে । আর তারপর বেশ কিছু অতি প্রয়োজনীয় শুকনো খাবার তথা ১০ কিলো মুড়ি, ১ কিলো চানাচুর, ৩ কিলো বাতাসা, ১ কিলো চা পাতা, ৬ প্যাকেট বিস্কুট এবং অতি প্রয়োজনীয় ২৪ টি বোরোলিন তুলে দেওয়া হল হোমের কর্ণধার শ্রীমতি রত্না হক রায়ের হাতে।
23/08/2025
আজ আবার ক্লোথ ব্যাঙ্কে, এবার শ্রীমতি মুনিয়া দাস
-----------------------------------------------------
আজ ২৩ অগাষ্ট ২০২৫ সুদর্শনার পর এইমাত্র অ্যাপোলো ইনফার্টিলিটি সেন্টারের মার্কেটিং এক্সেকেটিভ শ্রীমতি মুনিয়া দাস আমাদের ক্লোথ ব্যাঙ্কে দান করলেন। শ্রীমতি দাস কে দ্য টাকীয়ান্স -এর পক্ষ থেকে জানাই ধন্যবাদ।
দ্য টাকীয়ান্স আনন্দ দান-এর অন্তর্গত ক্লোথব্যাঙ্কে আপনিও আপনার এবং আপনার বাড়ির লোকের অব্যবহৃত জামাকাপড় দান করতে পারেন। সেইসব জামাকাপড় আমরা উপযুক্ত ধোলাই, স্যানিটাইজেশন করে প্যাকেজিং করে খুব শীঘ্রই তুলে দেব সেই সব মানুষদের হাতে, যাদের এগুলোর খুব প্রয়োজন। প্রথম দফা কাজ চলছে এখন - অন্তিম তারিখ ৩১ অগাষ্ট ২০২৫। তারপর আমাদের প্রসেসিং এর কাজ শুরু হবে।
23/08/2025
আনন্দ দান ক্লোথ ব্যাঙ্ক
----------------------------
আজ ২৩ অগাষ্ট ২০২৫ সকালে দ্য টাকীয়ান্স আনন্দ দান ক্লোথ ব্যাঙ্কে বেশ কিছু বস্ত্রাদি ডোনেট করলেন দ্য টাকীয়ান্স এর প্রাক্তন কোষাধ্যক্ষ এবং বর্তমান কার্যকরী সমিতির সদস্য সুদর্শনা পাঁজা। সঙ্গে ছিল আমাদের সকলের স্নেহের ছোট্ট আরাত্রিকা। পুচকি ওর নিজের ছোট হয়ে যাওয়া জামাকাপড়গুলো ওর মাতুল সম বিভাস রায়ের হাতে তুলে দিল।
দ্য টাকীয়ান্স আনন্দ দান-এর অন্তর্গত ক্লোথব্যাঙ্কে আপনিও আপনার এবং আপনার বাড়ির লোকের অব্যবহৃত জামাকাপড় দান করতে পারেন। সেইসব জামাকাপড় আমরা উপযুক্ত ধোলাই, স্যানিটাইজেশন করে প্যাকেজিং করে খুব শীঘ্রই তুলে দেব সেই সব মানুষদের হাতে, যাদের এগুলোর খুব প্রয়োজন। প্রথম দফা কাজ চলছে এখন - অন্তিম তারিখ ৩১ অগাষ্ট ২০২৫। তারপর আমাদের প্রসেসিং এর কাজ শুরু হবে।
21/08/2025
গতকাল সন্ধ্যেবেলায় স্যার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মধ্য কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। আজ বেলা বারোটা নাগাদ আমাদের পক্ষ থেকে সম্রাট ঘোষ এবং প্রসেনজিৎ মিত্র সেখানে উপস্থিত ছিলেন। এরপর হাসপাতাল থেকে স্যারের মরদেহ প্রথমে তাঁর মেট্রোপলিটনের বাসভাবনে, তারপর টাকি স্কুল ভবনে নিয়ে যাওয়া হয়। এরপর নিমতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন করা হয়।
19/08/2025
আনন্দ ভোজ বিজয় রথ, যাবে বিজয়গড়ে
মগজ মন্থনের রথ ছুটবে কোন্নগরে
15/08/2025
দ্য টাকীয়ান্স ক্লোথ ব্যাঙ্ক
===================
আজ ১৫ অগাষ্ট আমাদের সদস্য প্রীতম চৌধুরী বেশ কিছু বস্ত্রাদি আমাদের ক্লোথ ব্যাঙ্কে দান করলেন, সংগঠনের তরফে বিভাস রায় তা গ্রহণ করছেন।
দ্য টাকীয়ান্স -এর বিভিন্ন প্রয়াসগুলির অন্যতম দ্য টাকীয়ান্স আনন্দ দান। আর সেই আনন্দ দান প্রয়াসে নবতম সংযোজন ক্লোথ ব্যাঙ্ক, যা শুরু হয়েছিল ৪ মে ২০২৫ থেকে। আপনার এবং আপনার বাড়ির লোকের অব্যবহৃত জামা কাপড় আমাদের ক্লোথ ব্যাঙ্কে দান করুন। এই জামাকাপড় বছরের বিভিন্ন সময়ে আমরা পৌঁছে দেবো সেই সব মানুষদের কাছে, যাদের জামাকাপড়ের অত্যন্ত প্রয়োজন।
08/08/2025
আমাদের বেড়ে ওঠার খতিয়ান...
The Takiyans ANNUAL REPORT 24-25.pdf