31/10/2026
এখন এ-আই (AI) এর যুগ। ছয় থেকে এক বছরের মাঝে সুপার এ-আই চলে আসবে। তখন আমাদের পৃথিবীটা কেমন হবে, কেউ বলতে পারছে না। আজকে বাংলাদেশে এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে। কয়েকদিন আগে একটা খবর ভাইরাল হয়েছিল।
অ্যামেরিকার জগত বিখ্যাত প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে পিএইচডি করে হাজার হাজার বার অ্যাপ্লিকেশন করেও এক লোকের চাকরি হয় নাই। বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার মত দেশগুলোতে এই খবরটা অন্য যে কোন দেশের চাইতে বেশি ভাইরাল হয়েছে।
দেখুন ইউরোপ অনেক আগেই বদলে গেছে। এখানে আপনার ওই কাগজের সার্টিফিকেট আর দেখা হয় না। আপনি কই থেকে পাশ করেছেন , সেটা দেখার তো প্রশ্নই আসে না। অ্যামেরিকা ও ইংল্যান্ডে বিষয়টা এখনও কিছুটা আছে। তবে কম। আর কন্টিনেন্টাল ইউরোপে নাই বললেই চলে।
আমি ইউরোপের একটা খুব ছোট্ট বিশ্ববিদ্যালয়ে পড়াই। খেয়াল করে দেখেছি, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার পরেই অনেকে ভালো চাকরি পেয়ে যাচ্ছে। অনেকে আর পড়াশুনাই করছে না। আবার অনেক শিক্ষার্থী অনার্স-মাস্টার্স পাশ করেও ভালো চাকরি পাচ্ছে না।
আমি যদিও "ভালো চাকরি" টার্মটাতেই বিশ্বাসী না। ওটা বুর্জোয়াদের তৈরি টার্ম। কিন্তু সমাজে যেটা প্রচলিত, সেই অর্থে বুঝাচ্ছি। এটা কেন হচ্ছে জানেন? যারা চাকরি দিচ্ছে, তাঁরা ডিগ্রী দেখছে না এখন আর। বড় সার্টিফিকেট ওয়ালা একজন লোক যেই কাজ করতে পারে; এ-আই এর চাইতে অনেক ভালো কাজ করতে পারছে।
তাই চাকরির বাজারে এখন তাঁদেরই মূল্য আছে, যারা কিছু করতে পারবে। আপনার অনেক তাত্ত্বিক জ্ঞান আছে, সার্টিফিকেট আছে। এতে কোন ফায়দা নেই। বাংলাদেশের মত গতানুগতিক সমাজে হয়ত এখনও কাগজের সার্টিফিকেটের মূল্য আছে। তবে আজকে যারা এইচএসসি পাশ করেছে। এরা মাস্টার্স পাশ করবে কবে?
আজ থেকে পাঁচ -সাত বছর পর। তখনকার পৃথিবী কেমন থাকবে? স্রেফ পাঁচ-সাত বছর পেছনে ফেরত যান। তখনকার পৃথিবী কেমন ছিল? আপনি কি চাইলেই একটা ওয়েব সাইট নিজে বানাতে পারতেন? না, পারতেন না। এখন এ-আই'কে বললেই ওয়েব সাইট বানিয়ে দিচ্ছে। একটা ক্লাস ফাইভের বাচ্চাও নিজের ওয়েব সাইট বানাতে পারবে। এমন ওয়েব সাইট, যেটা অনেক ভালো ডেভেলপারের পক্ষেও বানানো সম্ভব না।
আপনি কি সাত বছর আগে চাইলেই ইউটিউবের থাম্বেনেইল বানিয়ে ফেলতে পারতেন? না, পারতেন না। আর এখন এ-আইকে বললেই বানিয়ে দিচ্ছে। তাহলে গ্রাফিক ডিজাইনারের তো আর দরকার পড়ছে না!
যেমন ধরেন, আমার লেখা তো অনেক বই আছে। আগে বইয়ের প্রচ্ছদের জন্য প্রকাশকরা কী করতো? একজন আর্টিস্টের কাছে যেত। আর এখন? এ-আইয়ের কাছে যায়!
অন্যান্য সকল সেক্টরেই ব্যাপারগুলো এমন। কাগজের সার্টিফিকেটের কোন মূল্যই চাকরি বাজারে এখন আর নাই। আরেকটা ব্যাপার। ২২ বছর তো ইউরোপে থাকেছি। সমাজ ও রাজনীতি নিয়ে পড়েছি এবং এখন পড়াই। নিয়মিত পত্রিকা পড়তে হয়।
কোন দিন তো সিএনএন, বিবিসি, ওয়াসিংটন পোস্ট কিংবা অন্য কোন নামকরা পত্রিকায় দেখি নাই এই দেশগুলোর "এ-লেভেল", "ও-লেভেল" পরীক্ষার রেজাল্ট নিয়ে, পরীক্ষা নিয়ে বড় রকমের শিরোনাম করেছে।
আমরা ইউরোপের নাগরিকরা তো কেউ জানিই না- কবে পরীক্ষা হচ্ছে, কে ভাল করছে; কিছুই তো জানি না! তাহলে বাংলাদেশের পত্রিকাগুলো কেন রেজাল্ট হলে এভাবে শিক্ষার্থীদের ছবি, ভিডিও সহ রিপোর্ট করে? আবার সেদিন দেখলাম প্রথম আলো- "ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যে প্রথম হয়েছে, সে এখন কোথায় আছে?" এই শিরোনামে একটা রিপোর্ট করেছে।
ভাবখানা এমন- যারা ভর্তি পরীক্ষার তিন হাজার তম হয়ে চান্স পেয়েছিল। এরা কেউ কিছু করছে না! এ কেমন সংস্কৃতি চালু রেখেছেন আপনারা বাংলাদেশে? রাজনীতিবিদ, মিডিয়া আর আমলারা মিলে একটা আস্ত দেশকে ভাগাড় বানিয়ে ফেলেছে।
বাংলাদেশের শাসকগোষ্ঠী এলিট-বুর্জোয়া শ্রেণীর হয়ে থাকে। এরা কোন ভালো কাজ করে না। এদের কাজ নিজেদের সাম্রাজ্য বিস্তার করে। তবে বর্তমান সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, এটাকে স্বাগত জানাই। এইচএসসি পরীক্ষায় কেউ এক বা দুই সাবজেক্টে ফেইল করলে এক মাসের মাঝেই আবার পরীক্ষা দিতে পারবে। এটা খুব ভালো সিদ্ধান্ত হয়েছে।
তবে আমি মনে করি, পরিবারগুলোর এবং শিক্ষার্থীদের উচিত নিজেদেরই ভাবা- কীভাবে ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। সরকার কিছু করবে না, এটা মাথায় রেখেই আগাতে হবে। আমি একজন শিক্ষক (তবে বাংলাদেশের দাস শিক্ষক নই), সেই আমি বলছি- আজ থেকে পাঁচ/সাত বছর পর ওই কাগজের সার্টিফিকেটের দাম পৃথিবীর কোথাও আর থাকবে না।
এখন প্রিন্সটনে পিএইচডি করে চাকরি পাচ্ছে না। এরপর দেখনে- লোকজন অক্সফোর্ড-হার্ভার্ডে পড়তেও যেতে চাইছে না। এখনই ইউরোপ-অ্যামেরিকার সাধারণ বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থী পাচ্ছে না। দিন দিন শিক্ষার্থীর সংখ্যা কমছে। তাই ভবিষ্যৎ নিয়ে ভাবার আগে দুই বার চিন্তা করুন।
আপনি যদি জ্ঞান অর্জনের জন্য পড়াশুনা করতে চান। তাহলে কাগজের সার্টিফিকেটের আর দরকার নাই। এসএসসি পাশ করার পর এখন মোবাইল খুললেই জ্ঞান অর্জন করা যায়। আর আপনি যদি চাকরি পাবার জন্য কাগজের সার্টিফিকেট চান। তাহলে ভুল করছেন। এ-আই এর যুগে সেটা আর হবে না। গ্রামে বসে যেই ছেলেটা ভালো রান্না করতে পারে। আপনি তাঁর ভিডিও দেখছেন। সে কিন্তু ওই অজপাড়া গাঁয়ে বসেও হাজার হাজার ডলার কামাচ্ছে। আর আপনি?
ঢাকা শহরের দামি সার্টিফিকেট নিয়েও চাকরি খুঁজে বেড়াচ্ছেন। এমন কিছু স্কিল শিখুন; যেটা করে আপনি চলতে পারবেন। কারন ভবিষ্যতে "চাকরি" নামের ব্যাপারটা "সোনার হরিণের" পরিবর্তে "হীরার টুকরো" হয়ে যেতে পারে।
Copy # # Islam