11/02/2026
মাস্টারদা সূর্য সেন, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এক সাহসী নাম
১৯৩০ সালের ১৮ এপ্রিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এক দুঃসাহসিক অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রামের এক সাধারণ স্কুলশিক্ষক। সেই শিক্ষকের নাম সূর্য সেন, যিনি ইতিহাসে পরিচিত মাস্টারদা নামে। তিনি পেশায় একজন গণিতের শিক্ষক হলেও তাঁর পরিকল্পনা, সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্ব ছিল অসাধারণ। তাঁর নেতৃত্বে বিপ্লবীরা চট্টগ্রামের টেলিফোন ও টেলিগ্রাফ যোগাযোগ বিচ্ছিন্ন করেন, রেল যোগাযোগে বাধা সৃষ্টি করেন এবং একই রাতে ব্রিটিশদের পুলিশ ও অক্সিলিয়ারি ফোর্সের দুটি অস্ত্রাগারে অভিযান চালান। তৎকালীন দেশীয় আর্মি’র সদস্যরা অস্ত্রাগার দখল করে ব্রিটিশ পতাকা নামিয়ে স্বাধীনতার পতাকা উত্তোলন করেন। তাঁরা অস্থায়ী বিপ্লবী সরকার গঠনের ঘোষণাও দেন। তবে অস্ত্রাগার থেকে পর্যাপ্ত গোলাবারুদ সংগ্রহ করতে না পারায় তাঁদের পরিকল্পনায় বাধা আসে।
পরবর্তী সময়ে জালালাবাদ পাহাড়ে ব্রিটিশ বাহিনীর সঙ্গে বিপ্লবীদের সম্মুখযুদ্ধ হয়। সংখ্যায় ও অস্ত্রশস্ত্রে পিছিয়ে থেকেও বিপ্লবীরা সাহসিকতার সঙ্গে প্রতিরোধ গড়ে তোলেন। এ যুদ্ধ ব্রিটিশবিরোধী আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে আছে। এর আগেও ১৯২৩ সালে বিপ্লবী কর্মকাণ্ডের অর্থ সংগ্রহে রেলওয়ের অর্থবাহী গাড়িতে অভিযানের ঘটনায় সূর্য সেনের নাম আলোচনায় আসে। তাঁর সাংগঠনিক দক্ষতা ও সাহসিকতা তাঁকে বিপ্লবীদের অন্যতম প্রধান নেতায় পরিণত করে। ব্রিটিশ সরকার দীর্ঘদিন তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চালায়। অবশেষে ১৯৩৩ সালের ফেব্রুয়ারিতে বিশ্বাসঘাতকতার সূত্র ধরে গ্রেপ্তার হন মাস্টারদা সূর্য সেন। কারাগারে নির্মম নির্যাতনের পর ১৯৩৪ সালের ১২ জানুয়ারি তাঁকে ফাঁসি দেওয়া হয়। তাঁর নেতৃত্বে প্রীতিলতা ওয়াদ্দেদার ও কল্পনা দত্তের মতো বিপ্লবীরাও স্বাধীনতার সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
#মাস্টারদা_সূর্য_সেন
#সূর্য_সেন
#মাস্টারদা
#চট্টগ্রাম_অস্ত্রাগার_লুণ্ঠন
#চট্টগ্রাম_বিদ্রোহ
#১৮এপ্রিল১৯৩০
#ব্রিটিশবিরোধী_আন্দোলন