01/09/2026
সরকারি কর্তব্য পালনকালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর সদস্যদের মৃত্যুবরণ
গত ৩১ আগস্ট ২০২৬ (সোমবার) রাত আনুমানিক ২১:৩৫ ঘটিকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় দায়িত্ব পালনকালে বিমান বাহিনীর ৭ জন সদস্যকে বহনকারী বিমান বাহিনীর একটি জিপ মর্মান্তিক দুর্ঘটনায় পতিত হয়। দুর্ঘটনার পরপরই বিমান বাহিনীর সদস্যগণ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাঁদের দ্রুত উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকা-তে নিয়ে যান। সিএমএইচ-এর কর্তব্যরত চিকিৎসক বাংলাদেশ বিমান বাহিনীর ৩ জন সদস্য—ওয়ারেন্ট অফিসার সুলতান মাহমুদ, কর্পোর্যাল মনিরুজ্জামান পিয়াস এবং এলএসি মোঃ জুবাইদুল ইসলাম-কে মৃত ঘোষণা করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। উক্ত দুর্ঘটনায় গুরুতর আহত বাংলাদেশ বিমান বাহিনীর অপর ৪ জন সদস্য বর্তমানে সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সকল গুরুত্বপূর্ণ বিমানবন্দরসমূহে In Aid To Civil Power এর আওতায় বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যগণ অদ্যাবধি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, যাত্রীবৃন্দের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত ও সার্বিক নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে পেশাদারিত্বের সাথে নিরলস দায়িত্ব পালন করে চলেছেন।
আমরা যারা বিমান পরিষেবা সাথে এবং এয়ারপোর্ট সংক্রান্ত ব্যবসার সাথে জড়িত তাদের পক্ষ থেকে এই মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করছি। একই সঙ্গে উক্ত দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হচ্ছে। দেশের সকল পরিস্থিতিতে সম্মানিত সামরিক সদস্যদের আত্মত্যাগ এবং সকল স্থানে তাদের এই অনুপস্থিতি যাতে কাটিয়ে উঠতে পারি মহান আল্লাহ তায়ালা আমাদেরকে সেই তৌফিক দান করুন।